Ajker Patrika

জাবি শিক্ষার্থী নিখোঁজ, কক্ষে ‘সুইসাইড নোট’, বিভাগে তালা দিয়ে সহপাঠীদের বিক্ষোভ

জাবি প্রতিনিধি 
জাবি শিক্ষার্থী নিখোঁজ, কক্ষে ‘সুইসাইড নোট’, বিভাগে তালা দিয়ে সহপাঠীদের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাজী মুহাইমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তাঁর সন্ধান চেয়ে নিখোঁজ বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিখোঁজ শিক্ষার্থী ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৫০ ব্যাচ) শিক্ষার্থী কাজী মুহাইমিনুল ইসলাম। আবাসিক হলে তাঁর কক্ষ থেকে ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যার দিকে ওই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। সর্বশেষ তাঁকে বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ঢাকাগামী বিআরটিসি বাসে উঠতে দেখা গিয়েছিল।

নিখোঁজের বিষয়টি জানতে পারার পরে তাঁর কক্ষে গিয়ে হাতে লেখা কয়েকটি চিঠি পাওয়া যায় বলে জানিয়েছেন সহপাঠীরা। চিঠিগুলোতে হতাশা, পারিবারিক ও শিক্ষাজীবন সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং নিজের জীবন নিয়ে চরম হতাশার ইঙ্গিত পাওয়া গেছে বলে তাঁরা জানান।

ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী ও মুহাইমিনের সহপাঠী মিম বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে খবর পাই মুহাইমিনকে পাওয়া যাচ্ছে না। এরপর তার রুমে গিয়ে আমরা হাতে লেখা চিঠি পাই। এরপর থেকে আমরা সবাই মিলে তাকে খুঁজে বের করার চেষ্টা করছি।’

একাডেমিক বিষয়ে মুহাইমিনের কারও সঙ্গে কোনো বিরোধ বা অভিমানের কোনো বিষয় ছিল না কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ ধরনের কোনো সমস্যার কথা জানি না। তবে চতুর্থ বর্ষের একটি কোর্সে তার ফেল এসেছিল। এ কারণে চলতি বছর ওই কোর্সের রিটেক পরীক্ষা দেওয়ার কথা ছিল। পাশাপাশি সে প্রায় ছয় মাস ধরে মাস্টার্সের ক্লাসও করছিল। বিষয়টি তাকে মানসিকভাবে কতটা প্রভাবিত করেছে, তা আমরা নিশ্চিতভাবে বলতে পারছি না।’

এ বিষয়ে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. হুসাইন মো. সায়েমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান চেয়ে জরুরি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিখোঁজ মোহাইমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের আবাসিক শিক্ষার্থী। তিনি হলের ‘এ’ ব্লকের ১১০ নম্বর কক্ষে থাকতেন। গতকাল রোববার বিকেল ৩টা ৮ মিনিটে তাঁকে হলের সামনে থেকে ঢাকাগামী বিশ্ববিদ্যালয়ের বিআরটিসি বাসে উঠতে দেখা যায়। পরে তাঁর আবাসিক কক্ষে একটি সুইসাইড নোট পাওয়া যায়। এরপর থেকে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাঁর বর্তমান অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সাভার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনকে বিষয়টি জরুরিভাবে বিবেচনার জন্য অবহিত করা হয়েছে।

এ ছাড়া সুইসাইড নোটে উল্লেখিত বিভাগীয় অবহেলার অভিযোগের বিষয়ে তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নিখোঁজ শিক্ষার্থীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিমের ০১৭১৪০১২৩১৫ নম্বরে অথবা নিরাপত্তা কর্মকর্তা মো. জেফরুল হাসান চৌধুরীর ০১৭১২৬৭৪৫৫৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে এই ঘটনার জের ধরে ৮ দফা দাবিতে ভূতাত্ত্বিক বিভাগে তালা দিয়েছেন বিভাগের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবিগুলো হলো: মোহাইমিনুলকে খুঁজে বের করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং ১২ ঘণ্টার মধ্যে অনুসন্ধান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানাতে হবে; মোহাইমিনুলের এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কোনো শিক্ষকের অবহেলা বা দায় রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে এবং এই ঘটনায় শিক্ষকদের ভূমিকা ও দায়িত্ব পালনে কোনো অবহেলা হয়েছে কি না, তারও তদন্ত এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে; বিভাগের চেয়ারম্যান হোসাইন মো. সায়েম এবং শিক্ষার্থী কল্যাণ উপদেষ্টা আবু সাদাত মো. সায়েমকে পদত্যাগ করতে হবে; জিএস-৪০৪ কোর্সের মোহাইমিনুলের উত্তরপত্র পুনর্মূল্যায়ন করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষককে মূল্যায়ন প্রক্রিয়া সম্পর্কে জবাবদিহির আওতায় আনতে হবে; নির্দিষ্ট কোনো শিক্ষার্থী বা ব্যাচকে লক্ষ্য করে হয়রানি বা বৈষম্যমূলক আচরণ বন্ধ করতে হবে; দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের দায়িত্ব পালনের সময় ক্যাম্পাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে; বিভাগের ছাত্র-সংসদ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নিতে হবে; শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করতে হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হালিম বলেন, ‘আমরা বিষয়টি জানার পরপরই থানায় জিডি করেছি। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তার মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে তাকে খুঁজে বের করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত