Ajker Patrika

ফটিকছড়ির মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪

ফটিকছড়ি প্রতিনিধি
ফটিকছড়ির মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ৪
মন্দিরে চুরির ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার বিনাজুরি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মন্দির থেকে চুরি যাওয়া বিভিন্ন পূজার সামগ্রী উদ্ধার করা হয়েছে। তবে স্বর্ণালংকার উদ্ধার হয়নি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার দাউদকান্দি থানার কালাকুনা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইউসুফ (৩২), ফটিকছড়ির উত্তর ধুরুং ছিদ্দিক চৌকিদার বাড়ির রফিকুল আলমের ছেলে মো. হাশেম (৪২), ফটিকছড়ি পৌরসভার হামযার টিলার মৃত বেলায়েত হোসেনের ছেলে মো. সাহাব উদ্দিন (৪১) এবং নগরের ষোলশহর চন্দ্রপুর এলাকার মৃত জামির হোসেনের ছেলে রুহুল আমিন (২৯)।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান বলেন, ‘বুধবার রাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে মন্দির থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে। তবে স্বর্ণালংকার এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।’

রবিউল আলম খান বলেন, ফটিকছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া চুরির ঘটনাগুলো নিয়েও পুলিশের ছায়াতদন্ত চলছে।

গত মঙ্গলবার রাতে লেলাং ইউনিয়নের শাহনগর বণিকপাড়ার শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে চুরির ঘটনা ঘটে। দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে তিনটি ঘট, ঘটের সঙ্গে থাকা তিনটি স্বর্ণের চেইন ও তিনটি স্বর্ণের লকেটসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে যায়।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, চুরি যাওয়া স্বর্ণালংকারের ওজন আনুমানিক দুই থেকে আড়াই ভরি। পূজার জন্য রাখা অন্যান্য সামগ্রীও নিয়ে যায় চোরেরা।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মসজিদ ও মন্দিরের দানবাক্সসহ অন্যান্য মালামাল চুরির সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। চুরির ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত