Ajker Patrika

টাকা না পেয়ে তৃতীয় লিঙ্গের নেত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
টাকা না পেয়ে তৃতীয় লিঙ্গের নেত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার আব্দুল মোমেন ওরফে রনি শেখ। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীতে তৃতীয় লিঙ্গের একটি অংশের নেত্রী মৌসুমি হিজড়াকে (৫২) শ্বাসরোধে হত্যার অভিযোগে আব্দুল মোমেন ওরফে রনি শেখ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, টাকা চেয়ে না পেয়ে মৌসুমিকে হত্যা করেন রনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) রনিকে গ্রেপ্তারের পর হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়ার কথা জানায় পুলিশ। পরে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রনি শেখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম।

গ্রেপ্তার রনি শেখ চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সব্দলপুর গ্রামের বাসিন্দা। চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার পাঠানপাড়ায় ফাল্গুনী হিজড়া নামে আরেক নেত্রীর বাসায় থাকতেন তিনি।

এর আগে শনিবার সকালে নগরের খুলশী থানার আমবাগান রেলওয়ে কলোনিসংলগ্ন হাসান কলোনির একটি বাসা থেকে মৌসুমি হিজড়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা না গেলেও তাঁর গলায় জখমের চিহ্ন দেখে হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে।

পুলিশ জানায়, মৌসুমির মৃত্যুর আগে সিসিটিভি ফুটেজে সাদা শার্ট পরা এক যুবককে তাঁর ঘর থেকে বের হতে দেখা যায়। পরে তদন্তে ওই যুবক হিসেবে রনি শেখকে শনাক্ত করা হয়।

খুলশী থানার ওসি মো. আব্দুর রহিম বলেন, মৌসুমি হিজড়ার সঙ্গে রনির আগে থেকেই পরিচয় ছিল। তিনি বিভিন্ন সময় তাঁর বাসায় যাতায়াত করতেন। রনি মাদক সেবন ও অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন এবং বিভিন্ন সময়ে মৌসুমির কাছ থেকে টাকা নিতেন।

ওসি বলেন, হত্যাকাণ্ডের দিনও টাকা নেওয়ার জন্য মৌসুমির বাসায় যান রনি। টাকা না দেওয়ায় দুজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পায়জামার সুতা দিয়ে মৌসুমির গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে রনি পালিয়ে যান বলে পুলিশকে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে স্বীকার করেছেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন রনি। পরে তাঁকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়।

পুলিশ, হিজড়া সম্প্রদায়ের সদস্য ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌসুমি দীর্ঘদিন ধরে মাসুদ কলোনি এলাকায় বসবাস করতেন। হিজড়া সম্প্রদায়ের একটি দলের প্রধান হিসেবে ‘গুরু মা’ নামে পরিচিত ছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়।

আমবাগান এলাকায় বসবাসের পাশাপাশি বাসার পেছনে গরুর খামার পরিচালনা করতেন মৌসুমি। হত্যাকাণ্ডের আগের দিন তিনি খামারের একটি গরু বিক্রি করেন। ওই গরু বিক্রির টাকা বাসায় রেখেছিলেন তিনি। পরদিন আরও গরু কেনার কথা ছিল তাঁর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে শুক্রবার দিবাগত রাত ১টা ১৪ মিনিটে রনি শেখকে মৌসুমির ঘরে প্রবেশ করতে দেখা যায়। প্রায় তিন ঘণ্টা পর রাত ৩টা ৫২ মিনিটে তাকে ওই ঘর থেকে বের হতে দেখা যায়।

মরদেহ উদ্ধারের সময় মৌসুমির ঘর থেকে গরু বিক্রির নগদ টাকা ও তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন পাওয়া যায়নি। এসব বিষয়ও তদন্ত করে দেখছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত