Ajker Patrika

ক্লাস চলাকালে ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, প্রাণে বাঁচল খুদে শিক্ষার্থীরা

কিশোরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৯ জুন ২০২৬, ১৮: ৫৯
ক্লাস চলাকালে ছাদ থেকে খসে পড়ল চলন্ত ফ্যান, প্রাণে বাঁচল খুদে শিক্ষার্থীরা
ছাদ থেকে চলন্ত ফ্যান পড়ে যাওয়ায় আতঙ্কিত স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি: আজকের পত্রিকা

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ছাদের পলেস্তরাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা খুলে পড়ে। আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে প্রথম শ্রেণির কক্ষে এ ঘটনা ঘটে। এতে কেউ আহত না হলেও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

বিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতোই আজ সকালে প্রথম শ্রেণির কক্ষে পাঠদান চলছিল। একপর্যায়ে হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তরা খসে পড়ে এবং ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটি ছিঁড়ে সরাসরি মেঝেতে আছড়ে পড়ে। তবে পাখাটি শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ায় কেউ হতাহত হয়নি।

ঘটনার পর মুহূর্তের মধ্যে শ্রেণিকক্ষে ধুলোবালি ছড়িয়ে পড়ে এবং আতঙ্ক ছড়িয়ে যায় শিক্ষার্থীদের মধ্যে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক বলেন, ‘আল্লাহর অশেষ রহমত যে পাখাটি ফাঁকা জায়গায় পড়েছে। আর মাত্র কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলেই আজ আমাদের সন্তানদের লাশ নিয়ে বাড়ি ফিরতে হতো। এই ঘটনার পর সন্তানদের স্কুলে পাঠাতে ভয় লাগছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, একই শ্রেণিকক্ষের ছাদে আরও একটি বৈদ্যুতিক পাখা ঝুলছে, যার চারপাশের পলেস্তরার অবস্থাও ঝুঁকিপূর্ণ। শিক্ষক ও অভিভাবকেরা আশঙ্কা করছেন, সেটিও যেকোনো সময় ধসে পড়তে পারে।

চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,`পাঠদান চলাকালে হঠাৎ করেই ছাদের পলেস্তরাসহ বৈদ্যুতিক পাখাটি খুলে পড়ে। আল্লাহর রহমতে শিক্ষক বা শিক্ষার্থীদের গায়ে সেটি লাগেনি, সবাই অক্ষত আছে। আমি দুর্ঘটনার পর কক্ষের ভিডিও ধারণ করেছি এবং বিষয়টি নিয়ে জরুরি আলোচনার জন্য উপজেলা সদরে এসেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা আখতার মহোদয়কে বিষয়টি অবহিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।'

ঘটনার পর বিদ্যালয়টির জরাজীর্ণ ভবন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। ভুক্তভোগী অভিভাবকেরা ঝুঁকিপূর্ণ অংশ পরীক্ষা ও জরুরি সংস্কারের দাবি জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত