
ঈদের আগের দিন বন্ধ করে দেওয়া রাজধানীর মগবাজারের শাখাটি বাদে সব শাখা চালুর ঘোষণা দিয়েছে ‘নবীন ফ্যাশন’। আজ বুধবার প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে জানানো হয়, বাকি শাখাগুলো এখন থেকে চালু থাকবে এবং সেগুলোতে ১৫ দিনের ঈদ উৎসব চলবে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার শাখা বন্ধ থাকলেও দেশের অন্যান্য সব শাখা চালু থাকবে। পাশাপাশি ক্রেতাদের জন্য বিভিন্ন আকর্ষণীয় অফারও রাখা হয়েছে। কুমিল্লার দেবিদ্বারের সংসদ সদস্য ও এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এ বিষয়ে সহায়তা করেছেন বলে জানায় প্রতিষ্ঠানটি।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ার কারণে এবারের ঈদ আনন্দ উৎসব কিন্তু চলবে ১৫ দিন। ইনশা আল্লাহ।’
পোস্টে আরও বলা হয়, ‘জনাব হাসনাত আবদুল্লাহ এমপি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি জনাব হেলাল সাহেবের উদ্যোগে মগবাজার শাখা ব্যতীত অন্যান্য শাখা চালুসহ আকর্ষণীয় অফার নিয়ে এসেছে নবীন ফ্যাশন।’
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, ‘ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভের মাধ্যমে ঈদ উৎসব জানাবেন ইনশা আল্লাহ।’
কম দামে পাঞ্জাবি বিক্রির কারণে আউটলেট বন্ধ করে দেওয়া নিয়ে বেশ আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। গতকাল মঙ্গলবার দেশ ছাড়েন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি। ফেসবুকে একটি ছবি পোস্ট করে নবীন হাশেমি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব ইনশা আল্লাহ।’
এর আগে বিকেলে মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবীন হাশেমি অভিযোগ করেন, ঈদ সামনে রেখে কম দামে পাঞ্জাবি বিক্রি করায় তাঁদের দোকানে মব সৃষ্টি করা হয় এবং পুলিশ দিয়ে জোরপূর্বক দোকান বন্ধ করে দেওয়া হয়।
তিনি আরও জানান, কয়েক দিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল। হুমকিদাতারা তাঁকে ব্যবসা-সংক্রান্ত ভিডিও মুছে ফেলতে বলেন; অন্যথায় তাঁর অন্যান্য ব্যবসাও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়।
নবীন হাশেমি জানান, প্রবাসজীবন শেষে করোনাকালে দেশে ফিরে তিনি এই উদ্যোগ শুরু করেন। তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল কম দামে মানসম্মত পোশাক সরবরাহ করা এবং এর আয় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা। প্রতিষ্ঠানটিতে প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, সরবরাহকারীদের কাছ থেকে কম দামে পণ্য পাওয়ায় তাঁরা মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি-পায়জামা বিক্রি করতে সক্ষম হন। তবে এতে ক্ষুব্ধ হয়ে আশপাশের কিছু ব্যবসায়ী সিন্ডিকেট—যার মধ্যে ‘প্রিন্স’ নামের একটি দোকানের মালিক মাইকেলও রয়েছেন—পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হয়রানি করে। বিষয়টি হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজাকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে সমঝোতায় যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নবীন হাশেমি বলেন, নানা বাধা ও চাপের মধ্যে তাঁরা ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলেও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
নবীন হাশেমি আরও অভিযোগ করেন, ওই মার্কেটে পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকার নিচে এবং পায়জামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি না করার অলিখিত চাপ ছিল।

রংপুর মহানগরীকে যানজটমুক্ত করতে অবৈধ দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়েছে। আজ বুধবার রংপুর সিটি করপোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বে নগরীর সিটিবাজার এলাকায় এই অভিযান চালানো হয়।
১৯ মিনিট আগে
পটুয়াখালীর বাউফল উপজেলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারটিতে থাকা দুই শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে ট্রলারে ধাক্কা দেওয়ার ঘটনায় এমভি আওলাদ-৭ নামের লঞ্চটির রুট পারমিট স্থগিত করেছে বাংলাদেশ...
২৯ মিনিট আগে
‘আমরা নির্বাচিত সরকার হিসেবে মনে করি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আমরা এটা করতে চাই। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে একটু সময় লাগছে।’
৩৬ মিনিট আগে
সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিনটি বাস কাউন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডারমোড় এলাকায় আদালত পরিচালনা করে এই জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে