
কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের গুদামরক্ষক আলমগীর হোসাইনের বিরুদ্ধে পাটবীজ বিক্রি নিয়ে নয়ছয়ের অভিযোগ উঠেছে। প্রকৃত কৃষকদের কাছে বীজ বিক্রি না করে নিজের ঘনিষ্ঠজন ও প্রভাবশালী চক্রের (সিন্ডিকেট) কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে ওই গুদামরক্ষকের বিরুদ্ধে। এতে বপন মৌসুমে কাঙ্ক্ষিত বীজ না পেয়ে বিপাকে পড়েছেন সাধারণ চাষিরা।
কৃষকদের অভিযোগ, গুদামরক্ষক নিজের লোকদের মাধ্যমে বেশি দামে বাইরে পাটবীজ বিক্রি করে দিয়েছেন। ক্ষুব্ধ কৃষকেরা আজ সোমবার (২ মার্চ) বেলা ১টার দিকে পাটবীজ না পেয়ে কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অবরুদ্ধ করে রাখা হয় গুদামরক্ষক আলমগীরকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, পাটজাতীয় ফসলের বীজ বিক্রির নির্ধারিত দিন ছিল আজ। ভোর থেকে কৃষকেরা সারিবদ্ধ হয়ে গুদামের সামনে অপেক্ষা করতে থাকেন। সকাল থেকেই বীজ বিক্রি শুরু হয়। কৃষকদের অভিযোগ, নামমাত্র কিছু নিজেদের ঘনিষ্ঠ লোকের কাছে বীজ বিক্রি করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন গুদামরক্ষক আলমগীর। পরে কৃষকেরা গুদামে বীজ রয়েছে বলে গুদামরক্ষক আলমগীরকে চ্যালেঞ্জ করেন।
একপর্যায়ে কৃষকেরা আলমগীরকে সঙ্গে নিয়ে গুদামে ঢুকে ৯ মণ (৯ বস্তা) পাটবীজ দেখতে পান। বিষয়টি নিয়ে কৃষকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান আলমগীর। পরে কৃষকদের পুলিশের ভয় দেখান। কিছুক্ষণ পর শতাধিক কৃষক একত্র হয়ে আলমগীরকে ধাওয়া দেন। পরে কৃষকেরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে গুদামরক্ষক আলমগীরকে অবরুদ্ধ করে রাখেন।
পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্র সূত্রে জানা গেছে, কেন্দ্রের গুদামে ১ হাজার ৩৮০ কেজি পাটবীজ মজুত ছিল। এর মধ্যে ৯০০ কেজি এইচসি-৯৫ জাতের বীজ বিক্রি করা হয়েছে। বাকি ৪৮০ কেজি গবেষণার জন্য রাখা হয়। তবে কৃষকেরা বলছেন, ২ কেজি করে সর্বোচ্চ ১৫০ জন লোকের কাছে পাটবীজ বিক্রি করা হয়েছে।

সদর উপজেলার নীলগঞ্জ গ্রামের কৃষক আব্দুল মোতালিব বলেন, ‘আমরা ফজরের নামাজ পড়ে বীজ কিনতে এসেছি, কিন্তু পাইনি। সিন্ডিকেটের মাধ্যমে বেশি দামে বীজ বিক্রি করে দিয়েছেন গুদামরক্ষক। যাঁরা প্রকৃত কৃষক, তাঁরা পাননি।’
সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কৃষক রমজান আলী বলেন, ‘তারা (গুদাম কর্তৃপক্ষ) বলছে, বীজ নাই। পরে আমরা গুদামের ভেতরে গিয়ে দেখার অনুরোধ করি। গুদামের ভেতর গিয়ে দেখি, ৯ বস্তা এইচসি পাটবীজ পড়ে আছে। বিষয়টি নিয়ে কথা বললে গুদামরক্ষক আলমগীর আমাকে ধাক্কা দিয়ে বের করে দেন।’
করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামের কৃষক আবুল হাশেম বলেন, ‘বীজ দেবে দেবে বলে আমাদের দীর্ঘদিন ধরে ঘুরাচ্ছে। আজ বীজ দেবে বলে ডেকে আনে। পরে দুপুরের দিকে বলে বীজ নাই, আপনারা চলে যান। মূলত আমাদের জন্য বরাদ্দ করা বীজ বাইরে বিক্রি করে দিয়েছে।’
জঙ্গলবাড়ি গ্রামের কৃষক আরজু মিয়া বলেন, ‘বীজ বিক্রির একপর্যায়ে তারা (কর্তৃপক্ষ) বলে, বীজ শেষ হয়ে গেছে। আমরা ভেতরে গিয়ে দেখি ৯ বস্তা বীজ রয়েছে এবং তিন-চার বস্তা প্যাকেট করা বীজ রয়েছে। তখন আমরা বলি, আমাদের বীজ দিতে হবে। এই কথা শুনে আলমগীর আমাদের ধাক্কা দিয়ে বের করে দেন এবং পুলিশ দিয়ে আমাদের লাঠিপেটা করাবেন বলে ভয় দেখান।’
করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও কৃষক আব্দুল জলিল বলেন, ‘সরকারিভাবে যে পাটবীজ আমরা ২২০ টাকা থেকে ২৮০ টাকায় পাই, একই বীজ বাইরে কিনতে গেলে ৫০০ থেকে ৬০০ টাকা লাগে। তিন দিন ধরে ঘুরছি সরকারি বীজ কিনতে, কিন্তু পেলাম না। আমার মতো (ইউপি সদস্য) মানুষেরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ কৃষকদের কী অবস্থা হয়েছে, তা চিন্তা করে দেখেন।’
অভিযোগের বিষয়ে গুদামরক্ষক আলমগীর হোসাইন বলেন, ‘আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। কৃষকেরা আমাকে ভুল বুঝেছেন।’
কিশোরগঞ্জ পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘যদি আমার অফিসের কারও বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চাঁদপুরের কচুয়া উপজেলার বেরকোটা গ্রামে নিখোঁজের পরের দিন নাদিয়া আক্তার (৬) নামের এক শিশুর লাশ উদ্ধার হয়েছে। আজ সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে বাড়ির পাশের পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা।
১৮ মিনিট আগে
সাতক্ষীরার শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনিরের ওপর হামলার অভিযোগ উঠেছে যুবদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ-সংলগ্ন প্রেসক্লাব ভবনে এই হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা তাঁকে মারতে মারতে ভবনের বাইরে নিয়ে যায়। খবর পেয়ে শ্যামনগর থানার পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে...
৩৩ মিনিট আগে
কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে উম্মে সিজ্জিল ইফতি (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারেন।
৩৪ মিনিট আগে
রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি রাখা হয়েছে। আজ সোমবার দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এ দুর্ঘটনা ঘটে...
৩৮ মিনিট আগে