রাজধানীর যাত্রাবাড়ীতে অটোরিকশা গ্যারেজে ঢুকে গুলি করে সাগর খান ওরফে ইমরান (৩৮) হত্যা এবং তাঁর বন্ধু সাদ্দামকে গুলি ও কুপিয়ে জখমের ঘটনায় গ্রেপ্তার তিন আসামিকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিদ্দিক আজাদ তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন—রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ, মো. কামরুল হাসান ও মো. সাইফুল হোসেন।
রিমান্ড শেষে আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে রিয়াজুল ইসলাম রিয়াজ ও কামরুল হাসানের সঙ্গে অটোরিকশা ব্যবসায়ী সাগর খান ওরফে ইমরানের বিরোধ চলছিল।
এর জেরে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রিয়াজ ও কামরুলসহ অজ্ঞাতনামা কয়েকজন মোটরসাইকেলে করে কালো হেলমেট পরা অবস্থায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে ইমরানের গ্যারেজে ঢোকেন। সেখানে তাঁরা এলোপাতাড়ি গুলি ছোড়েন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে রিয়াজ পেছন থেকে ইমরানের মাথায় গুলি করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে ইমরানের বন্ধু সাদ্দামকে মারধর করা হয়। তিনি পালানোর চেষ্টা করলে রিয়াজ তাঁর বাম পায়ে গুলি করেন। পরে অন্য আসামিরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
পরে স্থানীয়রা ইমরান ও সাদ্দামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। সাদ্দামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়, হামলাকারীরা ইমরানের কাছ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল এবং সাদ্দামের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যান।
এ ঘটনায় ইমরানের স্ত্রী ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। পরে মামলার তদন্তে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়। এর আগে তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর ভয়াবহ ভাঙনে একের পর এক বিলীন হচ্ছে বসতভিটা, ফসলি জমি ও শিক্ষাপ্রতিষ্ঠান। ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আরও কয়েকটি বিদ্যালয় রয়েছে ভাঙনের ঝুঁকিতে। ভবন হারিয়ে কোথাও খোলা আকাশের নিচে, আবার কোথাও ছাপড়ার নিচে চলছে শিশুদের পাঠদান। এতে
১৬ মিনিট আগে
‘ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, সর্বসাধারণের ব্যক্তিগত সচেতনতা অত্যন্ত জরুরি। বাসাবাড়ির ফুলের টব, ডাবের খোসা, ব্যবহৃত পাত্র বা পরিত্যক্ত টায়ারে যেন পানি জমে না থাকে, সেদিকে খেয়াল রাখা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’
১ ঘণ্টা আগে
বরিশালের হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। আজ শনিবার হাসপাতালের জীর্ণশীর্ণ ও ঝুঁকিপূর্ণ পরিত্যক্ত ভবন দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে সেখানকার চিকিৎসাসেবা অন্যত্র স্থানান্তরের নির্দেশ
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ের আটোয়ারী থেকে রংপুরে কাজের উদ্দেশে বের হন মতিউর রহমান (২৬)। পরে আজ বিকেলে রংপুরের কাউনিয়ায় একটি বেইলি ব্রিজের নিচে পানিতে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয়রা। হাসপাতালে নেওয়ার পর পুলিশ প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় শনাক্ত করে।
১ ঘণ্টা আগে