Ajker Patrika

আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট। ছবি: আজকের পত্রিকা

জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করে আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্টে শুভেচ্ছা বক্তব্যে এ আহ্বান জানানো হয়।

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জুলাই বিপ্লবে আত্মাহুতি দেওয়া এবং নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্নে জীবন উৎসর্গ করা শহীদদের প্রতি তিনি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নিহতদেরও স্মরণ করেন।

কায়সার কামাল বলেন, আজ নতুন করে শপথ নিতে হবে। আধিপত্যবাদী ও সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে মুক্ত বাংলাদেশকে আরও এগিয়ে নিতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাইয়ের সব শহীদ, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমসহ আন্দোলনে নিহত সবাই এবং আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে।

নাহিদ ইসলাম বলেন, ২০২৪ সালের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নেমে আসা শিল্পী ও সাংস্কৃতিক কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। তাঁদের অবদান দেশের মানুষ স্মরণ রাখবে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

কনসার্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘বর্ষা বিপ্লবের দ্বিতীয় বর্ষে এসে আমি শুধু একটি কথাই বলতে চাই—বর্ডারের ওপাশ থেকে দেখা না দিলে বন্ধু, কথা কইয়ো না।’

হাসনাত আরও বলেন, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এমন একটি পরিবর্তিত বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে সবার মানবিক মর্যাদা নিশ্চিত হবে এবং সমাজ ন্যায়বিচারের ভিত্তিতে পরিচালিত হবে। সবার অংশগ্রহণে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান ৷

এদিন বিকেলে বৃষ্টি উপেক্ষা করে কনসার্টে জড়ো হন হাজারো মানুষ। এনসিপির সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক শক্তির সদস্যসচিব ঋআজ মোর্শেদ ও তাঁর দলের গান পরিবেশনের মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। জুলাই গণ-অভ্যুত্থানে বিজয়ের দিন উদ্‌যাপনের লক্ষ্যে এই কনসার্টের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে সংশ্লিষ্ট মুনসুন কালচারাল অ্যালায়েন্স।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ঐতিহাসিক ‘৩৬ জুলাই’-এর চেতনাকে সামনে রেখে এই আয়োজন করা হয়েছে।

কনসার্টে গান পরিবেশন করেন পারসা মাহজাবীন, সেজান, কুঁড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর ও আর্ক (হাসান), ব্যান্ডদল শিরোনামহীন ও আর্টসেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত