
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং ১ নম্বর মন্দিরাছড়া ত্রিপুরাপাড়ায় দুই আঞ্চলিক সশস্ত্র দলের সংঘাতের মধ্যে পড়ে কস্মিকা ত্রিপুরা (৮) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ কস্মিকা ত্রিপুরা স্থানীয় মন্দিরাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে উলেন্দ্র ত্রিপুরা ও মনিকা ত্রিপুরা দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ সকালে মাচালং এলাকার মন্দিরাছড়ায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র সদস্যদের মধ্যে আকস্মিক বন্দুকযুদ্ধ শুরু হয়। সে সময় কস্মিকা নিজেদের ঘরের ভেতরেই ছিল। হঠাৎ একটি গুলি ঘরের বেড়া ভেদ করে তার বাঁ হাতে বিদ্ধ হয়।
স্থানীয় লোকজন ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে মাচালং বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে তার হাত থেকে গুলিটি বের করা হয়।
সাজেক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জৌপৈই থাং ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘরে অবস্থানকালে শিশুটি হঠাৎ গুলিবিদ্ধ হয়। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ ত্রিপুরা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটি এ ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়, পাহাড়ে আঞ্চলিক দলগুলোর আধিপত্য বিস্তারের সংঘাত সাধারণ মানুষের জীবনকে প্রতিনিয়ত বিপন্ন করে তুলছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিবৃতিতে অবিলম্বে এ ধরনের সশস্ত্র সহিংসতা বন্ধ, গুলিবিদ্ধ শিশুর সুচিকিৎসা নিশ্চিত এবং পাহাড়ে সাধারণ নাগরিকদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপের আহ্বান জানানো হয়।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা শুনেছি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
৩ মিনিট আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
৬ মিনিট আগে
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন উপাচার্যকে বরণ করতে গিয়ে শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে হেনস্তা, হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
৮ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে মাদক সেবনের দায়ে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শুভাঢ্যা ইউনিয়নের কালীগঞ্জ এলাকার শাকিল (২১), খেজুরবাগ এলাকার মাসুদুর মাউলা (২৪) ও শাহ আলম (৪৪)।
১১ মিনিট আগে