
রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেলের পার্কিংয়ে জাকির ও মিজানুরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। তাঁরা জানান, জাকিরকে যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা বলে ২৫ লাখ টাকা নিয়েছিল এক দালাল। কিন্তু তাঁকে শ্রীলঙ্কায় নিয়ে অবৈধ পথে পাঠানোর চেষ্টা করেছিল। পরিবার আরও টাকাপয়সা দিয়ে তাঁকে ফেরত আনতে সক্ষম হয়। জাকির সেই টাকা আর তুলতে পারেননি। গত রোববার (১০ আগস্ট) টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু পরদিন গতকাল সোমবার তাঁর লাশ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে নিহত ব্যক্তির স্বজনেরা এসব কথা বলেন। নোয়াখালীর চাটখিল উপজেলার লটপটিয়া গ্রামের আবু তাহেরের ছেলে জাকির হোসেন। আর দক্ষিণ গোমাতলী গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে মিজানুর। তাঁরা বন্ধু ছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
নিহত মিজানুরের ভাগিনা মো. রিয়াদ বলেন, ‘আমার মামা আগে গ্রামে বালুর ব্যবসা করতেন। সেই ব্যবসা বাদ দিয়ে আপাতত মাছের খামার করছিলেন। তিনি কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। জাকির আর মিজানুর দুই বন্ধু। জাকির প্রাইভেট কার চালাতেন, আর প্রায়ই মিজানুরকে সঙ্গে নিয়ে যেতেন, তাঁকেও গাড়ি চালানো শেখাতেন। গত শনিবার রাতে তাঁরা দুজন, গাড়ির মালিক ও মালিকের স্ত্রীর বড় ভাই (সম্বন্ধী) গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন। মালিকের সম্বন্ধীর ওই দিন রাতে বিদেশের ফ্লাইট ছিল। বিমানবন্দর থেকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে আসেন জাকির ও মিজান। একজন রোগী নিয়ে পরদিন গ্রামে ফেরার কথা ছিল। এরপর কী হয়েছে, আমরা জানি না। তবে তাঁকে মেরে ফেলা হয়েছে, এটা বুঝতে পারছি।’
জাকিরের বাবা মো. আবু তাহের বলেন, ‘আমার ছেলের কারও সঙ্গে কোনো ঝগড়াঝাঁটিতে নাই। কোনো রাজনীতির সঙ্গেও জড়িত না। কারা তাকে মেরেছে, তা-ও জানি না। তবে দুই বছর আগে আমেরিকায় যাওয়ার জন্য এলাকার এক দালালকে টাকা দিয়েছিলাম। সেই দালাল তাদের নিয়ে এসেছিল ঢাকায় পল্টনে এক ট্রাভেল এজেন্সির ফজলু নামের এক ব্যক্তির কাছে। সব মিলিয়ে তখন প্রায় ২৫ লাখ টাকা দেওয়া হয়েছিল। এরপর জাকিরকে শ্রীলঙ্কা নিয়ে গিয়েছিল। সেখান থেকে অবৈধ পথে আমেরিকায় পাঠানোর কথা ছিল, তবে পারেনি। এরপর আরও কিছু টাকা দিয়ে তাকে আমরাই দেশে ফেরত আনি।’
আবু তালেব আরও বলেন, ‘এর পর থেকে ফজলুর কাছে সেই টাকা ফেরত চাইতে গেলে সে কিছুদিন পর টাকা ফেরত দেবে বলে জানায়। এরপর বহুবার তার পেছনে ঘুরেও টাকা ফেরত পাচ্ছিলাম না। এই টাকা চাওয়ার কারণে তারা আমার ছেলেকে একবার মারধরও করেছিল। সবশেষ কিছুদিন আগে এলাকায় দালালের সঙ্গে কথা হয় এবং স্ট্যাম্পে সই করে যে চলতি মাসের ১০ তারিখে সেই টাকা ঢাকায় এজেন্সিতে এসে ফেরত দেবে। কিন্তু ওই ১০ তারিখেই জাকিরকে মেরে ফেলা হয়েছে। এ ঘটনা তারাই ঘটিয়েছে বলে আমাদের ধারণা। তারা ছাড়া আর কেউ এটি করতে পারে না।’
প্রাইভেট কারের মালিক জোবায়েদ আল মাহমুদ সৌরভ জানান, নিহত দুজন ও তাঁদের বাড়ি একই উপজেলায়। ১১ বছর ধরে গাড়ির ব্যবসা করেন তিনি। তিন মাস ধরে তাঁর প্রাইভেট কার ভাড়ায় চালান জাকির হোসেন। গত শনিবার তাঁর সম্বন্ধীর ইতালির ফ্লাইট ছিল। এ কারণে তাঁরা চারজন গাড়িতে করে ঢাকায় আসেন। সম্বন্ধীকে বিমানবন্দরে নামিয়ে তিনজন মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেলে যান। সেখানে তাঁদের গ্রামের এক রোগী ভর্তি ছিলেন। তাঁকে গত রোববার বেলা ১১টায় ছাড়পত্র দেওয়ার কথা ছিল। গত শনিবার ভোরে হাসপাতালে পৌঁছানোর পর মালিক সৌরভ সিদ্ধান্ত নেন, বাসে করে যাবেন। আর জাকির ও মিজানুর সকালে রোগীসহ গ্রামে ফিরবেন। সেই কথামতো তিনি বাসে করে চলে আসেন। বাসের টিকিট কেটে দেন জাকির। রোববার বিকেলে জাকিরকে কল করেন। কিন্তু ওপার থেকে কেউ রিসিভ করছিল না। এরপর অনেকবার চেষ্টা করেও যোগাযোগ করতে পারছিলেন না। পরদিন অর্থাৎ গতকালও যোগাযোগ করতে পারছিলেন না। গতকাল বিকেলে তিনি ঢাকায় আসার পরিকল্পনা করেন। কিন্তু এর আগে বেলা ৩টার দিকে রমনা থানা-পুলিশ তাঁকে কল করে জানায়, হাসপাতালের পার্কিংয়ে তাঁর গাড়ির ভেতর থেকে দুজনের লাশ পাওয়া গেছে।
এর আগে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রমনা থানা-পুলিশ। প্রতিবেদনে উপপরিদর্শক (এসআই) আওলাদ হোসেন উল্লেখ করেন, তাঁদের শরীরে বিভিন্ন জায়গা ফোলা ও ফোসকা পড়া। এ ছাড়া মুখ লালচে, ফোলা ও রক্তমাখা। প্রাথমিকভাবে তাঁদের মৃত্যুর কোনো কারণ উল্লেখ নেই প্রতিবেদনে।
আরও খবর পড়ুন:

সাভারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিটি ইউনিভার্সিটির একটি শিক্ষার্থীবাহী বাসের স্টাফ ও কয়েকজন শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
৪১ মিনিট আগে
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় যাঁরা লোকজন ও ভারী যন্ত্রপাতি ভাড়া করতে অর্থায়ন করেছেন এবং ভাঙার নির্দেশ দিয়েছেন, তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন সংস্থা তদন্ত করে ঘটনায় জড়িত প্রায় ৪০ জনের একটি তালিকা করেছে।
১ ঘণ্টা আগে
সাজানো-গোছানো সংসার ছিল ক্ষুদিরাম-চিত্রা বিশ্বাস দম্পতির। ঘরের আসবাব থেকে শুরু করে স্বপ্নের বসতভিটা—সবই এখন পানির নিচে। নিজের ঘর ছেড়ে গৃহপালিত পশু সঙ্গে নিয়ে এই সড়কের পাশেই আশ্রয় নিয়েছেন তাঁরা। এক-দুই দিন নয়, দীর্ঘ চার মাস এভাবেই কাটছে তাঁদের যাযাবর জীবন।
১ ঘণ্টা আগে
আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৯ ঘণ্টা আগে