
যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকেরা। সংসদ সদস্যের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মারধর এবং দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে বিক্ষোভকারীরা গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। বিক্ষোভকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশেরও চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগ, সংসদ সদস্যের বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের সোমবার বিকেলে মারধর ও ভয়ভীতি দেখান অনন্যা। পরে পুলিশ ও উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। তবে মঙ্গলবার সকালে আবারও শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে তাঁর বিরোধ বাধে। এ সময় এক অভিভাবক রেকসোনা খাতুনের মাথায় তালা ছুড়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তাঁরা। এ ঘটনার পরই ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করেন।
আল মাদরাসাতুল শারইয়্যাহর মুহতামিম কবির হোসাইন দাবি করেন, সংসদ সদস্যের মেয়ে বিভিন্ন সময় শিশু শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোমবারের ঘটনার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে আবারও শিশুদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে তালা ছুড়ে মারলে এক অভিভাবক আহত হন বলে অভিযোগ করেন তিনি।
ঘটনার সময় কয়েক ঘণ্টা সংসদ সদস্য গোলাম রসুল ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ির ভেতরেই অবস্থান করেন। এ বিষয়ে সংসদ সদস্য কোনো মন্তব্য করেননি।
তবে তাঁর স্ত্রী শারমিন ডিনা বলেন, তাঁদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। তাঁর দাবি, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুদের জটলা ও গোলযোগের কারণে প্রতিবাদ জানানো হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংসদ সদস্যের মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের বিরোধের জের ধরেই বিক্ষোভের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে তিনজন আহত হয়েছেন। গত শনিবার (২৫ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার বাতিসা গ্রামে এ ঘটনা ঘটে।
১ সেকেন্ড আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাজকান্দি রেঞ্জ ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) কাঁঠালকান্দি বিওপির যৌথ অভিযানে প্রায় ২৭ ঘনফুট সেগুন কাঠ জব্দ করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঢালুয়াছড়া এলাকায় পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুত রাখা কাঠগুলো উদ্ধার করা হয়।
১ মিনিট আগে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছভুক্ত লেভেল-১, সেমিস্টার-১-এ ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
৪ মিনিট আগে
নরসিংদীর মাধবদীতে ডাকাতির সময় এক ব্যক্তিকে হত্যার দায়ে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। লুণ্ঠিত মালামালের অংশ হিসেবে নগদ ৮ হাজার টাকা উদ্ধার হয়েছে।
১০ মিনিট আগে