
পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা সীমান্তে এক বাংলাদেশি বৃদ্ধকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ধরে নিয়ে যাওয়ার ঘটনার জেরে এক ভারতীয় নাগরিককে ধরে নিয়ে এসেছেন স্থানীয়রা।
আজ শনিবার সকালে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করলে ভারতীয় নাগরিককে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন স্থানীয়রা।
ভারতীয় ওই নাগরিকের নাম দীপঙ্কর গোপ (৩০)। তিনি ভারতের জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার চাউলহাটি তশনপাড়া এলাকার মিশ্রিলাল গোপের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকালে দীপঙ্কর গোপ কাঁটাতারের বেড়ার ওপাশের একটি চা-বাগানে কাজ করতে আসেন। একপর্যায়ে তিনি বাংলাদেশ অংশে প্রবেশ করলে স্থানীয়রা তাঁকে ধরে বিরাজোত এলাকায় নিয়ে আসেন। বর্তমানে তিনি বিজিবি, পুলিশ ও স্থানীয়দের হেফাজতে রয়েছেন।
এর আগে গত বুধবার সকালে পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার বাসিন্দা মো. তমিজ উদ্দীন (৭৮) গরু খুঁজতে বাড়ি থেকে বের হন। একপর্যায়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছাকাছি গেলে ভারতীয় বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানান।
স্থানীয়দের ভাষ্য, তমিজ উদ্দীন বয়স্ক ব্যক্তি। তিনি কানে কম শোনেন এবং ঠিকমতো হাঁটতেও পারেন না। গরু খুঁজতে গিয়ে সীমান্তের কাঁটাতারের কাছাকাছি চলে যাওয়ার পর বিএসএফ তাঁকে ধরে নিয়ে যায় বলে স্থানীয়দের দাবি।
তমিজ উদ্দীনের ছেলে আজাহার বলেন, ‘আমার বাবা কিছুই করেনি। গরু খুঁজতে গেছে। আমার বাবা বয়স্ক লোক। কানে শুনতে পায় না। চলতে পারে না বলেই চলে। কীভাবে কী হয়েছে কিছুই জানি না। আমার বাবাকে ফিরে পেতে চাই। যদি আমার বাবাকে না দেয়, ভারতীয় সেই লোককে যেন ফেরত না দেওয়া হয়। আমার বাবাকে ফিরিয়ে দিলে আমরা এই লোকটাকে দিয়ে দেব।’
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তমিজ উদ্দীনকে ফেরত আনা এবং ভারতীয় নাগরিক দীপঙ্কর গোপের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে বলে একটি সূত্র জানিয়েছে।

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে আগুনে দগ্ধ হওয়া একই পরিবারের তিন সদস্যের মধ্যে আট বছরের শিশু মারুফ মারা গেছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৫ মিনিট আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানে অতিরিক্ত মদপানে অসুস্থ হয়ে খোকন পাত্র (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত খোকন শমশেরনগর চা-বাগানের নারায়ণ টিলা এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম কমল পাত্র।
১৮ মিনিট আগে
নেত্রকোনা শহরের বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৬-৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিন সদস্য আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে বড় বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
৩৪ মিনিট আগে
সিলেটের জকিগঞ্জে পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে আহতের ঘটনায় গ্রেপ্তার ডাকাত দলের দুই সদস্যকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাতে পুলিশের এসআই মো. মোরশেদ আলমকে কুপিয়ে জখম করেন ডাকাত দলের সদস্যরা।
৩৬ মিনিট আগে