চাঁদপুরে এক দিনে আওয়ামী লীগের ৩৮ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ৪৪

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২৫ জনকে আটক করা হয়েছে। পৃথক মাদকবিরোধী অভিযানে ৬০ গ্রাম গাঁজা ও চার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার জেলার বিভিন্ন থানা এলাকায় এসব অভিযান চালানো হয়। পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার সব থানার পুলিশ এ কার্যক্রমে অংশ নেয়।
আজ রোববার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এসব তথ্য জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ১২ জন, ফরিদগঞ্জ থানা থেকে ৮ জন, মতলব দক্ষিণ থানা থেকে ২ জন, মতলব উত্তর থানা থেকে ৪ জন, হাজীগঞ্জ থানা থেকে ৪ জন, শাহরাস্তি থানা থেকে ২ জন এবং কচুয়া থানা থেকে ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মাদকবিরোধী অভিযানে হাইমচর থানা থেকে একজন, ফরিদগঞ্জ থানা থেকে ২ জন, মতলব উত্তর থানা থেকে একজন এবং শাহরাস্তি থানা থেকে ২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হাইমচর ও ফরিদগঞ্জ থানা-পুলিশ ২ পিস করে মোট ৪ পিস ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া মতলব উত্তর ও শাহরাস্তি থানা-পুলিশ যথাক্রমে ২০ ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা থেকে ৩ জন, হাইমচর থানা থেকে ৪ জন, ফরিদগঞ্জ থানা থেকে ৫ জন, মতলব দক্ষিণ থানা থেকে ৪ জন, হাজীগঞ্জ থানা থেকে ৪ জন এবং কচুয়া থানা থেকে ৫ জনসহ মোট ২৫ জনকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, আটক কিশোরদের মধ্যে ২৪ জনকে যাচাই-বাছাই শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অপর একজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া গ্রেপ্তার অন্য আসামিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
নাদিয়া নূর আরও জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং কিশোর গ্যাং ও মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।









