Ajker Patrika

তরমুজচাষির কাছে চাঁদা দাবির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি 
তরমুজচাষির কাছে চাঁদা দাবির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত
পটুয়াখালীর বাউফল থানা। ছবি: আজকের পত্রিকা

পটুয়াখালীর বাউফলে চাঁদা না পেয়ে তরমুজচাষিকে কুপিয়ে-পিটিয়ে আহত করার জেরে স্থানীয়দের গণপিটুনিতে উজ্জ্বল কর্মকার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরওয়াডেল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, একই উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামের বাসিন্দা মিজানুর রহমান ওই এলাকার তরমুজচাষি ফিরোজের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ঘটনার দিন বিকেলে ফিরোজ তাঁর খেত থেকে তরমুজ সংগ্রহ করে ট্রলারে তুলছিলেন। এ সময় মিজানুর সাত-আটজন সহযোগী নিয়ে ঘটনাস্থলে এসে তরমুজ কাটায় বাধা দেন এবং ফের চাঁদা দাবি করেন।

এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে তাঁরা ফিরোজের ওপর হামলা চালান। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে হামলাকারীদের মধ্যে উজ্জ্বল কর্মকার, মিজানুর রহমান ও শামীম নামে তিনজনকে আটক করে গণপিটুনি দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় উজ্জ্বল কর্মকার মারা যান। গুরুতর আহত ফিরোজ ও শামীমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অভিযুক্ত মিজানুর রহমান চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে তরমুজ কাটতে নিষেধ করাকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত