
দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম হত্যার ঘটনায় আবাসন প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রোপার্টিজের কর্মকর্তাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন প্লেজেন্ট প্রোপার্টিজের কর্মকর্তা আব্দুল লতিফ (৪৬), কুরবান আলী (২৪), মাহিন (১৮), মোজাম্মেল হক কবির (৫২) ও বাঁধন (২০)।
গতকাল বৃহস্পতিবারের এ ঘটনায় নিহতের বাবা সুলতান আহমেদ বাদী হয়ে ১৬ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ১১-১২ জনকে আসামি করা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ সম্মেলনে উপপুলিশ কমিশনার মো. রুহুল কবির খান বলেন, জমির মালিকের সঙ্গে ও প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মধ্যে ভবন নির্মাণের চুক্তি ও ফ্ল্যাট হস্তান্তরের রেজিস্ট্রেশন হওয়ার পরও ডেভেলপার তৃতীয় পক্ষের কাছে সেটি বিক্রি করে। ওই ভবনের একটি ফ্ল্যাট কেনেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মো. মামুন। মূলত তাঁর সঙ্গে বিরোধ তৈরি হয়। তবে সেই বিরোধে আবাসন কোম্পানিটি পক্ষ নেয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মামুনের (তৃতীয় পক্ষ)। এটি নিয়েই বিরোধের সূত্রপাত।
তিনি আরও জানান, গতকাল সকালে জমির মালিকের ছেলে দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান ইসলাম তামিম ভবনের ৭তলায় নিজের ফ্ল্যাটে কাজ করতে যান। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা মামুনের সহযোগিতায় ডেভেলপার কোম্পানির কর্মকর্তা আব্দুল লতিফসহ ২০ থেকে ২৫ জন তানজিল জাহান ইসলাম তামিমের ওপর হামলা করে। পরে আহত অবস্থায় তামিমকে মনোয়ারা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্লেজেন্ট প্রোপার্টিজ লিমিটেডের মালিক (ব্যবস্থাপনা পরিচালক) বিএনপির নেতা শেখ রবিউল আলমের নির্দেশে তাঁর লোকজন হামলা চালিয়েছে বলে নিহতের পরিবার অভিযোগ করেছে। মামলার এজাহারে তাঁকে ৩ নম্বর আসামি করা হয়েছে।
এই প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পুলিশের ডিসি রুহুল কবির বলেন, ‘আমরা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নিচ্ছি না, আমরা অপরাধ ও অপরাধী হিসেবে দেখছি। সে যে–ই হোক, তাঁর দায় থাকলে অবশ্যই তাঁর বিরুদ্ধে আমরা চার্জশিট দেব। আমরা প্রাথমিকভাবে তাঁর (শেখ রবিউল আলম) সম্পৃক্ততা পাচ্ছি। এই ঘটনায় কার কী ভূমিকা ছিল, তা তদন্তে উঠে আসবে।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া মাদকের ওই কর্মকর্তাকে মামলার ১ নম্বর আসামি করা হয়েছে। আমরা তাঁর সম্পৃক্ততার বিষয় তদন্ত করে দেখব। বিএনপি নেতা রবিউল ৩ নম্বর আসামি।’
রাজনৈতিক প্রভাব থাকায় পুলিশ এই ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়নি— এমন অভিযোগ প্রসঙ্গে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘দায়িত্বে অবহেলার জন্য ইতিমধ্যে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে তাঁর অবহেলা পেয়েছি।’

রংপুরের তারাগঞ্জে ওজন ও পরিমাপে অনিয়মের দায়ে একটি মিনি পাম্পের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার দুপুরে উপজেলার সয়ার ধোলাইঘাট বাজারে ‘মা লক্ষ্মী মিনি পাম্পে’ অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের ভুল্লীতে পুত্রবধূকে (২৫) ধর্ষণের অভিযোগে লালু দাস নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন তাঁর ছেলে। আজ সোমবার মামলাটি নথিভুক্ত করা হয় বলে নিশ্চিত করেছেন ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী।
৭ মিনিট আগে
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক মোড়ে সিডিএর জমি দখল করে গড়ে ওঠা দোকান ও বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুরে পরিচালিত অভিযানে ওয়েলফুড, সীমানাপ্রাচীর, মুদির দোকান, গোডাউন ও ঝুপড়ি দোকানসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করা হয়।
৯ মিনিট আগে
ঢাকা মেডিকেলের বাথরুম থেকে উদ্ধার মৃত তরুণীর পরিচয় পাওয়া গেছে। প্রেমিকের মৃত্যুর খবর পেয়ে আত্মহত্যা করেছেন তিনি। ওই তরুনীর নাম তন্ময়ী মন্ডল (২৮)। তিনি ইব্রাহিম কার্ডিয়াকের নার্স ছিলেন।
১৫ মিনিট আগে