
দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। এরই জেরে শুক্রবার (১১ জুলাই) রাতে দিনাজপুরের খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারীদের ওপর প্রতিপক্ষ গ্রুপের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে অন্তত ২৫ জন আহত হন এবং ভাঙচুর করা হয় ৫০টির বেশি মোটরসাইকেল।
ঘটনার পর পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সেনাবাহিনী ও থানার পুলিশ সদস্যরা।
উপজেলা বিএনপির একাধিক নেতা-কর্মী জানান, কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী ও ভাবকী ইউনিয়ন বিএনপির সভাপতি পরিচয়ে আব্দুল জলিল শাহ একটি বিজ্ঞপ্তিতে তিনটি স্থানে তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচারের জন্য সভার আয়োজনের ঘোষণা দেন। তবে এ নিয়ে বিরোধ দেখা দেয় কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান মিয়ার অনুসারীদের সঙ্গে।
তাদের দাবি, আব্দুল জলিল শাহ আগে সভাপতি ছিলেন, বর্তমানে তিনি উপজেলা আহ্বায়ক কমিটির একজন সদস্য। ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আছেন মিয়া গ্রুপের অনুসারী নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সেলিম শাহ, মিজানুর রহমান ও তহিদুল ইসলাম তহি।
বিরোধের জেরে শুক্রবার দুপুরে আব্দুল জলিল শাহ ও ওয়ার্ড বিএনপি নেতা আশরাফ আলী প্রতিপক্ষের হামলায় আহত হন এবং পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় কাচিনীয়া বাজারে এক প্রতিবাদ সভার আয়োজন করেন কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তাঁর সমর্থকেরা। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী, ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক চৌধুরী, জেলা পরিষদের সাবেক সদস্য শাহরিয়ার জামান শাহ নিপুণসহ অনেকে।
সভা শেষে মিয়া গ্রুপের নেতা-কর্মীরা কর্নেল গ্রুপের ওপর হামলা চালান বলে অভিযোগ। এতে কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য মহসিন আলী শাহ, ছাত্রদল নেতা মেহেদী হাসান মানিকসহ অন্তত ২০ জন গুরুতর আহত হন এবং ভাঙচুর করা হয় প্রায় ৫০টি মোটরসাইকেল। সংঘর্ষ চলাকালে কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী প্রায় দেড় ঘণ্টা অবরুদ্ধ থাকেন। পরে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর কাচিনীয়া বাজারে গিয়ে দেখা যায়, চারদিকে থমথমে পরিবেশ, ভাঙচুর হওয়া মোটরসাইকেল পড়ে আছে এবং অধিকাংশ দোকানপাট বন্ধ। আতঙ্কে এলাকাবাসী ঘর থেকে বের হচ্ছে না।
এ বিষয়ে কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা প্রচার ও তৃণমূল বিএনপিকে সংগঠিত করতে গিয়ে আমরা রাজনৈতিক হামলার শিকার হয়েছি। এটা শুধু আমার ওপর নয়, রাজনৈতিক কাজের ওপর আঘাত। এর তীব্র প্রতিবাদ জানাই এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।’
অন্যদিকে, মিয়া গ্রুপের অনুসারী জেলা বিএনপির অর্থ সম্পাদক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁর গ্রুপের কেউ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, ঘটনার সময় সেনাবাহিনী ও পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও খবর পড়ুন:

রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের ছোড়া গুলি মাথায় বিদ্ধ হয়ে ইমরান হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় জাকারিয়া (৩২) নামে একজন গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাত ১২টার দিকে দুজনকেই আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে ইমরানকে মৃত ঘোষণা করেন
১ ঘণ্টা আগে
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুততম সময়ে পার্কের অবশিষ্ট কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে। বর্তমানে প্রকল্পের ভৌত অগ্রগতি ৩০ শতাংশ। শিশুদের বিনোদনের জন্য ১৫টি অত্যাধুনিক রাইড ক্রয়ের লক্ষ্যে ইতোমধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে।
১ ঘণ্টা আগে
ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই রাত সাড়ে ৩টার দিকে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্য অনুযায়ী অস্ত্রটি ছেলে রাকিবের কাছে রয়েছে বলে জানা যায়। রাকিব অস্ত্রটি তাঁর বন্ধু হাতিমের বাসায় লুকিয়ে রাখেন। পরে যৌথ অভিযান চালিয়ে রাকিব ও হাতিমকে গ্রেপ্তার এবং তাঁদের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগা
২ ঘণ্টা আগে
খুলনার মেট্রোপলিটন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আরমান ওরফে আরমিন ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে র্যাব-৬-এর সদস্যরা। আজ রোববার ফরিদপুর জেলার বোয়ালমারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব-৬ এর অধিনায়ক নিস্তার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
২ ঘণ্টা আগে