
পটুয়াখালীর বাউফল উপজেলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারটিতে থাকা দুই শ্রমিক মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে ট্রলারে ধাক্কা দেওয়ার ঘটনায় এমভি প্রিন্স আওলাদ-৭ নামের লঞ্চটির রুট পারমিট স্থগিত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। আজ বুধবার বিআইডব্লিউটিএ এই সিদ্ধান্ত নিয়েছে।
নদীতে ডুবে মারা যাওয়া শ্রমিকেরা হলেন রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। তাঁদের মধ্যে রেজাউল রাঙাবালী উপজেলার চরলাটসাহেব গ্রামের ওয়াজেদ হাওলাদারের ছেলে এবং নাছির একই উপজেলার চরবিষ্টন গ্রামের আব্দুল ফকিরের ছেলে। তাঁরা দুজনই ট্রলারের শ্রমিক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল পটুয়াখালীর রাঙাবালী এলাকা থেকে ট্রলারে তরমুজ বোঝাই করে ঢাকার উদ্দেশে রওনা দেন শ্রমিকেরা। পথে এমভি আওলাদ-৭ নামের লঞ্চটি ভোররাত ৪টার দিকে বামনিকাঠী এলাকায় ওই ট্রলারে ধাক্কা দেয়। এতে ট্রলারটি নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারায় সেখানেই তাঁদের মৃত্যু হয়। তাঁদের সঙ্গে থাকা অন্য শ্রমিকেরা সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।
বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের ট্রাফিক পরিদর্শক তুষার কান্তি বণিক বলেন, পটুয়াখালীতে আসার পথে এমভি আওলাদ-৭ লঞ্চটি তরমুজবোঝাই একটি ট্রলারে ধাক্কা দেওয়ায় সেটি ডুবে প্রাণহানির ঘটনা ঘটে। বিষয়টি ঢাকার প্রধান কার্যালয়ে জানালে কর্তৃপক্ষ লঞ্চটির রুট পারমিট সাময়িকভাবে স্থগিত করে।
তুষার কান্তি বণিক আরও বলেন, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লঞ্চটি চলাচল করতে পারবে না। তবে ওই লঞ্চে যাঁরা আগাম কেবিন বুকিং দিয়েছেন, ভোগান্তি দূর করতে তাঁদের অন্য লঞ্চে বুকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

নতুন প্রজন্মকে দেশপ্রেম, মেধা ও সৎ নেতৃত্বের সমন্বয়ে দেশ গড়ার দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম। এ সময় স্বাধীনতার ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরা অত্যন্ত জরুরি বলেও জানান তিনি।
৪ মিনিট আগে
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীসহ একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর পন্টুনে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল বাসটি শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
১৯ মিনিট আগে
চাঁদপুরের শাহরাস্তিতে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সদস্য মো. ফয়সালকে আটক করতে গিয়ে পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িত চারজনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৪ মিনিট আগে
রাজধানীর মগবাজারের ‘নবীন ফ্যাশন’-এর শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশ কেন নীরব ছিল, তার কারণ দর্শাতে হাতিরঝিল থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে দোকানটি খুলে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে