Ajker Patrika

সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই—স্টেশন পরিদর্শন করে ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ২১: ২৪
সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই—স্টেশন পরিদর্শন করে ভূমিমন্ত্রী
ঢাকা থেকে রাজশাহী এসে রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান ভূমিমন্ত্রী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেন, সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভূমিমন্ত্রী। মিজানুর রহমান মিনু বলেন, ‘রাজশাহী শান্তির শহর। এখানে সবাই মিলেমিশে থাকে। কিন্তু একটি বিষয়কে কেন্দ্র করে রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর করা হয়েছে। যারা করেছে, তারা ঠিক করেনি। সরকারি সম্পদ নষ্ট করার অধিকার কারও নেই।’

ভূমিমন্ত্রী বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত সাপেক্ষে যারা পরিস্থিতি খারাপ করার জন্য অকারণে স্টেশনের সরকারি সম্পদে হামলা ও ভাঙচুর চালিয়ে নষ্ট করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

এর আগে ভূমিমন্ত্রী স্টেশনের সার্বিক কার্যক্রম, যাত্রীসেবার মান ও অবকাঠামোগত ভাঙচুরের পরিস্থিতি ঘুরে দেখেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার, ভাঙচুর করা বিভিন্ন জিনিসপত্র, অপেক্ষা কক্ষ ও যাত্রী লাউঞ্জ পরিদর্শন করেন।

এ সময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সহসভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা রাজশাহী রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরিস্থিতি সামাল দিতে সিটি করপোরেশনের প্রশাসকসহ বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি শান্ত করতে বেগ পেতে হয়। শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ চারজনকে বরখাস্ত করেছে। আর স্টেশনে হামলার ঘটনায় রেল কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা করেছে।

স্টেশনের হামলার সময় ভূমিমন্ত্রী ও সদর আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু রাজশাহীতে ছিলেন না। আজ সন্ধ্যা ৭টার দিকে ঢাকা থেকে রাজশাহী এসে তিনি রেলওয়ে স্টেশন পরিদর্শনে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত