Ajker Patrika

শিক্ষামন্ত্রী কলেজের ক্লাসরুমে গিয়ে দেখেন মাত্র একজন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৪: ৪৯
শিক্ষামন্ত্রী কলেজের ক্লাসরুমে গিয়ে দেখেন মাত্র একজন শিক্ষার্থী
পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে বৃহস্পতিবার সকালে আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী। ছবি: সংগৃহীত

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ কলেজে শিক্ষার্থী উপস্থিতির চিত্র দেখে অসন্তোষ প্রকাশ করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে একটি শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থী পান তিনি।

অন্য শিক্ষার্থীরা কোথায়, জানতে চাইলে শিক্ষকদের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাননি মন্ত্রী। তিনি নাটোর এনএস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে আকাশপথে রাজশাহী আসেন। বিমানবন্দর থেকে সড়কপথে নাটোর যাচ্ছিলেন। পথে মহাসড়কের পাশের ওই কলেজটি আকস্মিক পরিদর্শনে নামেন মন্ত্রী।

নিচতলা থেকে চারতলা পর্যন্ত প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে দেখেন তিনি। এর মধ্যে একটি ক্লাসে মাত্র একজন ছাত্রীকে দেখতে পান তিনি। অন্য শ্রেণিকক্ষে হাতেগোনা কিছু শিক্ষার্থী ছিল। তবে ক্লাসে ছাত্রদের উপস্থিতি ছিল একেবারেই নগণ্য।

কলেজটি পরিদর্শনে গিয়ে এক নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ তখন ওই শিক্ষিকা জানান, শ্রেণিকক্ষে একজন ছাত্রী রয়েছে। আমার মোট ১৫ জন শিক্ষার্থী আছে।’ এরপর মন্ত্রী জানতে চান, ‘অন্য ছাত্রীরা আসে না কেন?’ জবাবে ওই শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।’ কেন আসে না, মন্ত্রী জানতে চাইলে ওই শিক্ষক চুপ থাকেন।

এ সময় আরেক শিক্ষক দাবি করেন, অন্য শিক্ষার্থীরা এখনো শ্রেণিকক্ষে প্রবেশ করেনি। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাসে এসেছেন।

কলেজে ক্লাস শুরুর সময় জানতে চেয়েও সন্তোষজনক জবাব পাননি মন্ত্রী। শিক্ষকদের কাছে জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!’ জবাবে এক শিক্ষক জানান, বেলা সাড়ে ১১টায় ক্লাস রয়েছে। শিক্ষকেরা শ্রেণিকক্ষে প্রবেশ করলেও শিক্ষার্থীরা বাইরে থাকতে পারে।

শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে ওই শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ক্লাসে আসার প্রতি অনীহা রয়েছে। তাঁদের ক্লাসে আনতে ফোন করতে হয়। শিক্ষকদের এমন ব্যাখ্যায় অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।

কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, তাঁর কলেজে শুধু উচ্চমাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়। একাদশে শিক্ষার্থীর সংখ্যা ৬৯ জন। আর দ্বাদশে শিক্ষার্থী ১৬৮ জন। গার্হস্থ্য ক্লাসে ১৫-২০ জনের মধ্যে একজন ছাত্রী ছিল। তবে সবমিলিয়ে ৬০ থেকে ৬৫ জন উপস্থিত ছিল বলে তিনি দাবি করেন।

অধ্যক্ষ বলেন, ‘আমার কলেজটা মহাসড়কের পাশে। এদিক দিয়ে যাওয়ার সময় মন্ত্রী মহোদয় হঠাৎ করে কলেজে ঢুকে পড়েছেন। বের হয়ে দেখি গোটা চল্লিশেক গাড়ি। মন্ত্রী নিজেই একতলা থেকে চারতলা পর্যন্ত উঠে প্রতিটি শ্রেণিকক্ষ দেখেছেন। ১১টা ২০ মিনিট থেকে প্রায় ২০ মিনিট তিনি কলেজে অবস্থান করেছেন। এরপর নাটোরের অনুষ্ঠানে চলে গেছেন।’

অধ্যক্ষ আরও জানান, তাঁরা মন্ত্রীকে জানিয়েছেন যে নানাভাবে চেষ্টা করেও শিক্ষার্থীদের কলেজের ক্লাসে আনা যায় না। বিষয়টি নজরদারি করার জন্য তিনি তাৎক্ষণিক মাধ্যমিক ও উচ্চ শিক্ষার (মাউশি) রাজশাহী অঞ্চলের পরিচালক হুমায়ুন কবীরকে নির্দেশনা দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত