
দিনাজপুরের কাহারোল উপজেলায় বরযাত্রীর মাইক্রোবাস সড়কে সাইড দেওয়া নিয়ে হাতাহাতির ঘটনায় মোস্তফা কামাল (৪০) নামের এক শ্রমিকনেতার মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যা ৭টায় উপজেলার দশমাইল এলাকায় পঞ্চগড়-দিনাজপুর মহাসড়কে এই ঘটনা ঘটে। এই ঘটনায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখেন বিক্ষুব্ধ ব্যক্তিরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
নিহত মোস্তফা কামাল দশমাইল গড়নুরপুর এলাকার সাইরুদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন ট্রাকচালক ছিলেন।
পাশাপাশি তিনি শ্রমিক সংগঠন ১১৬৭-এর দশমাইল এলাকার সাংগঠনিক সম্পাদক এবং কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য।
ঘটনাস্থলে থাকা ব্যবসায়ী আরিফ হোসেন জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা থেকে রংপুরের তারাগঞ্জ এলাকায় বরযাত্রীর মাইক্রোবাসটি যাচ্ছিল। তেরমাইল এলাকায় একই দিকে যাওয়া একটি সিএনজিচালিত অটোরিকশাকে হর্ন দিয়ে সাইড চান মাইক্রোবাসের চালক। এ সময় দ্রুতগতিতে ওভারটেক করার সময় অটোরিকশাটিকে চাপ দেয় মাইক্রোবাসটি। তবে সেখানে কোনো দুর্ঘটনা ঘটেনি। অটোরিকশার চালক সফিকুল ইসলাম পরে দশমাইল এলাকায় মোবাইল ফোনে কয়েকজনকে ঘটনাটি অবহিত করেন এবং বরযাত্রীর মাইক্রোবাস আটকানোর কথা বলেন। শ্রমিক সংগঠনের নেতা মোস্তফা কামাল আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে দশমাইল শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বরযাত্রীর মাইক্রোবাস আটকান। এ সময় মাইক্রোবাসে থাকা বরযাত্রীরা নেমে এলে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে পড়ে যান মোস্তফা কামাল। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ রানা বলেন, মোস্তফা কামালকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। হাসপাতালে আনার আগেই মোস্তফা কামালের মৃত্যু হয়েছে।
কাহারোল থানার পরিদর্শক (তদন্ত) শ্যামল চন্দ্র বর্মন বলেন, সংবাদ পেয়ে পুলিশের টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে। পাশাপাশি জনগণের হাতে আটক থাকা বরযাত্রীদের পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। একজনের মৃত্যুর ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বলেন, গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে।

রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৩ ঘণ্টা আগে
‘এক্স-রে ফিল্ম না থাকার কারণে এক্স-রে কার্যক্রম সাময়িকভাবে বন্ধ’—এমন লেখা সেঁটে দেওয়া হয়েছে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এক্স-রে কক্ষের সামনে। কক্ষটি তালাবদ্ধ। রোগীরা জানিয়েছেন, এক বছরের বেশি সময় ধরে হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে এক্স-রে করা হচ্ছে না।
৪ ঘণ্টা আগে
‘ও বেটা, একবার ডাকো বেটা। ওরে আমার মানিক বেটা, ওরে আমার কাইলি বেটা, আমাকে দেখপি (দেখবে) কেরে বেটা’ বলে বিলাপ করে কাঁদছিলেন ট্রাকচাপায় নিহত দিনমজুর বাবুল আলীর মা। তাঁর সেই কান্না শুনে আশপাশের মানুষের চোখ ভিজে যায়। গত মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের ভেল্লাবাড়িয়া (নগরকয়া)...
৪ ঘণ্টা আগে