Ajker Patrika

ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড

ভোলা প্রতিনিধি
ভোলায় অবৈধভাবে বালু উত্তোলনে আটক ৭ জনের কারাদণ্ড, ২ লাখ টাকা অর্থদণ্ড
ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে চারটি খননযন্ত্র (ড্রেজার) ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। ছবি: সংগৃহীত

উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগে চারটি খননযন্ত্র (ড্রেজার) ও একটি বাল্কহেডসহ আটজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ড্রেজার ও বাল্কহেডের মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আটক সাতজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং এক তরুণ অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

আজ শুক্রবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—রুবেল (২৭), রিপন (২৫), নোমান মিয়া (২২), মো. আব্বাস (৩৮), পরশ মনি হাওলাদার (৪০), সুমন হাওলাদার ও মো. খলিল। অন্যজন ১৬ বছর বয়সী ইয়ামিন। তাঁরা সবাই ভোলা ও বরিশালের বিভিন্ন এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড দক্ষিণ (ভোলা) জোনের একটি দল গতকাল দিবাগত রাতে পশ্চিম ইলিশা ইউনিয়নের মেঘনা নদীতে বিশেষ অভিযান চালায়। সেখান থেকে অবৈধভাবে বালু তোলা অবস্থায় ৪টি ড্রেজার ও ১টি বাল্কহেড জব্দসহ হাতেনাতে ৮ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ও বাল্কহেড মালিকদের ২ লাখ টাকা জরিমানা করেন এবং ৭ জন বালু উত্তোলনকারীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। আটক অপরজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, পরিবেশ ও নদী রক্ষায় ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তোলার ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা জারি করেন উচ্চ আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত