Ajker Patrika

কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, ‘শুটার মহিন’ গ্রেপ্তার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০২ জুলাই ২০২৬, ১৩: ৩৩
কদমতলীতে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টা, ‘শুটার মহিন’ গ্রেপ্তার
সাজেদুর রহমান মহিন ওরফে ‘স্যুটার মহিন’। ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলীতে লোহার ব্যবসায়ী হাসানকে গুলি করে হত্যাচেষ্টার মামলার প্রধান আসামি সাজেদুর রহমান মহিন ওরফে ‘শুটার মহিন’কে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

আজ বৃহস্পতিবার র‍্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা এলাকায় অভিযান চালিয়ে শুটার মহিনকে গ্রেপ্তার করা হয়। তিনি কদমতলী থানার ঢাকা ম্যাচ কলোনির বাসিন্দা। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ মে বিকেল ৫টা ১০ মিনিটের দিকে কদমতলী থানার ৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ রেললাইনের পাশের কাঁচা সড়কে ব্যবসায়ী হাসানের পথরোধ করেন মহিনসহ কয়েকজন। তাঁরা হাসানের মাথায় পিস্তল ঠেকিয়ে মারধর করেন এবং তাঁর কাছ থেকে ১৯ লাখ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। এ সময় তাঁর ব্যবহৃত প্রাইভেট কারও ভাঙচুর করা হয়।

এই ঘটনায় পরদিন ৭ মে কদমতলী থানায় হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী হাসান।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার মহিন হত্যা মামলাসহ বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলার এজাহারভুক্ত আসামি। তাঁকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত