Ajker Patrika

কোনো রাষ্ট্র হিসেবে এই প্রথম গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, শাস্তি কী হবে

জগৎপতি বর্মা, ঢাকা
আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২০: ০২
কোনো রাষ্ট্র হিসেবে এই প্রথম গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, শাস্তি কী হবে
মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নেন। ছবিটি ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর তোলা। ছবি: এএফপি

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এক ঐতিহাসিক রায়ে মিয়ানমারকে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছেন। নেদারল্যান্ডসের হেগের আদালতের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের ইতিহাসে নজিরবিহীন। কারণ এর আগে আর কোনো সার্বভৌম রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত জাতিসংঘ কনভেনশন লঙ্ঘনের দায়ে দায়ী বা দোষী সাব্যস্ত হয়নি।

কিন্তু প্রশ্ন উঠছে—একটি রাষ্ট্রকে কীভাবে ‘সাজা’ দেওয়া যায়? আইসিজে তো কোনো পুলিশ বাহিনী নয়, আবার এটি কোনো ব্যক্তিবিশেষের ফৌজদারি আদালতও নয়। তাহলে মিয়ানমারের জন্য এই রায়ের অর্থ কী এবং রাষ্ট্র হিসেবে তাদের শাস্তি বা দায়বদ্ধতা কীভাবে কার্যকর হবে?

রাষ্ট্র বনাম ব্যক্তি: শাস্তি প্রয়োগের পার্থক্য

আন্তর্জাতিক আইনে বিচার প্রক্রিয়া দুটি আলাদা ধারায় পরিচালিত হয়। একটি আইসিজে বা আন্তর্জাতিক বিচার আদালত। এটি রাষ্ট্র বনাম রাষ্ট্রের আইনি বিরোধ মীমাংসা করে। এখানে বিচার করা হয় রাষ্ট্রের দায়বদ্ধতা।

দ্বিতীয়টি, আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ (ফৌজদারি) আদালত। এটি ব্যক্তিবর্গের ফৌজদারি অপরাধের বিচার করে। সেনা জেনারেল, প্রেসিডেন্ট বা নির্দেশদাতাদের কারাদণ্ড দেওয়ার একচ্ছত্র এখতিয়ার আইসিসির।

সুতরাং, আইসিজে রাষ্ট্র হিসেবে মিয়ানমারকে কারাগারে পাঠাতে পারে না। তবে রাষ্ট্র হিসেবে দেশটির ওপর সুনির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতা ও শাস্তি আরোপ করেছে।

মিয়ানমারের ওপর আরোপিত আইনি বাধ্যবাধকতা ও ক্ষতিপূরণ

আইসিজের রায় চূড়ান্ত, বাধ্যবাধকতামূলক এবং এর বিরুদ্ধে কোনো আপিল করার সুযোগ নেই। আন্তর্জাতিক আইন অনুযায়ী মিয়ানমারকে নিম্নোক্ত পদক্ষেপগুলো অবিলম্বে বাস্তবায়ন করার নির্দেশ দেওয়া হয়েছে—

হত্যা বা চলমান সব ধরনের অপরাধ বন্ধ ও পুনরাবৃত্তি না করার নিশ্চয়তা: মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতা ও নিপীড়ন অবিলম্বে বন্ধ করতে হবে এবং ভবিষ্যতে এ ঘটনার পুনরাবৃত্তি হবে না—এই মর্মে পূর্ণ আইনি নিশ্চয়তা দিতে হবে।

ক্ষতিপূরণ: ভুক্তভোগী রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে। গণহত্যায় বাড়িঘর, সম্পত্তি ও স্বজন হারানো পরিবারগুলোকে অর্থনৈতিক ও বস্তুগত ক্ষতিপূরণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্নির্মাণের বাধ্যতামূলক সহায়তা করতে হবে।

নিরাপদ প্রত্যাবাসন ও নাগরিকত্ব: বাংলাদেশে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা শরণার্থীকে নিরাপদ, সম্মানজনক ও স্বেচ্ছায় নিজ ভূমিতে ফিরিয়ে নেওয়ার পরিবেশ তৈরি করতে হবে এবং তাদের মৌলিক নাগরিক অধিকার ও পূর্ণ নাগরিকত্ব নিশ্চিত করতে হবে।

আইসিজের রায় কীভাবে কার্যকর করা সম্ভব

আইসিজের নিজস্ব কোনো পুলিশ বাহিনী বা রায় বাস্তবায়নের নিজস্ব কোনো প্রয়োগকারী সংস্থা নেই। তবে রায়ের ভিত্তিতে বৈশ্বিক রাজনীতি ও জাতিসংঘ কাঠামোর মাধ্যমে এটি কার্যকর করার সুযোগ রয়েছে। চলুন জেনে নেই কীভাবে আইসিজের রায় কার্যকর করা সম্ভব—

প্রথমত, কোনো দেশ আইসিজের রায় মানতে অস্বীকার করলে সংক্ষুব্ধ পক্ষ বা অন্যান্য সদস্য রাষ্ট্র বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তুলতে পারে। নিরাপত্তা পরিষদ মিয়ানমার জান্তার বিরুদ্ধে সর্বসম্মত অর্থনৈতিক ও সামরিক নিষেধাজ্ঞা, বৈশ্বিক অস্ত্র নিষেধাজ্ঞা কিংবা আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিতে পারে।

দ্বিতীয়ত, আইসিজে মিয়ানমারকে ‘গণহত্যাকারী রাষ্ট্র’ হিসেবে রায় দেওয়ায় আন্তর্জাতিক ফৌজদারি আদালতে (আইসিসি) মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং ও অন্যান্য সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে চলমান ব্যক্তিগত অপরাধের মামলার ভিত অত্যন্ত শক্তিশালী হলো। এটি তাঁদের আটক ও বিচারে বিশ্বজুড়ে চাপ বহুগুণ বাড়িয়ে দেবে।

তৃতীয়ত, এই রায়ের পর বিশ্বমঞ্চে মিয়ানমার সামরিক জান্তার কূটনৈতিক বৈধতা বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে পড়বে। কোনো আন্তর্জাতিক সংস্থা বা দেশ এখন মিয়ানমারের সঙ্গে সহজে বাণিজ্য, সামরিক চুক্তি বা আর্থিক লেনদেন করতে পারবে না, যা জান্তা সরকারকে কোণঠাসা করে ফেলবে।

রোহিঙ্গাদের জন্য এই রায়ের গুরুত্ব

বাংলাদেশের বিভিন্ন শরণার্থী ক্যাম্পে অবস্থানরত লাখ লাখ রোহিঙ্গা ভুক্তভোগীর জন্য এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বছরের পর বছর ধরে মিয়ানমার যে দাবি করে আসছিল—তারা কোনো অন্যায় করেনি, জঙ্গি দমন করেছে—জাতিসংঘের সর্বোচ্চ আদালত তা আনুষ্ঠানিকভাবে বাতিল করে দিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে যে, রোহিঙ্গাদের ওপর যা ঘটেছে তা শুধুই সহিংসতা নয়, জাতিগতভাবে নির্মূলের উদ্দেশ্যে চালানো গণহত্যা।

যদিও আইসিজের একক রায়ে রাতারাতি সব রোহিঙ্গা নিরাপদে জন্মভূমিতে ফিরতে পারছেন না, তবে এটি মিয়ানমারের সামরিক জান্তাকে বিশ্ব দরবারে অপরাধী সাব্যস্ত করেছে এবং রোহিঙ্গাদের ন্যায়বিচার আদায়ের লড়াইয়ে এক ঐতিহাসিক আইনি ভিত্তি এনে দিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি, আল জাজিরা, রয়টার্স

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত