যেসব কারণে ইরানে অস্ত্র ‘পাচার’ ঠেকাতে পারছে না যুক্তরাষ্ট্র

ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহব্যবস্থা বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে ২০ সদস্যের এক ইউনিট গঠন করেছে ওয়াশিংটন। স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানে অস্ত্র, সামরিক প্রযুক্তি এবং অস্ত্র তৈরির উপকরণ প্রবেশ বন্ধ করা এই ইউনিটের প্রধান লক্ষ্য।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। যুদ্ধের কারণে বিশ্ববাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বর্তমানে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চললেও এর অবসানের স্পষ্ট কোনো ইঙ্গিত নেই।
ইরান নিজেদের অস্ত্রের অধিকাংশ দেশে উৎপাদন করে। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে দেশটির স্বাভাবিক বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সামরিক সরঞ্জামের জন্য উত্তরাঞ্চলীয় সরবরাহপথের ওপর নির্ভরতা বাড়িয়েছে তেহরান।
রাশিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ হয়ে ইরানে অস্ত্র ও যন্ত্রাংশ প্রবেশ করছে। চীনের কাছ থেকেও অস্ত্র কেনার তথ্য পাওয়া গেছে। এমনকি ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উপকরণের কিছু অংশ যুক্তরাষ্ট্রসহ দেশটির প্রতিপক্ষ রাষ্ট্রগুলোর উৎপাদনকারীদের কাছ থেকেও এসেছে।
ফ্লোরিডার টাম্পায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ২০ সদস্যের টাস্কফোর্সটির উদ্বোধন করেন। তবে এটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ওয়াশিংটন। অস্ত্র সরবরাহ বন্ধের পাশাপাশি ইরানের রপ্তানিও বাধাগ্রস্ত করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির সবচেয়ে লাভজনক রপ্তানি পণ্য তেল। ইরানের কথিত ‘অবৈধ রাজস্বের উৎস’ বন্ধের যুক্তিতে ওয়াশিংটন তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ আরোপ করেছে।
ইরান কী ধরনের অস্ত্র ব্যবহার করছে
মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে ইরানের। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করার পর থেকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েল, উপসাগরীয় দেশগুলো, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলা চালিয়েছে।
ইরানের সিজ্জিলসহ কিছু ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার বা ১ হাজার ২৪০ মাইল। এসব ক্ষেপণাস্ত্র অন্তত ৫০০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। ফলে মধ্যপ্রাচ্যের বড় অংশ এবং দক্ষিণ ইউরোপের কিছু অঞ্চলও ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে।
দেশটির অস্ত্রভান্ডারে ঠিক কত ক্ষেপণাস্ত্র ও ড্রোন রয়েছে, তা জানা যায়নি। তবে চলমান যুদ্ধ ইরানের সামরিক সক্ষমতার একটি ধারণা দিয়েছে। অন্তত ২৫০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত এখনো আছে ইরানের কাছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো ইরানের পারমাণবিক অস্ত্র নেই। তবে দেশটির পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিরোধের কারণ। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের দাবি, ইরানের কাছে বেসামরিক ব্যবহারের প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেক বেশি সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত রয়েছে, যা সম্ভাব্য পারমাণবিক অস্ত্র কর্মসূচির ইঙ্গিত দেয়।
নিজস্ব অস্ত্রশিল্প থাকার পরও আমদানির প্রয়োজন কেন
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং পারমাণবিক কর্মসূচির কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে ইরান নিজেদের অধিকাংশ অস্ত্র দেশে তৈরি করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) জ্যেষ্ঠ গবেষক পিটার উইজম্যান বলেন, দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে নিজেদের অস্ত্রশিল্প টিকিয়ে রাখাই সবচেয়ে ভালো উপায় বলে ইরান মনে করে।
ইরানের অস্ত্রশিল্পের বড় অংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে কেন্দ্রীভূত। এসব ক্ষেত্রে দেশটির উন্নয়ন যুদ্ধবিমান ও স্থলযুদ্ধের সরঞ্জামের মতো অন্যান্য সামরিক প্রযুক্তির তুলনায় অনেক বেশি। এসব ঘাটতি পূরণে ইরান মাঝেমধ্যে বিদেশ থেকে অস্ত্র আমদানি করে। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় জটিল যন্ত্রাংশ, যেমন মোটর, মাইক্রোচিপ ও সেমিকন্ডাক্টর ইরান নিজে উৎপাদন করতে পারে না। তাই এসব উপকরণ বিদেশ থেকে সংগ্রহ করতে হয়।
এ ধরনের যন্ত্রাংশ বেসামরিক কাজেও ব্যবহৃত হয় বলে এগুলোকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য’ বা ডুয়াল-ইউজ গুডস বলা হয়। উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ার অল্প কয়েকটি দেশে এসব উপকরণ তৈরি হয়।
রাশিয়ার সঙ্গে অস্ত্র বাণিজ্য
কয়েক দশক ধরে রাশিয়া ইরানের প্রধান অস্ত্র বাণিজ্যিক অংশীদার। সোভিয়েত আমল এবং ১৯৭৯ সালের ইরানি বিপ্লবের পর আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশ অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ার সময় থেকে তাদের মধ্যে অস্ত্র বাণিজ্যের সম্পর্ক গড়ে ওঠে। কাস্পিয়ান সাগরের দুই পাশে অবস্থিত দেশ দুটির মধ্যে অস্ত্র বাণিজ্যের প্রকৃত পরিমাণ স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে ইরান কয়েকটি চুক্তির কথা প্রকাশ্যে জানিয়েছে।
গত ৩১ অক্টোবর ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, দেশটি রাশিয়ার কাছ থেকে অজ্ঞাতসংখ্যক এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হলে এসব বিমান সরবরাহ করা হবে। ২০২৩ সালে রাশিয়া ইরানের কাছে ছয়টি ইয়াক-১৩০ যুদ্ধবিমান বিক্রিতে সম্মত হয়েছিল বলেও তথ্য রয়েছে। এ ছাড়া ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে সরবরাহের জন্য কয়েক হাজার উন্নত কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তিও করেছে মস্কো।
তবে পিটার উইজম্যানের মতে, রাশিয়ার কাছ থেকে ইরানের অস্ত্র কেনার পরিমাণ দেশটির নিজস্ব উৎপাদনের তুলনায় অনেক কম। উদাহরণ হিসেবে, ২০২৪ ও ২০২৫ সালে রাশিয়া ইরানের কাছে হেলিকপ্টারে ব্যবহারের জন্য ৯০টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা বিক্রির ব্যবস্থা করেছিল। উইজম্যান বলেন, এগুলো স্বল্পপাল্লার কয়েকটি ক্ষেপণাস্ত্র, যা আক্রমণকারী হেলিকপ্টারে ব্যবহার করা যায়। ইরান হয়তো এসব হেলিকপ্টার উড়ানোর ঝুঁকি নিতেও চাইবে না। এমনকি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলায় এগুলো ইতোমধ্যে ধ্বংস হয়ে থাকতে পারে।
তিনি বলেন, ইরান বিদেশ থেকে কিছু অস্ত্র সংগ্রহ করলেও তার পরিমাণ খুবই কম। দেশটি যে বিপুলসংখ্যক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, তার তুলনায় বিদেশি অস্ত্রের পরিমাণ নগণ্য।
তবে কাস্পিয়ান সাগর দিয়ে শুধু রাশিয়া থেকে ইরানে অস্ত্র যায়নি, উল্টো দিকেও সরবরাহ হয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি শাহেদ অ্যাটাক ড্রোন ও ফাতাহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ২০২২ ও ২০২৩ সালে এসব অস্ত্র রাশিয়ার কাছে বিক্রি করেছিল তেহরান।
চীনের অস্ত্র সরবরাহ
ইরানের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন দীর্ঘদিন ধরেই দেশটিকে অস্ত্র সরবরাহ করছে বলে ধারণা করা হয়। দুই দেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সঙ্গেও সম্পর্ক বজায় রাখতে চায় বেইজিং। চলমান যুদ্ধে ইরান এসব দেশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
চীন ও ইরানের অস্ত্র বাণিজ্য বর্তমান যুদ্ধের আগেই শুরু হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে মিডল ইস্ট আই এক বিশেষ প্রতিবেদনে জানায়, আগের মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর চীন ইরানকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহ করেছিল। সরবরাহ সম্পর্কে অবগত একজন আরব কর্মকর্তা এ তথ্য জানিয়েছিলেন। চলমান যুদ্ধের আগে ২৪ ফেব্রুয়ারি রয়টার্স জানায়, চীন থেকে জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছিল ইরান। এ বিষয়ে আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ছয়টি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
মিডল ইস্ট আইকে আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তারা জানান, চীন ইরানকে লয়টারিং মিউনিশন বা কামিকাজে ড্রোনও সরবরাহ করেছে। এরপর জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের স্বল্পস্থায়ী যুদ্ধবিরতির সময় রয়টার্স জানায়, হংকংভিত্তিক একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে চীনের তৈরি সর্বোচ্চ ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বা ম্যানপ্যাডস ইরানকে দেওয়ার পরিকল্পনা ছিল। ৬ কোটি থেকে ৭ কোটি ডলারের এই চুক্তির বিষয়ে অবগত তিনটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
তবে এসব অস্ত্র সরবরাহের কোনো ঘটনাই স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। চীনও প্রায়ই এ ধরনের অভিযোগ অস্বীকার করে। কারণ, ইরানের কাছে অস্ত্র বিক্রি করলে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি রয়েছে।
ম্যানপ্যাডস বিক্রির খবরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, চুক্তিটি হলে তা ‘বিস্ময়কর’ হবে। কারণ, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং তাঁকে আশ্বাস দিয়েছিলেন, চীন যুদ্ধে অংশ নেবে না। তবে ট্রাম্পের বক্তব্যের সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের অবস্থানের অমিল দেখা যায়। কারণ, এর মাত্র এক মাস আগে জুনে ইরানের কাছে চীনের ম্যানপ্যাডস বিক্রির বিষয়ে উদ্বেগ জানিয়েছিল দপ্তরটি।
ইরানকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উপকরণ সরবরাহের জন্যও চীনের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। এসব উপকরণের মধ্যে রয়েছে চিপ তৈরির প্রযুক্তি এবং সোডিয়াম পারক্লোরেটের মতো দ্বৈত ব্যবহারযোগ্য রাসায়নিক। রকেটের জ্বালানি তৈরিতে সোডিয়াম পারক্লোরেট গুরুত্বপূর্ণ উপাদান।
তেহরান ও বেইজিংয়ের সম্পর্কের অন্যতম ভিত্তি হলো ইরানের তেলের প্রধান ক্রেতা হিসেবে চীনের ভূমিকা। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে চীন গোপনে এবং বাজারদরের চেয়ে কম দামে ইরানের তেল কিনে আসছে। এই বাণিজ্য পশ্চিমা নিয়ন্ত্রিত আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন ইরানের জন্য অর্থনৈতিকভাবে টিকে থাকার গুরুত্বপূর্ণ অবলম্বন। তবে গত এপ্রিল থেকে ইরানের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে তেল বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে।
বিভিন্ন দেশ থেকে আসছে অস্ত্রের যন্ত্রাংশ
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়। যুক্তরাষ্ট্রে তৈরি কিছু সস্তা সার্কিট বোর্ডসহ ইলেকট্রনিক যন্ত্রাংশ জটিল ও অস্বচ্ছ মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে ইরানে পৌঁছায়। এসব নেটওয়ার্ক বিশ্বের কয়েক ডজন দেশে বিস্তৃত। এর মধ্যে ইরানের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠানও রয়েছে।
ইরানের অস্ত্রের মধ্যে শনাক্ত হওয়া যন্ত্রাংশ এবং আন্তর্জাতিক বাণিজ্যের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, কিছু উপকরণ এসেছে জাপান, জার্মানি ও ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশ থেকে। এসব পণ্য সাধারণত বেসামরিক ব্যবহারের কথা বলে আমদানি করা হয়। একাধিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকৃত ক্রেতা হিসেবে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরিচয় গোপন রাখা হয়।
জটিল সরবরাহব্যবস্থা ও অসম্পূর্ণ শুল্কতথ্যের কারণে ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং অন্যান্য দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য কীভাবে ইরানে পৌঁছায়, তার পূর্ণ চিত্র পাওয়া কঠিন। তবে ককেশাস অঞ্চল, তুর্কমেনিস্তান ও মধ্য এশিয়ার অন্যান্য দেশ হয়ে স্থলপথে এসব পণ্য ইরানে প্রবেশের প্রমাণ রয়েছে। পাশাপাশি আকাশপথে এবং কাস্পিয়ান সাগর দিয়ে পণ্যবাহী জাহাজেও এসব সরঞ্জাম আনা হয়।
সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ
ইরানের নৌবন্দর অবরোধের পাশাপাশি দেশটির সাতটি স্থলসীমান্তবর্তী প্রতিবেশীকে সীমান্ত দিয়ে পণ্য চলাচল নিয়ন্ত্রণের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তান। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের সঙ্গে ১ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার করতে ইরাককে চাপ দিয়েছে ওয়াশিংটন। আলোচনার বিষয়ে অবগত কূটনীতিকদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।
গত মাসে পাকিস্তানও একই ধরনের মার্কিন চাপের মুখে ইরানের সঙ্গে দুটি সীমান্ত ক্রসিং দিয়ে বাণিজ্য বন্ধ করে দেয়। এতে সড়কপথে চলাচলকারী পণ্যবাহী যানবাহন আটকা পড়ে। ইরানের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাও যুক্তরাষ্ট্রের হামলার লক্ষ্য হয়েছে। জুলাইয়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশে তুর্কমেনিস্তানের সঙ্গে সংযোগকারী রেলপথের একটি প্রত্যন্ত সেতুতে বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। কয়েক দিন পর সেতুটি পুনর্নির্মাণের দাবি করে ইরান।
কাস্পিয়ান সাগর এলাকায় মার্চে ইসরায়েল ইরানের বন্দর আনজালিতে হামলা চালায়। জুলাইয়ে ইউক্রেনও ইরান থেকে রাশিয়াগামী একটি তেলবাহী জাহাজে হামলা করে। রাশিয়ার যুদ্ধে জাহাজটির ভূমিকার কথা উল্লেখ করে হামলার পক্ষে যুক্তি দেয় কিয়েভ।
যুক্তরাষ্ট্রের সামনে বাধা
সেমিকন্ডাক্টরের মতো দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য শিশুদের খেলনা থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রে ব্যবহৃত হয়। ফলে এসব পণ্যের প্রকৃত ব্যবহার এবং শেষ ব্যবহারকারী শনাক্ত করা কঠিন। সরবরাহব্যবস্থা নিয়ে তদন্তকারী প্রতিষ্ঠান হেইমডালের প্রধান নির্বাহী ড্যামিয়েন স্প্লিটার্স মিডল ইস্ট আইকে বলেন, একাধিক মধ্যস্থতাকারীর হাত ঘুরে যাওয়ার পর কোনো পণ্যের শেষ ব্যবহারকারী কে, তা শনাক্ত করতে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো প্রায়ই সমস্যায় পড়ে।
তাঁর মতে, সীমান্ত দিয়ে এসব পণ্য অন্যদিকে সরিয়ে নেওয়া বন্ধ করতে ইরানের প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রয়োজন। টাস্কফোর্সটির সফলতার জন্য এই সহযোগিতা গুরুত্বপূর্ণ। তবে মারমারা বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও ইসলামি দেশবিষয়ক ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক সেরহান আফাচান মনে করেন, ইরানের সব প্রতিবেশীকে বাণিজ্য বন্ধ করতে রাজি করানোর মতো যথেষ্ট প্রভাব যুক্তরাষ্ট্রের নেই।
তিনি বলেন, নতুন টাস্কফোর্সের মাধ্যমে যুদ্ধের সময় নিরপেক্ষ অবস্থান বজায় রাখা দেশগুলোর ওপরও চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। এসব দেশের নিরপেক্ষ অবস্থান ছেড়ে দেওয়ার তেমন কোনো কারণ নেই। বিশেষ করে এতে তেহরানের সঙ্গে তাদের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে।
ইরানের সঙ্গে পাকিস্তানের ব্যাপক বাণিজ্য রয়েছে। দুই দেশের সীমান্তবর্তী দুর্গম ও নিয়ন্ত্রণহীন এলাকাগুলো দিয়ে কালোবাজারে ইরানি পেট্রল ও ডিজেল আমদানির ওপর পাকিস্তানের নির্ভরতা বাড়ছে। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নেওয়ার চেষ্টা করছে ইসলামাবাদ।
আফাচান বলেন, আয়রন গেট উদ্যোগে সক্রিয়ভাবে অংশ নিলে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। ইরানের অর্থনৈতিক বিচ্ছিন্নতা বাড়ানোর অভিযানে সরাসরি যুক্ত না হওয়ার যথেষ্ট কারণ রয়েছে ইসলামাবাদের।
ইরাক তার বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় বিদ্যুৎব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় গ্যাসের বড় অংশ ইরান থেকে আমদানি করে। তাই যুক্তরাষ্ট্রের দাবি অনুযায়ী, সীমান্তের দুটি ছাড়া বাকি সব ক্রসিং বন্ধ করতে এখনো রাজি হয়নি বাগদাদ। এমন সিদ্ধান্ত নিলে তেহরানের পাল্টা প্রতিক্রিয়া এবং দেশের অভ্যন্তরে জনঅসন্তোষের আশঙ্কা রয়েছে।
আফগানিস্তানের তালেবান সরকারের কাছ থেকেও সীমান্ত দিয়ে পণ্য রপ্তানি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি আদায় করা কঠিন। দেশটির সীমান্তের ওপর তালেবানের নিয়ন্ত্রণ সীমিত। ২০২১ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রকে সেনা প্রত্যাহার করতে হয়েছিল।
কাস্পিয়ান সাগর ইরানের অস্ত্র পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হলেও সেখানে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক উপস্থিতি নেই। ২০১৮ সালের একটি চুক্তি অনুযায়ী, কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ ছাড়া অন্য কোনো দেশ সেখানে সামরিক অভিযান পরিচালনা করতে পারবে না।
আফাচান বলেন, আজারবাইজানসহ কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলো এ বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা আজারবাইজানের স্বার্থ হলেও সাগরটির বিদ্যমান আইনি কাঠামো ক্ষতিগ্রস্ত করা বা ইরানের সঙ্গে উত্তেজনা বাড়ানোর মতো পদক্ষেপ এড়ানোর কারণও রয়েছে দেশটির।
কাস্পিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি গড়ে তোলার চেষ্টা রাশিয়াকে বিশেষভাবে ক্ষুব্ধ করতে পারে। পিটার উইজম্যান বলেন, রাশিয়া কাস্পিয়ান সাগরকে নিজেদের প্রভাববলয় বা নিজস্ব এলাকা মনে করে। তাই সেখানে জাহাজে উঠে তল্লাশি চালানোর মতো অভিযান যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে তিনি মনে করেন না। বিশেষ করে রাশিয়া থেকে সরাসরি আসা জাহাজের ক্ষেত্রে এমন অভিযান চালানোর সম্ভাবনা নেই।
আয়রন গেট ইরানের অস্ত্রভান্ডারে বড় প্রভাব ফেলতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। উইজম্যানের মতে, অতিরিক্ত ২০ জন সদস্য দিয়ে খুব বেশি কিছু করা সম্ভব হবে না। কারণ, ইরানের অস্ত্র সংগ্রহ বন্ধে আগে থেকেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।
আয়রন গেট নিয়ে ইরান ও রাশিয়ার প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্রের নতুন উদ্যোগকে গুরুত্ব দিতে চায়নি ইরান। গত ৮ নভেম্বর ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ‘আয়রন গেট পরিকল্পনা কেবল কথার মারপ্যাঁচ।’ তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ সৃষ্টি করে দেশটির অর্থনীতির পতন ঘটানোর লক্ষ্য অর্জন করতে পারবে না যুক্তরাষ্ট্র। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন বলেছিল, দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি ভেঙে পড়বে। সেই পূর্বাভাসের কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
গত ১০ নভেম্বর ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। সেখানে যুক্তরাষ্ট্রের একতরফা পদক্ষেপ এবং তথাকথিত আয়রন গেট পরিকল্পনা কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে আলোচনা হয়। পরে গরিবাবাদি বলেন, সাধারণ হুমকি মোকাবিলায় সমন্বয় ও সহযোগিতা প্রয়োজন বলে তেহরান ও মস্কো মনে করে।
পরদিন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইরানি কর্তৃপক্ষের অবস্থানের প্রতি মস্কোর পূর্ণ সমর্থন রয়েছে। নতুন মার্কিন উদ্যোগকে আন্তর্জাতিক আইনের নীতিমালার প্রকাশ্য লঙ্ঘন এবং উত্তেজনাকর ও উসকানিমূলক পদক্ষেপ বলেও উল্লেখ করে রাশিয়া।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা নিয়ে চীন এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।













