
চীনের নতুন প্রজন্মের বিলিয়নিয়ারেরা শুধু বিপুল সম্পদের মালিকই নন, তাঁরা একই সঙ্গে রহস্যময়ও। বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে তুলেও তাঁদের অনেকেই গণমাধ্যমের সামনে আসতে অনাগ্রহী। প্রচারের আলো এড়িয়ে চলা, ব্যক্তিগত জীবন গোপন রাখা এবং নীরবে বিশ্ববাজার দখল করাই যেন তাঁদের নতুন বৈশিষ্ট্য।
এর সবচেয়ে আলোচিত উদাহরণ ডিপসিকের প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েনফেং। গত বছরের শুরুতে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানটি পশ্চিমা প্রযুক্তি দুনিয়ায় ব্যাপক আলোড়ন তুললেও এর প্রতিষ্ঠাতা সম্পর্কে খুব কমই জানা যেত। এখন ডিপসিকের বাজারমূল্য প্রায় ৭১ বিলিয়ন ডলারে পৌঁছানোর পথে। ফলে লিয়াংয়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ আনুমানিক ৩৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে—যা অ্যানথ্রপিকের দারিও আমোদেই বা ওপেনএআইয়ের স্যাম অল্টম্যানের সম্পদের চেয়েও বেশি।
তবু লিয়াংকে আন্তর্জাতিক সম্মেলনের মঞ্চে দেখা যায় না। চীনা টেলিভিশনেও তাঁর সরাসরি উপস্থিতি নেই বললেই চলে। তাঁর ছবি বা ভিডিওচিত্রও অপ্রতুল। এই গোপনীয়তাই তাঁকে চীনের নতুন প্রজন্মের তরুণ ধনকুবেরদের প্রতীক করে তুলেছে।
ধনীদের তালিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান হুরুন-এর হিসাবে, চলতি বছর চীনে ৪০ বছর বা তার কম বয়সী স্বনির্মিত বিলিয়নিয়ারের সংখ্যা অন্তত ২৯। লিয়াংকে যুক্ত করলে সংখ্যাটি দাঁড়ায় ৩০—যা গত বছরের তুলনায় ৯ জন বেশি। তবে তাঁদের ব্যবসার ধরন আগের প্রজন্মের চীনা ধনীদের থেকে একেবারেই আলাদা।
১৯৮০-এর দশকে চীনের রাষ্ট্রীয় সম্পদকে বেসরকারি ব্যবসায় রূপান্তর করে একদল শিল্পপতি ধনী হয়েছিলেন। ১৯৯০-এর দশকে আবাসন খাতের উত্থানে তৈরি হয় দেশটির নতুন বিলিয়নিয়ার শ্রেণি। পরবর্তী সময়ে বিওয়াইডির ওয়াং চুয়ানফুদের মতো শিল্প উদ্যোক্তারা চীনের উৎপাদনশিল্পকে বিশ্ববাজারে নিয়ে যান। ২০১০-এর দশকে আলিবাবার জ্যাক মা, টেনসেন্টের পনি মা এবং পরে টিকটকের বাইটড্যান্স ও শেইনের প্রতিষ্ঠাতারা চীনের প্রযুক্তিনির্ভর নতুন ধনকুবের শ্রেণির জন্ম দেন।
কিন্তু বর্তমান প্রজন্মের ঝোঁক ভিন্ন। হুরুনের তালিকায় তরুণ বিলিয়নিয়ারদের দুই-তৃতীয়াংশের বেশি ভোক্তা পণ্য বা গণমাধ্যম ব্যবসা থেকে অর্থ উপার্জন করেছেন। কেউ ভিডিও গেম তৈরি করেছেন, কেউ চা-কফির ব্যবসা গড়েছেন। লিয়াংয়ের পর চীনের সবচেয়ে ধনী তরুণ উদ্যোক্তা ওয়াং নিং, যিনি জনপ্রিয় লাবুবু পুতুল বিক্রি করা পপ মার্টের প্রতিষ্ঠাতা। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে এখনো মাত্র কয়েকজন বড় সম্পদ তৈরি করতে পেরেছেন।
চীনের রহস্যময় এসব বিলিয়নিয়ারের ব্যবসার আরেকটি বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক বিস্তার। চীনা উদ্যোক্তাদের একসময় বিদেশে ব্যবসা সম্প্রসারণে এক দশক বা এর চেয়েও বেশি সময় লাগত। এখন পরিস্থিতি বদলে গেছে। চাগির প্রতিষ্ঠাতা ৩৩ বছর বয়সী ঝাং জুনজি ২০১৭ সালে ব্যবসা শুরু করে মাত্র দুই বছরের মধ্যে বিদেশে প্রথম দোকান খোলেন। বর্তমানে প্রতিষ্ঠানটি ৯টি দেশে কার্যক্রম পরিচালনা করছে এবং নিউইয়র্কের শেয়ারবাজারে তালিকাভুক্ত।
দেশের দুর্বল ভোক্তা ব্যয়ের কারণে বিদেশি বাজারের ওপর নির্ভরতাও বেড়েছে। ড্রিম-এর প্রায় ৮০ শতাংশ বিক্রি বিদেশে। ইনস্টা ৩৬০-ও বিদেশি ক্রেতার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। পপ মার্ট গত বছর চীনের বাইরে দুই বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে, যা মোট বিক্রির প্রায় ৪০ শতাংশ।
কাজের সংস্কৃতিতেও এসেছে পরিবর্তন। একসময় চীনা প্রযুক্তি খাতে ‘৯৯৬’ সংস্কৃতি—সকাল ৯টা থেকে রাত ৯ টা, সপ্তাহে ছয় দিন কাজ—ছিল বহুল প্রচলিত। নতুন প্রজন্মের উদ্যোক্তারা তুলনামূলক নমনীয় কর্মপরিবেশে বিশ্বাসী। ডিপসিকের লিয়াংয়ের মতে, মানুষের মস্তিষ্ক দিনে ছয় থেকে আট ঘণ্টার বেশি কার্যকরভাবে মনোযোগ ধরে রাখতে পারে না; অতিরিক্ত কাজ ভুল বাড়ায়।
তবে চীনের নতুন বিলিয়নিয়ারদের পথ পুরোপুরি নিরাপদ নয়। সরকারের সঙ্গে ধনকুবেরদের সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোতে অবনতি হয়েছে। জ্যাক মা-র ব্যবসায়িক সাম্রাজ্যের ওপর ২০২০ সালের পর সরকারি নিয়ন্ত্রণ জোরদার হয়। প্রেসিডেন্ট সি চিনপিংয়ের ‘সবার জন্য সমৃদ্ধি’ নীতির আওতায় সম্পদবৈষম্য কমানোর উদ্যোগও ধনীদের জন্য নতুন বাস্তবতা তৈরি করেছে।
একই সঙ্গে চীন-আমেরিকা সম্পর্কের অবনতিও তাঁদের বৈশ্বিক ব্যবসাকে ঝুঁকিতে ফেলছে। আকস্মিক সরকারি নীতি পরিবর্তনে যে কোনো সময় ব্যবসা বাধাগ্রস্ত হতে পারে—এমন আশঙ্কা তাঁদের মধ্যে রয়েছে। তাই প্রচার এড়িয়ে চলাই হয়তো তাঁদের কৌশল। তাঁরা বুঝেছেন, নীরব থাকলে হয়তো দীর্ঘদিন টিকে থাকা সহজ হবে।
ফলে চীনের নতুন বিলিয়নিয়ারেরা এক অদ্ভুত বৈপরীত্যের প্রতিচ্ছবি—তাঁরা আগের যে কোনো প্রজন্মের চেয়ে বেশি বৈশ্বিক, অথচ একই সঙ্গে সবচেয়ে রহস্যময়।
দ্য ইকোনমিস্ট অবলম্বনে

ডোনাল্ড ট্রাম্প চীন থেকে এক ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। দেশটির কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে এক যুগান্তকারী অগ্রগতি যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত আধিপত্যকে নাড়িয়ে দেওয়ার শঙ্কা তৈরি করেছে। চীনা প্রতিষ্ঠান মুনশটের তৈরি ওপেন সোর্স এআই মডেল ‘কিমি কে৩’ বাজারে আসার পর থেকেই শেয়ারবাজারে
১ দিন আগে
অনলাইনে প্রশ্নফাঁস নিয়ে যে ক্ষোভের সূচনা হয়েছিল, তা খুব দ্রুতই এমন এক প্রজন্মগত গণবিদ্রোহে রূপ নিয়েছে, যা একটি সিস্টেম বা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এই ব্যবস্থা তরুণ ভারতীয়দের ব্যবহার করে ফেলে দেওয়ার মতো বস্তু হিসেবেই বিবেচনা করে। জবাবদিহির প্রশ্নটি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দোরগোড়ায়
১ দিন আগে
স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচের কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে উদ্দেশ্য করে একটি বার্তা পাঠান। তিনি বলেন, ‘হাভিয়ের, আপনি একজন সত্যিকারের বন্ধু, অসাধারণ বন্ধু। আমরা আপনাকে এবং আর্জেন্টিনাকে সমর্থন করি।...
২ দিন আগে
ভূরাজনৈতিক সংঘাতের সময় অপরিশোধিত তেলের তুলনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে ডিজেল। কারণ, এই জ্বালানির ওপর নির্ভরশীল পরিবহন, কৃষি, শিল্প, নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদনের মতো অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো।
২ দিন আগে