অপহৃত ধনীর দুলালি থেকে সশস্ত্র গেরিলা: যে ঘটনা ওয়াটারগেট কেলেঙ্কারিকেও ছাড়িয়ে যায়

‘মা, বাবা, আমি এমন একটি সশস্ত্র দলের সঙ্গে আছি যাদের কাছে স্বয়ংক্রিয় অস্ত্র রয়েছে।’ ১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বার্কলেতে নিজের ফ্ল্যাট থেকে অপহৃত হয়েছিলেন ১৯ বছর বয়সী কলেজছাত্রী ও একটি মিডিয়া সাম্রাজ্যের উত্তরাধিকারী প্যাটি হার্স্ট। অপহরণের এক সপ্তাহ পর একটি অডিও টেপে তাঁর এই কণ্ঠস্বর শুনে পরিবার জানতে পারে যে তিনি বেঁচে আছেন।
যেকোনো মা-বাবার জন্য দুঃস্বপ্নের মতো এই ঘটনাটি দ্রুতই এক অভাবনীয় মোড় নেয়। অভিজাত পরিবার, মানসিক ট্রমা এবং উগ্রপন্থী সহিংসতার মিশেলে প্যাটি হার্স্টের এই ঘটনাটি সে সময় পুরো যুক্তরাষ্ট্রকে নাড়িয়ে দিয়েছিল। এই ঘটনা টেলিভিশন কাভারেজের দিক থেকে তৎকালীন ‘ওয়াটারগেট কেলেঙ্কারি’কেও টেক্কা দিয়েছিল।
অপহরণের মাত্র দুই মাস পর একটি ব্যাংক ডাকাতির সময় সিসিটিভি ক্যামেরায় মেশিনগান হাতে প্যাটি হার্স্টের ছবি ধরা পড়লে বিশ্বজুড়ে তীব্র বিস্ময়ের সৃষ্টি হয়। প্রশ্ন ওঠে—তাঁকে কি ‘ব্রেইনওয়াশ’ বা মগজধোলাই করা হয়েছে, নাকি তিনি স্বেচ্ছায় অপহরণকারীদের সহযোগী হয়ে উঠেছেন? এর প্রায় দুই বছর পর ১৯৭৬ সালের ২০ মার্চ আদালতে অপহরণকারীদের পক্ষ নিয়ে অপরাধে জড়ানোর দায়ে দোষী সাব্যস্ত হন তিনি।
কারা অপহরণ করেছিল এবং কেন?
প্যাটি হার্স্টকে অপহরণ করেছিল ‘সিম্বায়োনিজ লিবারেশন আর্মি’ (এসএলএ) নামের একটি স্বল্পপরিচিত উগ্র-বামপন্থী সশস্ত্র গোষ্ঠী। সে সময় বিবিসির মার্কিন সংবাদদাতা জন হামফ্রিস জানিয়েছিলেন, নিজেদের প্রচারপত্র ছাড়া এই গোষ্ঠীটি সম্পর্কে খুব কমই জানা যেত, তবে নিজেদের উদ্দেশ্য হাসিলে তারা হত্যা করতেও পিছপা হতো না।
১৯৭৩ সালের নভেম্বরে ওকল্যান্ডের স্কুল সুপারিনটেনডেন্ট মার্কাস ফস্টারকে সায়ানাইড-মাখানো গুলি ছুড়ে হত্যা করেছিল এই গোষ্ঠী। আর প্যাটি হার্স্ট ছিলেন তাদের দ্বিতীয় শিকার। জন হামফ্রিসের ভাষায়, প্যাটির একমাত্র ‘অপরাধ’ ছিল তিনি অত্যন্ত ধনী ও প্রভাবশালী হার্স্ট পরিবারে জন্মগ্রহণ করেছিলেন—যাদের সংবাদমাধ্যমের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল এবং এসএলএ-র চোখে যা ছিল পুঁজিবাদী সমাজের প্রতীক।
প্যাটির বাবা র্যান্ডলফ হার্স্ট ছিলেন ‘সান ফ্রান্সিসকো এক্সামিনার’-এর সম্পাদক এবং পারিবারিক মিডিয়া সাম্রাজ্যের প্রধান। আর তাঁর দাদা উইলিয়াম র্যান্ডলফ হার্স্ট ছিলেন সেই কিংবদন্তি সংবাদপত্র ব্যবসায়ী, যাঁর জীবন অবলম্বনে নির্মিত হয়েছিল বিখ্যাত চলচ্চিত্র ‘সিটিজেন কেইন’।
ইতিহাসের সবচেয়ে অদ্ভুত মুক্তিপণ
অপহরণের কয়েক দিনের মধ্যেই সংবাদমাধ্যমগুলোতে ক্যাসেট বার্তা পাঠাতে শুরু করে এসএলএ। তারা দাবি জানায়, ক্যালিফোর্নিয়ার দরিদ্র মানুষের জন্য হার্স্ট পরিবারকে বিশাল এক খাদ্য বিতরণ কর্মসূচির তহবিল জোগাতে হবে। এসএলএ নেতা ডোনাল্ড ‘সিনকিউ’ ডিফ্রিজ হুমকি দেন, ক্ষুধার্ত মানুষের জীবন বাঁচাতে তিনি প্যাটিকে হত্যা করতেও দ্বিধা করবেন না।
একই টেপে প্যাটি হার্স্ট তাঁর মা-বাবাকে জানান, অপহরণকারীরা কেবল একদল পাগল নয়, বরং তারা তাঁর সঙ্গে অত্যন্ত সৎ আচরণ করেছে এবং নিজেদের আদর্শের জন্য জীবন দিতেও প্রস্তুত।
মেয়েকে বাঁচাতে হার্স্ট পরিবার ২০ লাখ ডলারের খাদ্য বিতরণের এই অভিনব মুক্তিপণের দাবিতে রাজি হয়, যা ইতিহাসের অন্যতম অদ্ভুত মুক্তিপণ হিসেবে পরিচিতি পায়। লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোর দরিদ্র এলাকাগুলোতে টার্কি, রুটি, দুধ, ডিম ও ফলমূল বিতরণের কেন্দ্র খোলা হয়।
তবে ওকল্যান্ডে খাদ্য বিতরণের সময় জানালা দিয়ে খাবার ছুড়ে মারলে প্রায় ৫ হাজার মানুষের ভিড়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ক্ষুব্ধ জনতা খাবারের ক্যান ছুড়ে মারলে একজন পুলিশ সদস্য ছুরিকাহত হন এবং একজন অজ্ঞান হয়ে পড়েন। অনেকেই এসএলএ-র এই কর্মকাণ্ডের প্রতিবাদে খাবার নিতে অস্বীকৃতি জানান। এক স্থানীয় বাসিন্দা বলেছিলেন, ‘এক ব্যাগ বাজারের চেয়ে মানুষের জীবনের মূল্য আমার কাছে বেশি।’
ভুক্তভোগী থেকে ‘সশস্ত্র গেরিলা’ তানিয়া
অপহরণকারীদের গোপন আস্তানায় তীব্র মানসিক চাপের মধ্যে এক মাস কাটানোর পর ১৯৭৪ সালের ৩ এপ্রিল প্যাটি হার্স্টের আরেকটি বিস্ফোরক অডিও বার্তা প্রকাশিত হয়। সেখানে তিনি ঘোষণা দেন, ‘আমাকে দুটি বিকল্প দেওয়া হয়েছিল—নিরাপদ স্থানে মুক্তি পাওয়া, অথবা সিম্বায়োনিজ লিবারেশন আর্মিতে যোগ দিয়ে নিজের ও নিপীড়িত মানুষের মুক্তির জন্য লড়াই করা। আমি থেকে যাওয়া এবং লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি জানান, বলিভিয়ায় মার্ক্সবাদী বিপ্লবী চে গুয়েভারার সঙ্গে লড়াই করা এক জার্মান-ইহুদি গেরিলার নামানুসারে এসএলএ তাঁর নতুন নাম রেখেছে ‘তানিয়া’। টেপটির সঙ্গে প্রকাশিত একটি পোস্টারে এসএলএ-র প্রতীক সাত মাথাওয়ালা গোখরা সাপের সামনে সামরিক পোশাকে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে প্যাটিকে দেখা যায়।
তাঁর বাবা র্যান্ডলফ হার্স্ট অবিশ্বাসের সুরে সাংবাদিকদের বলেছিলেন, ‘আমরা তাঁকে ২০ বছর ধরে চিনি, আর ওরা তাঁকে পেয়েছে মাত্র ৬০ দিন। আমি বিশ্বাস করি না সে এত দ্রুত বা স্থায়ীভাবে নিজের আদর্শ বদলে ফেলবে।’
কিন্তু এর মাত্র ১২ দিন পর, ১৫ এপ্রিল সান ফ্রান্সিসকোর একটি ব্যাংকে ডাকাতির সিসিটিভি ফুটেজে অ্যাসল্ট রাইফেল হাতে প্যাটি হার্স্টকে দেখা গেলে সব হিসাব পাল্টে যায়। এক সপ্তাহ পর আরেকটি টেপে তিনি নিজেকে ‘পিপলস আর্মির একজন সৈনিক’ হিসেবে দাবি করেন এবং অপহরণের সময় তাঁর সঙ্গে থাকা বাগদত্তা স্টিভেন উইডকে ‘নারীবিদ্বেষী’ বলে তিরস্কার করেন।
সরাসরি সম্প্রচারিত বন্দুকযুদ্ধ ও গ্রেপ্তার
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়লে এসএলএ সদস্যরা লস অ্যাঞ্জেলেসের কম্পটনে সরে যায়। ১৭ মে এফবিআই তাদের গোপন আস্তানা ঘিরে ফেলে। টিয়ার গ্যাস ও পাল্টাপাল্টি গুলিবিনিময়ের একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরে যায় এবং এসএলএ-র ছয় সদস্য নিহত হন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটিই ছিল টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত প্রথম কোনো বন্দুকযুদ্ধ। সে সময় ডিজনিল্যান্ডের কাছে একটি মোটেল কক্ষে বসে টেলিভিশনে সেই দৃশ্য দেখছিলেন প্যাটি হার্স্ট, অথচ ঘণ্টার পর ঘণ্টা তাঁর মা-বাবা জানতেন না তাঁদের মেয়ে বেঁচে আছেন কি না।
নিহত সঙ্গীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১৯৭৪ সালের জুনে শেষ অডিও বার্তা দেওয়ার পর আত্মগোপনে চলে যান প্যাটি। এক বছরেরও বেশি সময় পলাতক থাকার পর ১৯৭৫ সালের ১৮ সেপ্টেম্বর সান ফ্রান্সিসকো থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। কর্মকর্তারা তাঁর পেশা জানতে চাইলে তিনি উত্তর দিয়েছিলেন, ‘শহুরে গেরিলা’ (আরবার গেরিলা)।
বিচার, ‘স্টকহোম সিনড্রোম’ এবং প্রেসিডেন্টের ক্ষমা
ব্যাংক ডাকাতির বিচার শুরুর সময় প্যাটি হার্স্টের অবস্থানে পরিবর্তন আসে। তাঁর আইনজীবীরা আদালতে যুক্তি দেন যে, মৃত্যুভয় দেখিয়ে, যৌন নির্যাতন চালিয়ে এবং ‘জোরপূর্বক প্ররোচনার’ মাধ্যমে তাঁকে মগজধোলাই করা হয়েছিল। বেঁচে থাকার তাগিদেই তিনি অপহরণকারীদের কথা শুনেছিলেন। আইনজীবীরা দাবি করেন, তিনি ‘স্টকহোম সিনড্রোম’-এ আক্রান্ত ছিলেন—যা অপহরণকারীদের প্রতি জিম্মির এক ধরনের অযৌক্তিক সহানুভূতি তৈরি করে।
অন্যদিকে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিরা তাঁর অডিও বার্তা ও ছবি উপস্থাপন করে দাবি করেন, পালিয়ে যাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও তিনি স্বেচ্ছায় ও সজ্ঞানে অপরাধে অংশ নিয়েছিলেন।
সাত সপ্তাহের বিচার শেষে ১৯৭৬ সালের ২০ মার্চ জুরি বোর্ড তাঁকে দোষী সাব্যস্ত করে এবং তাঁকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে ২২ মাস কারাভোগের পর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার তাঁর সাজা মওকুফ করেন এবং ২০০১ সালে প্রেসিডেন্ট বিল ক্লিনটন তাঁকে সম্পূর্ণ ক্ষমা প্রদান করেন।
মুক্তি পাওয়ার পর নিজের দেহরক্ষীকে বিয়ে করে শান্ত জীবনে ফিরে যান প্যাটি হার্স্ট। পরবর্তীতে লেখালেখি ও অভিনয়েও যুক্ত হন। ১৯৮১ সালে আত্মজীবনীর প্রচারণাকালে এবিসি নিউজের বারবারা ওয়াল্টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, এসএলএ-র সঙ্গে থাকার সময় তিনি বিশ্বাস করতেন না যে তাঁকে মগজধোলাই করা হয়েছে, কিন্তু পরে তাঁর সেই ধারণা বদলে যায়। প্যাটি বলেছিলেন, ‘আমার ব্যক্তিত্ব বেশ দৃঢ়। আমি ভাবতে পছন্দ করতাম না যে কেউ আমাকে ভেঙে ফেলতে বা নিয়ন্ত্রণ করতে পারে, অথচ তারা ঠিকই তা পেরেছিল।’









