
বহু বছর ধরে জনপ্রিয় পানীয় কোকা-কোলার সঙ্গে ইসরায়েলি সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যায়। কেউ বলে, কোকা-কোলা ইসরায়েলি পণ্য, আবার কেউ বলে কোকা-কোলা মুসলিম বিদ্বেষ ছড়াতে অর্থায়ন করে। নানা অভিযোগে বিশ্বজুড়ে বহু দেশে দীর্ঘদিন ধরে বয়কট আন্দোলনের মুখে কোকা-কোলা। কিন্তু প্রকৃত কারণটা কী? কোকো-কোলার সঙ্গে ইসরায়েলের আসলেই কোনো সম্পর্ক আছে? তারা কি ইসলাম বিদ্বেষ ছড়াতে সহায়তা করে?
উত্তরটা এত সহজ নয়। কোকা-কোলার মালিক কে?—নিজেদের ওয়েবসাইটে প্রতিষ্ঠানটি এই প্রশ্নের উত্তরে বলছে, ‘কোকা-কোলার মালিক একজন না, বরং এটি অনেক শেয়ারহোল্ডারের সম্মিলিত মালিকানায় পরিচালিত একটি বৃহৎ আন্তর্জাতিক কোম্পানি।’ কোকা-কোলার সবচেয়ে বড় শেয়ারহোল্ডার কে, সেই প্রশ্নেরও কৌশলী উত্তর দেওয়া হয়েছে। বলা হয়েছে ওয়ারেন বাফেটের মালিকানাধীন বার্কশায়ার হ্যাথওয়ে ইনকরপোরেশন নামের একটি বহুজাতিক প্রতিষ্ঠানের নাম।
তবে গাজা যুদ্ধের সঙ্গে এর সরাসরি একটি সম্পর্কও রয়েছে। ইসরায়েলে কোকা-কোলার ফ্র্যাঞ্চাইজি প্রতিষ্ঠানের নাম দ্য সেন্ট্রাল বোটলিং কোম্পানি, যারা ‘কোকা-কোলা ইসরায়েল’ নামেও পরিচিত। ফিলিস্তিনে ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে বেসরকারি খাত ও অর্থনীতির মধ্যে সংযোগ নিয়ে গবেষণা করা সংস্থা ‘হু প্রফিটস?’ –এর তথ্যমতে, কোকা-কোলা ইসরায়েলের দখল করা পূর্ব জেরুজালেমের আতারোত শিল্পাঞ্চলে একটি বিতরণ কেন্দ্র এবং কুলিং হাউস পরিচালনা করছে। শুধু তা-ই নয়, এই প্রতিষ্ঠানের তৈরি অন্যান্য পানীয়ের জন্য প্রয়োজনীয় ফলমূলও আসে পশ্চিম তীর ও সিরিয়ার গোলান মালভূতিতে ইসরায়েলের দখল করা ভূমি থেকে।
যদিও ইসরায়েলের দাবি, এসব কারখানা এবং ফলের বাগান ইসরায়েলের বৈধ জমিতে স্থাপিত। ইনস্টিটিউট অব প্যালেস্টাইন স্টাডিসের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ ইসরায়েলি বসতিগুলোর মধ্যে অন্যতম আতারোত। পূর্ব জেরুজালেমের বাইত হানিনা এবং কালানদিয়া চেকপয়েন্টের মাঝামাঝি এই এলাকার অবস্থান।
এ ছাড়া ২০২৪ সালের জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের যেকোনো ধরনের বসতি স্থাপন অবৈধ এবং ওই সব ভূমিতে নির্মিত সব বসতি আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধের শামিল। সে হিসেবে কোকা-কোলাও আন্তর্জাতিক অপরাধে প্রত্যক্ষভাবে জড়িত।
কোকা-কোলার সহযোগী প্রতিষ্ঠান দ্য সেন্ট্রাল বোটলিং কোম্পানির বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীকে (আইডিএফ) অনুদান দেওয়ার অভিযোগও রয়েছে। দ্য নিউ অ্যারাবের তথ্যমতে, ২০১৫ সালে কট্টর ডানপন্থী সংগঠন ইম তিরুৎসুকে প্রায় ১৪ হাজার ডলার অনুদান দিয়েছিল প্রতিষ্ঠানটি। যদিও এই অনুদানের বিষয় গোপন রাখার চেষ্টা করেছিল দুপক্ষই, তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা ব্যর্থ হয়।
ইম তিরৎসু ইসরায়েলের ডানপন্থী জায়নবাদী বেসরকারি সংস্থা, যারা নিজেদের মূলত ইসরায়েলের সংস্কৃতি ও আদর্শের রক্ষক হিসেবে দাবি করে। তবে বিভিন্ন পর্যবেক্ষক ও বিশ্লেষক সংস্থা এটিকে কট্টর ডানপন্থী, জায়নবাদী এবং রাজনৈতিকভাবে বিতর্কিত সংস্থা আখ্যা দিয়েছে।
কোকা-কোলার ফর্মুলা নিয়ে নানা কিংবদন্তি প্রচলিত আছে। বলা হয়, বিশ্বের বহু দেশের পারমাণবিক কর্মসূচির চেয়েও গোপন রাখা হয় এর পেটেন্ট করা ফর্মুলা। কিন্তু কোকা-কোলার অভ্যন্তরীণ করপোরেটের কেউ না হয়েও এই ফর্মুলা জানার সুযোগ পেয়েছিলেন এক ইহুদি রাব্বি (ইহুদি আলেম)। তাঁর নাম তুভিয়া গেফেন। মূলত কোকা-কোলাকে ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারে পান করার উপযুক্ত (হালাল) করতে তাঁকে এই ফর্মুলা জানার সুযোগ দেওয়া হয়েছিল।
কোকা-কোলার সঙ্গে ইসরায়েরের নানাভাবে সংযোগ থাকতে পারে। তবে এটি মূলত মার্কিন কোম্পানি, যার প্রধান কার্যালয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে। ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত কোকা-কোলা এযাবৎ বহুবার বর্জনের মধ্য দিয়ে গেলেও এটি বিশ্বের অন্যতম বৃহৎ সফট ড্রিংকস কোম্পানি।

বিগত ১০ বছরের অবস্থা যদি দেখেন, ২০১২ সালের পর সমুদ্রে তেমন কোনো অ্যাকটিভিটি হয়নি। আমাদের এত বড় এবং খুবই উপযোগী সমুদ্র আছে। এটি খুবই সম্ভাবনাময় স্থান। এর একদিক মিয়ানমারেও গ্যাস পাওয়া গেছে এবং অপরদিক ভারতেও গ্যাস পাওয়া গেছে। মাঝখানে আমাদের অংশটা এত দিন বসিয়ে রাখা হলো।
৬ দিন আগে
অবকাঠামো খাতে যে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি হয়েছে, সেখানে তো শ্রমিকের বিষয় হ্যান্ডেল করতে হয়নি। কোনো ধরনের ঝামেলাও সেখানে পোহাতে হয়নি। আর শতভাগ অর্থই রিটার্ন পাওয়া গেছে। কিন্তু যেসব কারখানায় পিপিপি হয়েছে, সেগুলোর কোনোটাই ভালোভাবে চলার নজির নেই।
১৩ দিন আগে
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ প্রাগৈতিহাসিক শিল্পকর্মের দেখা মেলে মালয়েশিয়ায়। পেরাক রাজ্যের রাজধানী ইপোহর কাছে তাম্বুন উপশহরে গুনুং পানজাং নামের একটি চুনাপাথরের পাহাড় আছে। সেখানে নব্য প্রস্তর যুগের যেসব শিলাচিত্র পাওয়া গেছে, সেগুলো ‘গুয়া তাম্বুন’ বা ‘তাম্বুন গুহাচিত্র’ নামে পরিচিত।
১৫ দিন আগে
১৯৭১ সালের ১৬ মার্চ আমি পশ্চিম পাকিস্তান থেকে ঢাকায় ফিরি। তাই মার্চের শুরুর দিকের উত্তাল গণ-আন্দোলন কিংবা ৭ মার্চের ভাষণ স্বচক্ষে দেখার সুযোগ আমার হয়নি। তবে মানুষের তীব্র ক্ষোভ বুঝতে পারছিলাম। বিশেষ করে পার্লামেন্টের অধিবেশন পিছিয়ে দেওয়ায় বাঙালিরা কতটা সংক্ষুব্ধ ছিল, তা অনুভব করা যাচ্ছিল।
২০ দিন আগে