
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে কোনো আয়নাঘর থাকবে না। এমনটাই জানিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা পুলিশের নবনিযুক্ত অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
আজ শনিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ‘মিট দ্যা প্রেসে’ রেজাউল করিম মল্লিক এ কথা বলেন। তিনি বলেন, ‘ডিবির কার্যালয়ে আর কোনো আয়নাঘর থাকবে না। মানুষের আস্থার স্থল হবে এটি। ডিবির নাম শুনলে মানুষ ভয় পাবে না, অপরাধীরা ভয় পাবে।’
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে। এখানে মানুষ ন্যায়বিচার পাবেন। আসামি যেই হোক না কেন, তিনি নির্যাতিত হবেন না। এখানে কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না, থাকবে না কোনো ভাতের হোটেল।’ ডিএমপির ডিবি অতীতের একাধিক প্রধানের বিভিন্ন ধরনের বিতর্কিত কার্যকলাপ ইঙ্গিত করে রেজাউল করিম মল্লিক এসব কথা বলেন।
সাবেক ডিবি প্রধান হারুন অর রশিদ বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা এবং সেলিব্রেটিদের নিয়ে অফিসে খাবার খাওয়াতেন। যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হতো। তাঁর এই কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। চলচ্চিত্র অঙ্গনের অনেককে ডিবি অফিসে ডেকে নেওয়া হয়েছে বিভিন্ন সময়। তাদের মুচলেকা দেওয়া এবং দুঃখ প্রকাশের ঘটনাও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয়েছে অতীতে।
সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া সমন্বয়কদের নিরাপত্তা দেওয়ার কথা বলে ডিবি অফিসে আটকে রাখা হয়। তাদের সঙ্গে হারুন অর রশিদের খাবার খাওয়া এবং তাদের দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া দেশব্যাপী সমালোচনা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুন অর রশিদ আত্মগোপনে চলে যান। এরপর থেকে তিনি আর কর্মস্থলে যাননি।
ডিবির এসব বিতর্কিত কর্মকাণ্ডের নেপথ্যে ছিলেন হারুন অর রশিদ। এই কর্মকাণ্ডের সমালোচনা করেছেন বর্তমান ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, ‘ডিবিতে এ ধরনের কার্যকলাপ আর হবে না। ডিবি অফিস মানুষের আস্থার স্থল হিসেবে গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, ‘ডিবি যে ভীতিকর কিছু নয়, তা গত ৫ আগস্টের পর থেকে আপনারা দেখছেন। মানুষের কাছে গণমাধ্যম তা পৌঁছে দিচ্ছে।’
ডিবিতে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তাকে আশ্রয় দেওয়া হবে না উল্লেখ করে রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবিতে সব চৌকস কর্মকর্তাদের প্রদান করা হয়েছে। এখানে কোনো অনিয়ম ও দুর্নীতি আশ্রয় পাবে না।’ তিনি বলেন, ‘ডিবির ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য যা যা করা প্রয়োজন, তা করা হবে। সাধারণ মানুষ যাতে সুবিচার পায় এবং অন্যায় জুলুম থেকে যাতে বাঁচতে পারে সেটি সুনিশ্চিত করা হবে।’ ডিবির কোনো কর্মকর্তা বা সদস্য যদি অনিয়ম অসদাচরণের সঙ্গে যুক্ত হয় তাহলে তাদেরও ছাড় দেওয়া হবে না বলে তিনি ঘোষণা দেন।
কিছুদিন পরই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ডিবির নতুন প্রধান সনাতন ধর্মীয় নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে তাদের নিরাপত্তার সব ধরনের বিষয় নিশ্চিত করা হয়েছে বলেও জানান।
আরও খবর পড়ুন:

গত ৩১ জুলাই মধ্যরাতে নান্দাইল ইউনিয়নের রসুলপুর বিলপাড় এলাকার একটি কাঁচা সড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী সরকারবিরোধী কর্মকাণ্ড এবং নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠক করছিলেন বলে পুলিশ তথ্য পায়।
৩ মিনিট আগে
দুবাইয়ে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের জামিন বাতিলে বাংলাদেশ সরকার ল ফার্ম নিয়োগ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজশাহীতে তিনি বলেন, জামিন বাতিলের জন্য ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং দ্রুত তাঁকে ফেরত আনার চেষ্টা চলছে।
৭ মিনিট আগে
নওগাঁর ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকায় মাঠে রোপা আমন ধানের চারা রোপণের সময় বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
১৮ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদীতে গোসল করতে নেমে রিপন (২১) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার নাকাটি ব্রিজ সংলগ্ন টাঙ্গন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন উপজেলার আকাশীল গ্রামের ফজলুর রহমানের ছেলে...
৩০ মিনিট আগে