
ঢাকা ও টঙ্গী শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে মঙ্গলবার সারা দিন সড়কে টহল দিয়েছেন সেনাবাহিনী, শিল্প পুলিশ ও বিজিবির সদস্যরা। সকাল থেকে সাভার-আশুলিয়া এলাকা শান্ত থাকলেও টঙ্গীতে চাকরিপ্রত্যাশী কয়েক শ শ্রমিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে আজও অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শিল্প পুলিশ-১ (আশুলিয়া) এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সাভার ও আশুলিয়ায় আজকের পরিস্থিতি স্বাভাবিক। শ্রমিকেরা নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিয়েছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজ না করায় ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।
পরে তাদের দেখাদেখি আরও কয়েকটি কারখানা ছুটি দিয়েছে। আজকে কোথাও শ্রমিকেরা সড়ক অবরোধ করেননি। ৫০-৬০টি কারখানা ছুটি দিয়েছে, বাকি কারখানাগুলোতে কাজ চলেছে। চাকরিপ্রত্যাশীদেরও আজ সড়কে দেখা যায়নি।
সকালের দিকে সাভার আশুলিয়ার শিমুলতলা এলাকার নাবা নিট কম্পোজিট লিমিটেড, পলাশবাড়ী এলাকার জিএবি (গিল্ডান) বন্ধ থাকতে দেখা যায়। নরসিংহপুর এলাকায় নাসা গ্রুপের শ্রমিকেরা কারখানায় এলেও কাজ শুরু না করায় ছুটি দিয়ে দেয় কর্তৃপক্ষ। একই এলাকার অনন্ত গার্মেন্টসের শ্রমিকদের বিকেলেও কারখানার সামনে অবস্থান নিয়ে থাকতে দেখা গেছে।
শিমুলতলা এলাকায় কাজ শুরুর দাবিতে বন্ধ থাকা দি ড্রেস অ্যান্ড দি আইডিয়াস নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নেন।
শ্রমিকেরা জানান, গত শনিবার চারজন মহিলা সুপারভাইজার ও একজন লাইনম্যানকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। পরদিন রোববার থেকে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। সোমবার দিবাগত রাতে শ্রমিকেরা জানতে পারেন, ট্রাকে করে কারখানা থেকে মালামাল সরিয়ে ফেলছে কর্তৃপক্ষ। এরপরই ভোরে তাঁরা কারখানার সামনে অবস্থান নেন।
এ সময় সড়কে টহলরত সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং বিষয়টি নিয়ে কারখানার মালিকপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে জানান। সেনাসদস্যরা শ্রমিকদের সড়ক অবরোধসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, ‘সুপারভাইজার ও লাইনম্যানকে চাকরি থেকে বাদ দিয়ে রোববার থেকে মালিক কারখানা বন্ধ করে দিয়েছেন। এরপর রাতে শুনি, ট্রাকে করে মালিকের লোকজন যন্ত্রপাতিসহ মালামাল নিয়ে যাচ্ছে। এখন আমাদের দাবি, কারখানা চালু হোক। আমাদের বেতনের সময় হয়েছে। বন্ধ থাকলে বেতন কবে পাব জানি না।’
এ বিষয়ে কারখানার মালিক হোসেইন বিন এম এ খালেক মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের এই কারখানা আপৎকালীন জানমালের নিরাপত্তার জন্য বন্ধ রয়েছে। কারখানাটি একেবারে বন্ধ করে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। শ্রমিকনেতাদের সঙ্গে ঢাকায় কোম্পানির বোর্ড অব ডিরেক্টররা আলোচনায় বসেছেন, এখনো আলোচনা চলছে। আশা করি, দ্রুতই সমস্যার সমাধান হয়ে যাবে।
মালামাল সরিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শিপমেন্টের জন্য প্রস্তুত কার্টনগুলো বের করা হয়েছে। সেগুলো তো ইন্সপেকশন করে শিপমেন্ট করতে হবে। বিক্ষুব্ধ শ্রমিক ভাইয়েরা হয়তো বুঝতে না পেরে এমনটা বলছেন।’
ছুটি দেওয়া কারখানার তালিকায় আরও রয়েছে এসওভি, দি রোজ ড্রেসেস লিমিটেড, পাইওনিয়ার, পলমল গ্রুপ, পার্ল গার্মেন্টস কোম্পানি লিমিটেড, স্কাই লাইন গ্রুপ, স্কাই লাইন অ্যাপারেলস লিমিটেড, আগামী অ্যাপারেলস, আয়েশা ক্লথিং কোম্পানিসহ অর্ধশতাধিক কারখানা।
তবে গত কয়েক দিন অশান্ত পরিবেশ থাকলেও আজ সকাল থেকে ঢাকা ইপিজেডের সামনের সড়ক ও ভেতরের কারখানার পরিবেশ ছিল স্বাভাবিক। ডিইপিজেডের মোট ৮৬টি শিল্পকারখানার সব কটিতেই শান্তিপূর্ণভাবে কাজ চলার কথা জানিয়েছে বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ।
এদিকে গাজীপুরের টঙ্গীতে চাকরিপ্রত্যাশী শ্রমিকেরা আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। সকালে টঙ্গীর সাতাইশ এলাকায় এ বিক্ষোভ করেন তাঁরা। একপর্যায়ে মহাসড়কসংলগ্ন দুটি পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের (টঙ্গী জোন) সহকারী পুলিশ সুপার মো. মোশারফ হোসেন বলেন, আন্দোলনকারীরা একটি দাবি নিয়ে আন্দোলন করছেন। তাঁরা কারখানাগুলোতে ভাঙচুর চালানোর চেষ্টা করেন।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৩ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
৩ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে