
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদ আওয়ামী লীগের লোক নন। তাঁরা নিজ নিজ যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিজ নিজ বাহিনীর শীর্ষপর্যায়ে উঠেছিলেন। তাঁদের অপকর্মের বিচারের সৎসাহস শেখ হাসিনার আছে।
আজ মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ঐতিহাসিক ৬ দফা দিবস এবং ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘বেনজীর আমাদের দলের লোক নয়। সিনিয়রিটি ও মেধা নিয়ে সে আইজিপি হয়েছে। আজিজও আমাদের দলের লোক নয়। তার যোগ্যতায় ও সিনিয়রিটিতে সে সেনাপ্রধান হয়েছে। এখন তারা যদি কোনো অপকর্ম করে এবং সেটা যখন সরকারের কাছে আসে, তখন এদের বিচার করার সৎসাহস শেখ হাসিনার আছে।’
এ সময় ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের সময় কেউ শাস্তি পায়নি। আপনাদের দলের নেতা নিজেই দুর্নীতিবাজ। সিঙ্গাপুর থেকে কোকোর (আরাফাত রহমান কোকো) টাকার একটা অংশ আনতে পেরেছি। এফবিআই ঢাকায় এসে তারেকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে গেছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে লক্ষ করেছি—বিরোধী দল বিএনপি দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, অর্থ পাচারের বিরুদ্ধে কথা বলছে। তাদের দলের প্রধান দুর্নীতির অভিযোগে সাজা ভোগ করছেন। প্রধানমন্ত্রীর উদারতায় বাসায় চিকিৎসা নিচ্ছেন। প্রধানমন্ত্রী নিজেই এটা করেছেন। বিএনপি আন্দোলন করতে পারেনি, তাদের আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়নি। হেরে যাওয়ার ভয়ে নির্বাচনেও অংশ নেয়নি।’
বাংলাদেশের ইতিহাসে দ্বাদশ সংসদ নির্বাচন তার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ হয়েছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দল বিএনপি যোগ না দিলেও এই নির্বাচন সবচেয়ে শান্তিপূর্ণ। ’৭৫-পরবর্তী সবচেয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল এবারের নির্বাচন। উপজেলা নির্বাচন নিয়েও এত কথা, জনগণ নাকি ভোট দিতে যায় না। অথচ প্রথম ধাপে ৩৬, দ্বিতীয় ধাপে ৩৭ এবং তৃতীয় ধাপে ৩৮ শতাংশেরও বেশি ভোটার উপস্থিতি ছিল। জাতীয় নির্বাচনেও ৪২ শতাংশ ভোটার উপস্থিতি ছিল। এখানে কোনো প্রাণহানি হয়নি।’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে পুলিশ, সেনাবাহিনী, র্যাবের, প্রশাসনের বড় পদে বসায়নি। আটজনকে পাশ কাটিয়ে ৯ নম্বর ব্যক্তি মঈন উ আহমেদকে সেনাপ্রধান করেছে। কে করেছে? বেগম খালেদা জিয়া। আশরাফুল, রকিবুল হুদা, কোহিনূর কার সৃষ্টি?’
এ সময় তিনি বিএনপির মহাসচিবকে উদ্দেশ্য করে বলেন, ‘মির্জা ফখরুল অন্ধকারে ঢিল ছুড়ছেন। ভুলে গেছেন, আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অস্ত্র চোরাচালান, মানি লন্ডারিংয়ের মামলায়, দুর্নীতির মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। আমাদের প্রধানমন্ত্রী দেশে-বিদেশে সর্বত্রই একজন সৎ পলিটিশিয়ান হিসেবে পরিচিত। তাঁর সততা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই।’ তিনি আরও বলেন, ‘আমাদের প্রধান প্রধান নেতা কে দুর্নীতিবাজ? সাক্ষ্য-প্রমাণ নিয়ে আসেন। দুর্নীতিবাজ আপনাদের দলের চোরের রাজা, চোরের মহারাজা সবই বিএনপি। বিএনপি দুর্নীতিবাজদের জন্মদাতা।’
টিআইবি ও সুজনের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ‘আজ টিআইবি একটা আছে, সুজন আছে, সুজন না কুজন জানি না। ফখরুল, গয়েশ্বর যে সুরে কথা বলে, তারাও একই সুরে কথা বলে। আজ মানুষের প্রশ্ন, টিআইবি সুজন কি বিএনপির বি-টিম? যে সুরে কথা বলে, কোনো পার্থক্য না, একই সুরে সরকারের বিরুদ্ধে কথা বলে।’
দলের নেতা-কর্মীদের কারও কোনো অসুবিধা থাকলে, সচ্ছলতায় ঘাটতি থাকলে দলকে জানানোর কথা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অসচ্ছল, অসুস্থ লোকের খবর পেলেই তিনি ব্যবস্থা নেন। চিকিৎসার ব্যবস্থা করেন, অসচ্ছলতার ব্যাপারে তার সদয় দৃষ্টি আমরা দেখতে পাই।’
দলের নেতা-কর্মীদের অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘দলের বদনাম করে কেউ কোনো অপকর্ম করবেন না। সত্য সত্যই। বাইরে থেকে বেনজীরকে আমরা যেভাবে দেখেছি, তিনি যে আরেক বেনজীর, ভেতর থেকে সেটা তো এখন সত্য হয়ে দেখা দিচ্ছে। একজন মানুষের চলতে-ফিরতে কত লাগে? দলের নেতা যদি দলের কর্মীদের কাছে টাকা-পয়সা চায়, এটা খুব লজ্জার বিষয়।’

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মো. দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
১৩ ঘণ্টা আগে
গুম প্রতিরোধের বাতিল করা অধ্যাদেশটি বহাল রাখার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে যারা গুমের সঙ্গে জড়িত তাদের হাতে তদন্তের দায়িত্ব না দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
১৩ ঘণ্টা আগে
আগামী বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। ওই দিন রাত ৯টায় বাংলাদেশ বিমানে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে তাঁর।
২১ ঘণ্টা আগে
শেখ হাসিনার দেড় দশকের শাসনামলে বাংলাদেশে গুমকে রাষ্ট্রীয় নিপীড়নের ভয়াবহ হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই নৃশংসতার শিকার হয়েছেন বিরোধী দল ও মতের অসংখ্য নাগরিক। তাঁদের অনেকেই এখনো নিখোঁজ। স্বজনেরা বছরের পর বছর ধরে প্রিয়জনের ফিরে আসার অপেক্ষায় দিন কাটাচ্ছেন...
১ দিন আগে