
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শেখ জামাল ধানমন্ডির হয়ে সুপার লিগের দুটি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সিরিজের চট্টগ্রাম পর্বে নেই সাকিব আল হাসান। সেটি জানাই ছিল। আজ জানা গেল, জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম পর্বে নেই মোস্তাফিজুর রহমানও। টানা খেলার ধকল কাটিয়ে ওঠার সুযোগ দিতেই তাঁকে দলে রাখা হয়নি বলে জানিয়েছে বিসিবি।
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এই দলে নেই মোস্তাফিজ, তিনি এখন আইপিএল নিয়ে ব্যস্ত। তাঁর অনাপত্তিপত্র (এনওসি) আছে চেন্নাইয়ের ১ মে ম্যাচ পর্যন্ত। এসেই টানা খেলার ধকল কাটিয়ে উঠতে কদিনের বিশ্রাম চেয়েছেন বাঁহাতি পেসার। ফিজের অনুরোধ রেখেছেন নির্বাচকেরা। আজ দল ঘোষণার ব্যাখ্যায় নির্বাচক হান্নান সরকার বলেছেন, ‘মোস্তাফিজ লম্বা সময় খেলার মধ্যে আছে। বিপিএল, শ্রীলঙ্কা সিরিজ, আইপিএল—তার ধকল কাটিয়ে ওঠার ব্যাপার আছে, মানসিক ও শারীরিক দুটিতেই। মোস্তাফিজের সঙ্গে আমাদের কথা হয়েছে। সে যেকোনো একটা অংশে (জিম্বাবুয়ে সিরিজের) ধকল কাটিয়ে উঠতে সময় চেয়েছিল। আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথম অংশে (চট্টগ্রাম পর্বে) না রাখার, প্রথম তিনটি ম্যাচে। তাকে পরের দুটি ম্যাচে (মিরপুরে) হয়তো অন্তর্ভুক্ত করতে পারি।’
আর সাকিবের না থাকার বিষয়টি হান্নান বলেছেন, ‘সাকিব আল হাসান ৩০ এপ্রিল আসবে (যুক্তরাষ্ট্র থেকে)। সে ডিপিএলের দুটি ম্যাচ খেলার ইচ্ছার কথা আমাদের জানিয়েছিল। টিম ম্যানেজমেন্টসহ সবার সঙ্গে আলোচনা করে আমাদের মনে হয়েছে, এটা খেলতে পারে। নিজেকে তৈরি করতে টি-টোয়েন্টিতে যে সময় পাওয়া যায় না, ৫০ ওভারে সে সময় পাওয়া যায়। ব্যাটিং-বোলিংয়ে প্রস্তুতি যেন সেরে নিতে পারে, সে কারণে প্রথম তিন ম্যাচে নেই।’
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ওপেনার তানজিদ হাসান তামিমকে সুযোগ দেওয়া নিয়ে হান্নানের ব্যাখ্যা, ‘তিনজন ওপেনারের মধ্যে যার এখনো অভিষেক হয়নি, তানজিদ তামিমকে সম্ভাবনাময় মনে হয়। টি-টোয়েন্টি সংস্করণে যে ধরনের ক্রিকেট খেলা উচিত, তার সেই সামর্থ্য আছে। সে কারণে তাকে নিয়েছি।’ পারভেজ ইমনকে সুযোগ দেওয়া নিয়ে বিসিবির নির্বাচক বলেছেন, ‘ইমনকেও নিয়েছি। সৌম্য এখনো পুরোপুরি ফিট হয়নি। এ কারণে তাকে রাখা হয়নি।’
আর সাকিব না থাকায় ফিরেছেন আফিফ হোসেন। আন্তর্জাতিক ক্রিকেটে দেড় বছরের ফেরার অপেক্ষা ফুরোচ্ছে মোহাম্মদ সাইফউদ্দিনেরও। ২০২২ সালের অক্টোবর মাসে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই সাইফউদ্দিনের সবশেষ আন্তর্জাতিক ম্যাচ। ‘জানেন, সাকিব যেহেতু প্রথম তিন ম্যাচে নেই—এ কারণে আফিফকে অন্তর্ভুক্ত করেছি। সাইফউদ্দিনকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করি, তাকে খেলানোর পরিকল্পনা আছে আমাদের।’—হান্নানের ব্যাখ্যা।
জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
আরও পড়ুন:

সল্টলেকে গত পরশু ভারত-ব্রাজিল ম্যাচে গ্যালারি খুব একটা ভর্তি ছিল না। ভিনিসিয়ুস জুনিয়র-মার্কিনিওস-ব্রুনো গিমারেসের মতো তারকা ব্রাজিলিয়ান এলেও তা ভারতের ভক্ত-সমর্থকদের আকৃষ্ট করতে পারেনি। এবার টিকিটে বিরাট মূল্য ছাড় দিয়েছে ভারত। উরুগুয়ে ম্যাচে টিকিটের দাম ৩০০ টাকারও কম রাখা হয়েছে।
১৭ মিনিট আগে
মাঠেই স্লো-ওভার রেটের শাস্তি পায় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। নিউ চন্ডীগড়ে পরশু দুই দলকেই বৃত্তের মধ্যে বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং করতে হয়েছে। আনুষ্ঠানিকভাবেও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) শাস্তি দিয়েছে দুই দলকে। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ভারতের কপালে জুটেছে বেশি শাস্তি।
১ ঘণ্টা আগে
নিজেদের বোলিং কনসালট্যান্ট হিসেবে শন টেইটকে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরই মধ্যে দুই পক্ষের চুক্তি হয়েছে। শিগগিরই নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে পিসিবি। এমনটাই জানিয়েছে জিও নিউজ।
২ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্সের পুরস্কার পেলেন নিক কেলি। ২০২৬-২৭ মৌসুমের জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তিতে জায়গা করে নিয়েছেন ৩৩ বছর বয়সী এই বাঁহাতি ব্যাটার। মাইকেল ব্রেসওয়েল কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর এই সুযোগ পেলেন কেলি।
৩ ঘণ্টা আগে