
গত ২৮ মার্চ ছিল হিন্দু ধর্মাবলম্বীদের হোলি উৎসব। এই হোলি উৎসব ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন উৎসবে। সে উৎসবে রোজা রেখে অংশ নেওয়া এক তরুণের ভিডিও ভাইরাল হয়েছে।
একটি সংবাদ মাধ্যমের সাংবাদিক ওই তরুণকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি রোজা রেখেছেন কি না? উত্তরে তরুণ জানান, তিনি রোজা রেখেছেন। সাংবাদিক তাঁকে আবার জিজ্ঞাসা করেন, নাচানাচিতে রোজা হালকা হয়েছে কি না। উত্তরে তরুণ বলেন, ‘আমার মনে হয় না। রোজাতে সংযম করতে হয় ঠিক আছে। কিন্তু মাঝেমধ্যে আনন্দ করতে হয়।...Allah will understand।’
এই তরুণ শিক্ষার্থীদের হাতে গণধোলাই খেয়েছেন দাবিতে শনিবার (৩০ মার্চ) তাঁর সাক্ষাৎকারের ছবির সঙ্গে আরেকটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ছেঁড়া গেঞ্জি ও চশমা পরিহিত এক তরুণকে দুইজনের কাঁধে ভর দিয়ে আছেন। তাঁকে আহত বলে মনে হচ্ছে।
তবে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, হোলি উৎসবে সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়া তরুণ ও ছবিতে আহত অবস্থায় থাকা তরুণ আলাদা ব্যক্তি।
ওপেন সোর্স অনুসন্ধানে ভাইরাল ছবিতে আহত অবস্থায় থাকা ওই তরুণকে খুঁজে পেয়েছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ। তাঁর নাম নকীব আশরাফ। তাঁর বাড়ি গাজীপুর।
তিনি আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগকে ছবিটি প্রসঙ্গে বলেন, ‘ভাইরাল ছবিটিতে ডান পাশের ছবিটা (আহত অবস্থায় থাকা) আমার। গত বছর গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা চলাকালীন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ভাইয়ের গাড়িতে যে হামলা হয় সে–সময় আমি গাড়িতেই মেয়রের প্রটোকলে দাঁড়ানো ছিলাম। তখন হামলাকারীরা আমার ওপর এই হামলা করে। আমার পাশেই চ্যানেল আইয়ের সোমা আপু ছিলেন। সে ছবিটাই এখানে ব্যবহার করেছে।’
তিনি আজকের পত্রিকা ফ্যাক্টচেক বিভাগের সঙ্গে ওইদিনের ঘটনার একটি ভিডিও ফুটেজও শেয়ার করেন। নাদির শাহ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ২০২৩ সালের ২০ মে ভিডিওটি ফেসবুকে পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, ‘জনপ্রিয় ছাত্রনেতা প্রিয় বন্ধু নকিব আশরাফ এর উপর পশুর মতো হামলা করেছে আজমত উল্লাহর কর্মীরা। আজকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনী প্রচারণার সময় মেয়র জাহাঙ্গীর আলম ভাইয়ের উপর হামলা করতে আসলে নিজের গায়ে আগলে নিয়েছেন আমাদের ভাই।’
ভিডিওটির শুরুতেই নকীব আশরাফকে আহত অবস্থায় দেখা যায়।
এ থেকে নিশ্চিত হওয়া যায়, ঢাবিতে হোলি উৎসবে সাক্ষাৎকার দেওয়া তরুণ গণধোলা খেয়েছেন দাবিতে ভাইরাল ছবিটিতে থাকা তরুণ ভিন্ন ব্যক্তি।

সম্প্রতি ভারতে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘আজ ০৬/০৬/২০২৬ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে গুরুত্বপূর্ণ...
১৯ ঘণ্টা আগে
প্রয়াত আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজায় সাধারণ মানুষকে আসতে জামায়াতের সন্ত্রাসীরা বাধা দিচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে।
৪ দিন আগে
বেদে সম্প্রদায়ের দুই নারীর চুল কেটে দেওয়ার মাধ্যমে শারীরিক নির্যাতন করেছেন জামায়াত নেতা—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
৪ দিন আগে
ভারতে মুসলমানদের কবর ভেঙে ফেলা হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। শেয়ার করা এসব পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘ভারতে মুসলিমদের মসজিদ ভাঙার পর, এবার ভেঙে ফেলা হচ্ছে কবরস্থান। মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে!’
৫ দিন আগে