Ajker Patrika

ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলার দাবিতে ইন্দোনেশিয়ার ছবি–ভিডিও প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলার দাবিতে ইন্দোনেশিয়ার ছবি–ভিডিও প্রচার
ভারতে মুসলমানদের কবর ভেঙে ফেলার দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

ভারতে মুসলমানদের কবর ভেঙে ফেলা হচ্ছে—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। শেয়ার করা এসব পোস্টের ক্যাপশনে দাবি করা হচ্ছে, ‘ভারতে মুসলিমদের মসজিদ ভাঙার পর, এবার ভেঙে ফেলা হচ্ছে কবরস্থান। মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে!’

এই দাবিতে পোস্ট আছে এখানে, এখানে এবং এখানে

‘Balal Nomani’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত ৩১ মে রাত ১১টা ৫৪ মিনিটে একটি পোস্ট শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সম্ভাব্য সবচেয়ে বেশি ছড়িয়েছে। পোস্টটিতে ৩ হাজার ৮০০ রিঅ্যাকশন, ৯৬ কমেন্ট ও ৫৯৪ শেয়ার রয়েছে।

শেয়ার করা এসব পোস্টের কমেন্ট পর্যালোচনা করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী আলোচিত দাবিটিকে সত্য মনে করে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন।

পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট
পোস্টের কমেন্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে শুরুতেই সংশ্লিষ্ট কী-ওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধানে ভারতীয় কিংবা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলার এমন কোনো ঘটনার প্রতিবেদন পাওয়া যায়নি।

তবে অনুসন্ধানে ‘ABN TV’ নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। গত ২৭ মে শেয়ার করা ১ মিনিট ১৩ সেকেন্ডের ওই ভিডিওর দৃশ্যগুলোর সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিও ও স্থিরচিত্রের হুবহু মিল রয়েছে। ওই ভিডিওর ক্যাপশনে বলা হয়—অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ইন্দোনেশিয়ার বালির দাফন প্রক্রিয়ার বিষয়টি সামনে এসেছে, যেখানে কবরস্থানে সীমিত জায়গার কারণে নতুন মরদেহ দাফনে পুরোনো কবরগুলো খুঁড়ে ফেলা হচ্ছে।

একই তথ্য পাওয়া যায় ইন্দোনেশিয়াভিত্তিক গণমাধ্যম ‘Haluan Media’-এর ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিও থেকেও। গত ১ জুন শেয়ার করা ওই ভিডিওর ক্যাপশনে উল্লেখ করা হয়, বালির একটি এলাকায় পুরোনো কবর ভেঙে ফেলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে। ভিডিওতে দেখা যায়, একদল স্থানীয় বাসিন্দা দীর্ঘদিন ধরে ব্যবহৃত কবর ভেঙে ফেলার কাজ করছেন।

ABN TV ও Haluan Media-এর ভিডিও। ছবি: স্ক্রিনশট
ABN TV ও Haluan Media-এর ভিডিও। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘Bali Krisis Lahan Pemakaman, Makam Lama Terpaksa Dibongkar Untuk Jenazah Baru’ শিরোনামে ইন্দোনেশিয়াভিত্তিক গণমাধ্যম ‘Lambe Turah’-এর একটি প্রতিবেদন পাওয়া যায়।

গত ২৮ মে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, ইন্দোনেশিয়ার বালিতে কবরস্থানের জায়গার তীব্র সংকট দেখা দিয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এই সংকটটি ব্যাপকভাবে আলোচনায় আসে।

ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে দেখা যায়, নতুন মরদেহ দাফন করার মতো পর্যাপ্ত জায়গা না থাকায় একটি কবরস্থানের কিছু পুরোনো কবর খোঁড়া হচ্ছে। সেখানে নতুনদের জন্য জায়গা তৈরি করতে পুরোনো কবরগুলো থেকে অত্যন্ত সতর্কতার সাথে কঙ্কাল বা অবশিষ্টাংশ সরিয়ে ফেলা হচ্ছে, যাতে একই স্থানে নতুন মরদেহ দাফন করা যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, ঘনবসতিপূর্ণ বা জায়গার অভাব থাকা এলাকায় পুরোনো কবর পুনর্নবীকরণ করার এই প্রক্রিয়াটি নতুন কিছু না হলেও, ভিডিওটির দৃশ্য নেটিজেনদের মাঝে বেশ চাঞ্চল্য তৈরি করেছে। এই ঘটনাটি মূলত বালির আবাসন ও কবরস্থানের জায়গার সংকটের একটি বাস্তব ও নির্মম চিত্র তুলে ধরেছে। এর ফলে স্থানীয় পর্যায়ে একটি স্থায়ী ও উপযুক্ত সাধারণ কবরস্থানের প্রয়োজনীয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

Lambe Turah-এর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট
Lambe Turah-এর প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

সিদ্ধান্ত

ইন্দোনেশিয়ার বালিতে কবরস্থানের জায়গা সংকটের কারণে পুরোনো কবর খননের একটি ভিডিওকে সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে ‘ভারতে মুসলিমদের কবর ভেঙে ফেলা হচ্ছে’—এমন ভুয়া দাবি জুড়ে সামাজিক মাধ্যমে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত