Ajker Patrika

ফ্যাক্টচেক /ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনার গাড়িবহর বলে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ০৭ জুন ২০২৬, ১৪: ৫০
ট্রাম্পের স্কটল্যান্ড সফরের ভিডিওকে ভারতে শেখ হাসিনার গাড়িবহর বলে প্রচার
ভারতে শেখ হাসিনার গাড়িবহর দাবিতে সামাজিক মাধ্যমে প্রচারিত ভিডিও। ছবি: স্ক্রিনশট

সম্প্রতি ভারতে বাংলাদেশে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহর দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ‘আজ ০৬/০৬/২০২৬ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য শেখ হাসিনা কড়া নিরাপত্তার মধ্যে দিল্লিতে অবস্থিত হোটেল ডিপ্লোমাট উদ্দেশ্যে নিজের বাস ভবন থেকে রওনা দিয়েছেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে।’ (পোস্টের বানান ও লেখা অপরিবর্তি)

এই দাবিতে কয়েকটি পোস্ট আছে এখানে , এখানে , এখানে , এখানে এবং এখানে

‘টিম ১৯৭১’ https://perma.cc/JJ5X-L3Q2 নামের একটি ফেসবুক পেজ থেকে গতকাল শনিবার বেলা ১২টায় ভিডিওটি শেয়ার করা হয়, যা আলোচিত দাবিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে। ৩০ সেকেন্ডের ওই ভিডিওটি ৭ জুন বেলা ১১টা ৪৬ মিনিট পর্যন্ত প্রায় ২ লাখ ৩৬ হাজারবারের বেশি দেখা হয়েছে। ভিডিওটিতে ৩ হাজার ৯০০ রিঅ্যাকশন, ২১৫ কমেন্ট ও ২৩৬ শেয়ার করা রয়েছে।

ছড়িয়ে পড়া এসব ভিডিওর কমেন্ট পর্যালোচনা করে ব্যবহারকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

আজকের পত্রিকার অনুসন্ধান

আলোচিত দাবির সত্যতা যাচাইয়ের শুরুতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড নিয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে ভারতে শেখ হাসিনার এমন কড়া নিরাপত্তায় রওনা হওয়ার বিষয়ে জাতীয় ও আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে কোনো প্রতিবেদন বা খবরের অস্তিত্ব মেলেনি।

পরে ভাইরাল ভিডিও থেকে কয়েকটি কি-ফ্রেম নিয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়, যার সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। ২০২৫ সালের ২৬ জুলাই প্রকাশিত ওই ভিডিওর বিবরণ থেকে জানা যায়, এটি স্কটল্যান্ডে পৌঁছানোর পর ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের দৃশ্য।

এপির ইউটিউব ভিডিও। ছবি: স্ক্রিনশট
এপির ইউটিউব ভিডিও। ছবি: স্ক্রিনশট

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে, ‘Trump in Scotland: How’s his trip going and what’s on the agenda?’ শিরোনামে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন পাওয়া যায়। গত বছরের একই দিনে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার দিনের সফরে স্কটল্যান্ডে যান। সফরটির প্রধান উদ্দেশ্য ছিল তাঁর মালিকানাধীন গলফ রিসোর্টগুলো পরিদর্শন করা। তবে এর পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও বাণিজ্যিক বৈঠকও ছিল তাঁর কার্যসূচিতে।

একই সময়ে প্রকাশিত ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। এ ছাড়া এসব আন্তর্জাতিক প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে বর্তমানে ফেসবুকে ছড়ানো ভাইরাল ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

সিদ্ধান্ত

গত বছর স্কটল্যান্ড সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাড়িবহরের একটি পুরোনো ভিডিওকে সম্প্রতি ভারতে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে শেখ হাসিনার রওনা হওয়ার ভুয়া দাবি জুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত