
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসনের প্রতি ক্ষোভ দেখিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।
মুক্তিযোদ্ধা ফলকে শ্রদ্ধা নিবেদন, স্থানীয় নেতা-কর্মীদের আসন বিন্যাস ও সম্মাননা স্মারক বিতরণে প্রটোকল নিয়ে বিশৃঙ্খলার অভিযোগ তুলে আজ মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করেন ওই দুই দলের নেতা-কর্মীরা। একই সঙ্গে উপজেলা প্রশাসনের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণাও দেন তাঁরা। তবে উপজেলা প্রশাসন বলছে, সবকিছু নিয়ম অনুযায়ীই হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরের অনুষ্ঠান চলাকালীন মুক্তিযোদ্ধা ফলকে ফুলেল শ্রদ্ধা নিবেদন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পরই মির্জাগঞ্জ থানার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ওসি মো. হাফিজুর রহমান। এতে চরম ক্ষোভ প্রকাশ করে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।
এ ছাড়া পটুয়াখালী–১ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমীন হাওলাদারের পক্ষে প্রথম সারিতে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি জাতীয় পার্টির নেতা-কর্মীরা। এ নিয়ে তাঁরাও ক্ষুব্ধ।
উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ চলাকালীন ওই দুই দলের নেতাদের আসন বিন্যাস ও সম্মাননা স্মারক বিতরণকালে প্রটোকল নিয়েও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর পরবর্তী অনুষ্ঠানের সব কার্যক্রম যৌথভাবে বর্জন করে মাঠ ত্যাগ করেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা।
এ বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী বলেন, ‘বিগত ১৫ বছর যাবৎ জাতীয় অনুষ্ঠানগুলোতে উপজেলা প্রশাসন ও পরিষদের পরই উপজেলা আওয়ামী লীগ শ্রদ্ধা নিবেদনসহ সব কার্যক্রমে অংশ নেয়। কিন্তু এবারের অনুষ্ঠানে ওসি হাফিজুর রহমান আওয়ামী লীগের নাম কেটে দেন, তাঁদের পরই শ্রদ্ধা নিবেদন করে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি ইউএনও সাহেবকে জানালেও কর্ণপাত করেননি। এতে আমরা পুরো আওয়ামী লীগ পরিবার অসম্মানিত হয়েছি। তাই বাধ্য হয়েই অনুষ্ঠান বর্জন করেছি এবং পরবর্তী সময়ে মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের সব অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছি।’
তবে ওসির দাবি, অনুষ্ঠানের আয়োজক উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের তৈরি করা সিরিয়াল অনুযায়ী তাঁরা অংশ নিয়েছেন। এখানে কোনো সংগঠনের নাম কাটার এখতিয়ার তাঁর নেই বলেও উল্লেখ করেন।
জাতীয় পার্টির মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ড. আবদুর রহমান বলেন, ‘পটুয়াখালী–১ আসনের এমপি জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার। তাই তাঁর পক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে আমরা ফুলেল শ্রদ্ধা নিবেদন করতে যাই। সংসদ সদস্যের নামের ফুলের ডালা নিয়ে শ্রদ্ধা নিবেদন করতে হয়েছে প্রশাসনের পরে, এটি অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয়। এ ছাড়া অন্য প্রোগ্রামগুলোতেও কোনো প্রটোকল না মানায় আমরাও ক্ষমতাসীন আওয়ামী লীগকে সমর্থন জানিয়ে উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন করেছি।’
অভিযোগের বিষয়ে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমি সদ্য যোগদান করেছি। তাই সবাইকে চিনিও না। যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তবে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’

ময়মনসিংহের ঐতিহ্যবাহী গৌরীপুর রেলওয়ে জংশন। ব্রিটিশ শাসনামলে ১৯১৭ সালে ব্রহ্মপুত্রের পূর্বপাড়ে এটি গড়ে তোলা হয়। বর্তমানে জনবলসংকট, জরাজীর্ণ অবকাঠামো নিয়ে শতাব্দীপ্রাচীন স্টেশনটির ভগ্নদশা। স্থানীয়দের দাবি, আধুনিক সুযোগ-সুবিধা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নত অবকাঠামো দিয়ে এই পুরোনো স্টেশনটিকে অত্যাধুনিক করা
১ ঘণ্টা আগে
পূর্ব সুন্দরবনে মধু আহরণের মৌসুম শুরু হলেও চলতি বছর আশানুরূপ উৎপাদন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বনদস্যুদের আতঙ্কে অনেক মৌয়াল সুন্দরবনে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন, আবার কেউ কেউ মাঝপথেই ফিরে আসছেন।
১ ঘণ্টা আগে
দেশের ব্যস্ততম সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। এই সড়কে এখন বইছে বসন্তের বাতাস। বাস্তবিক অর্থেই ফুলে ফুলে ভরে গেছে এই মহাসড়ক। সড়ক বিভাজকে লাগানো গাছে কুমিল্লার দাউদকান্দি থেকে চৌদ্দগ্রামের শেষ প্রান্ত মোহাম্মদ আলী পর্যন্ত প্রায় ১০৫ কিলোমিটারজুড়ে ফুটেছে রাধাচূড়া।
২ ঘণ্টা আগে
রাজধানীর উত্তরায় ঢাকঢোল পিটিয়ে ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালিয়েও কোনো কাজে আসেনি। উচ্ছেদ অভিযানের আগে যে অবস্থা ছিল, এখন আবার সেই একই অবস্থায় এসে দাঁড়িয়েছে। গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সরেজমিনে এ চিত্র দেখা গেছে।
২ ঘণ্টা আগে