সংবাদমাধ্যম আল-আরাবিয়ার একটি বিশেষ সাক্ষাৎকারে আইএসআইএস বন্দীশিবিরের বিভীষিকা নিয়ে মুখ খুলেছেন কয়েকজন ইয়াজিদি নারী। শুধু তাই নয়, তাঁরা আইএসআইএস-এর সাবেক শীর্ষ নেতা আবু বকর আল-বাগদাদির বিরুদ্ধেই ধর্ষণ এবং নির্মম নির্যাতনের বর্ণনা দিয়েছেন। আজ শুক্র এবং আগামীকাল শনিবার দুই পর্বের ওই সাক্ষাৎকার সম্প্রচার করবে আল-অ্যারাবিয়া টেলিভিশন।
এ বিষয়ে আল-অ্যারাবিয়া অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহ আগেই আবু বকর আল-বাগদাদির স্ত্রীদের মধ্যে অন্যতম আসমা মোহাম্মদ সংবাদমাধ্যমটিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সে সময় তিনি এবং তাঁর নিহত স্বামী ইয়াজিদি নারীদের ওপর নির্যাতন করেছেন—এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন আসমা। দাবি করেন, বন্দী নারীদের সঙ্গে তাঁরা খুব ভালো ব্যবহার করেছেন। তবে আসমার এমন দাবির পরই তাঁর স্বামীর নির্যাতনের বিষয়ে মুখ খুলতে এগিয়ে এসেছেন ইয়াজিদি নারীরা।
প্রতিবেদনে বলা হয়েছে, সাক্ষাৎকারে অংশ নেওয়া ইয়াজিদি নারীরা বাগদাদির স্ত্রীর দাবির সরাসরি বিরোধিতা করেছেন এবং জানিয়েছেন—বন্দীদশায় নির্মম আচরণের পাশাপাশি তাঁদেরকে গনিমতের মাল হিসেবে বিবেচনা করা হয়েছে।
সাক্ষাৎকারে বন্দীশিবির থেকে বেঁচে ফেরা ইয়াজিদি নারী আশ্বয়াক হাজি হামিদ আইএস যোদ্ধাদের হাতে অপহৃত হওয়ার বর্ণনা দিয়েছেন। আইএস যোদ্ধারা তাঁর ৯ বছর বয়সী বোনকেও অপহরণ করে নিয়ে গিয়েছিল।
কীভাবে ইয়াজিদি নারীদেরকে স্বয়ং বাগদাদিই ধর্ষণ করেছেন এবং পরে অন্য যোদ্ধাদের কাছে বিক্রি করে দিয়েছেন তারও বর্ণনা দিয়েছেন আশ্বয়াক। বাগদাদির স্ত্রীদের নির্মম নির্যাতন এবং আচরণের বিষয়েও সাক্ষ্য দিয়েছেন তিনি।
আশ্বয়াক বলেছেন, ‘আবু বকর আল-বাগদাদি প্রত্যেক মেয়েকেই ধর্ষণ করেছেন, পরে অন্যদের কাছে তাঁদের বিক্রি করে দিয়েছেন।’
সাক্ষাৎকারে হামিদ তালাও নামে এক ইয়াজিদি পুরুষও অংশ নেন। আইএস যোদ্ধারা মাত্র ১০ বছর বয়সী তাঁর যমজ দুই কন্যাকে ধরে নিয়ে গিয়েছিল। পরে বিপুল সংগ্রামের মধ্য দিয়ে চোরাকারবারিদের সহায়তায় বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার সমান অর্থ খরচ করে বিধ্বস্ত কন্যাদের ফিরিয়ে এনেছিলেন তালাও।
অন্যদিকে তিন মাস বন্দী থাকার পর আইএস যোদ্ধাদের কাছ থেকে পালিয়ে এসেছিলেন আশ্বয়াক। বুদ্ধি খাটিয়ে আরও কয়েক নারী সহ তিনি অসুস্থতার ভান করেছিলেন। পরে তাঁদেরকে ইরাকের নিনেভেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে ঘুমের ওষুধ পেয়েছিলেন তাঁরা। সেগুলোই প্রহরায় থাকা আইএস যোদ্ধাদের খাবারে মিশিয়ে দিয়েছিলেন। খাবার খেয়ে যোদ্ধারা তন্দ্রাচ্ছন্ন ও ঘুমিয়ে পড়লে হাসপাতাল থেকে বেরিয়ে পড়েন নারীরা এবং শিঞ্জর পর্বত পাড়ি দিয়ে পালিয়ে আসেন।
বন্দীশিবির থেকে বেঁচে ফেরা সোয়াদ হামিদ নামে আরেক ইয়াজিদি নারী জানিয়েছেন, বাগদাদির ধর্ষণের পর নারীদেরকে বিক্রির কাজটি করত মূলত তাঁর স্ত্রীরা। বাগদাদির স্ত্রীদের মধ্যে প্রতিযোগিতাও হতো—কে কত বেশি দামে নারীদের বিক্রি করেছেন।
শিরিন খালাফ নামে বেঁচে ফেরা আরেক নারী জানিয়েছেন, অপহরণ করা নারীদেরকে মাটির নিচে সুরক্ষিত কারাগারে রাখা হতো। বন্দীদশায় থাকা অবস্থায় তিনি দেখেছেন—শিশুদেরকে নিয়মিত মাদকসেবন করিয়ে আত্মঘাতী হামলায় উদ্বুদ্ধ করত যোদ্ধারা। মৃত্যুর সঙ্গে সঙ্গেই বেহেশতের স্বপ্ন দেখানো হতো তাদের।
২০১৪ সাল থেকে আইএসআইএস-এর নেতৃত্ব দিতে শুরু করেছিলেন আবু বকর আল-বাগদাদি। তাঁর নেতৃত্বে ইরাকের বেশির ভাগ অঞ্চল এবং সিরিয়ার কিছু অংশে আধিপত্য স্থাপন করেছিল এই বাহিনী। পরে ২০১৭ সালে প্রথমে ইরাক ও ২০১৯ সালের মধ্যে সিরিয়া থেকে আইএস যোদ্ধাদের বিতাড়িত করে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। যুক্তরাষ্ট্র দাবি করে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি এলাকায় তাদের সেনাদের অভিযানে বাগদাদি প্রাণ হারিয়েছিলেন।

বন্ধুরাষ্ট্র ও ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের দেওয়া গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিলেন। ইসরায়েলের মূল দাবি ছিল—ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। কিন্তু যুদ্ধের ছয় মাস অতিবাহিত হওয়ার পর সেখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন.
১৮ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ‘ইসলামিক প্রজাতন্ত্র ব্রিটেন’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি দেশটিকে ‘পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র’ বলেও মন্তব্য করেছেন। ইসরায়েলি আর্মি রেডিওর একটি পডকাস্ট সাক্ষাৎকারে দেওয়া তাঁর এই মন্তব্যকে ব্রিটেনের মুসলিম
১ ঘণ্টা আগে
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। আজ শুক্রবার নয়াদিল্লিতে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
৩ ঘণ্টা আগে
ইউক্রেন থেকে রাশিয়ায় যোগ দেওয়া সাবেক এক ইউক্রেনীয় সাবমেরিন কমান্ডারকে বোমা হামলায় হত্যার অভিযোগে ৩২ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে রুশ কর্তৃপক্ষ। রাশিয়ার নিরাপত্তা সংস্থাসংশ্লিষ্ট টেলিগ্রাম চ্যানেলগুলোর দাবি, ইউক্রেনীয় বিশেষ বাহিনীর হয়ে ওই হত্যাকাণ্ড ঘটিয়েছেন মার্গারিটা রেউত নামের ওই নারী।
৪ ঘণ্টা আগে