Ajker Patrika

ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ২৩: ৩৩
ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের ‘যথোপযুক্ত প্রতিনিধি’ না থাকা নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল
সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি নয়াদিল্লি।

আজ বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব বিষয়ে প্রশ্ন করা হয়। ব্রিফিংয়ে দ্য হিন্দুর এক সাংবাদিক বলেন, ব্রিকস সম্মেলনের আউটরিচে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসার কথা থাকলেও তিনি আসেননি। এর ধারাবাহিকতায় এবার বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনেও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যোগ দেননি। তাঁর পরিবর্তে সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্রসচিব অংশ নেন। পরপর দুবার এমন ঘটল। ব্রিকসের পর বিমসটেকেও বাংলাদেশের যথোপযুক্ত প্রতিনিধি কেউ নেই।

এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে জয়সওয়াল শুধু বিমসটেক সম্মেলনের মূল বিষয়গুলো তুলে ধরেন। তিনি জানান, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই সম্মেলনের উদ্বোধন করেন এবং সম্মেলন শেষে ‘দিল্লি ঘোষণাপত্র’ গৃহীত হয়েছে। সম্মেলনে সন্ত্রাসবাদ, মাদক ও অর্থ পাচারের মতো অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সব সদস্যদেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। তিনি বলেন, সম্মেলনে বাংলাদেশও অংশ নিয়েছে এবং ভারতের প্রত্যাশা সদস্যদেশগুলোর মধ্যে নিরাপত্তা সহযোগিতা আরও সুদৃঢ় হবে।

ব্রিফিংয়ে অপর এক সাংবাদিক বলেন, আসন্ন দুর্গাপূজার আগে বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে গত তিন মাসে সংখ্যালঘুদের ওপর ১৪১টি হামলার অভিযোগ করা হয়েছে। এর মধ্যে খুনের ঘটনাও রয়েছে। আবার এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে। অতীতেও এমন ঘটনা ঘটেছে এবং এখনো ঘটছে—এ বিষয়ে ভারত সরকারের অবস্থান কী?

জবাবে রণধীর জয়সওয়াল অতীত বা বর্তমানের সুনির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে কোনো মন্তব্য করেননি। বাংলাদেশ সরকারকে দোষারোপ করা থেকেও তিনি বিরত থাকেন। শুধু সংক্ষেপে বলেন, ‘আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের পক্ষ থেকে এই ধরনের বিষয়গুলোর সমাধান করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত