
বাকপ্রতিবন্ধী অন্তঃসত্ত্বা এক তরুণী মেহেরপুরের গাংনী উপজেলার রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। তাঁর সঙ্গে কথা বলে পরিচয় অনুসন্ধানের চেষ্টা করেন মোহাসিন আলী নামের স্থানীয় এক বাসিন্দা। সে সময় কোনো কিছু বুঝতে বা জানতে না পারলেও মেয়ের সমবয়সী ওই তরুণীকে দেখে খুব মায়া হয় তাঁর। বর্তমানে দিনমজুর মোহাসিন আলী তরুণীকে বাড়িতে নিয়ে যথাসম্ভব সেবা ও যত্ন করছেন এবং সন্ধান চালিয়ে যাচ্ছেন অন্তঃসত্ত্বা ওই তরুণীর পরিবারের।
বর্তমানে ওই তরুণী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের চককল্যাণপুর গ্রামে মো. মোহাসিন আলীর বাড়িতে।
স্থানীয়রা বলছে, গতকাল বৃহস্পতিবার গাংনী উপজেলার দেবীপুর বাজারে ওই তরুণী রাস্তায় অবচেতনে ঘুরে বেড়াচ্ছিলেন। সে সময় একদল শিশু তাঁকে বিরক্ত করছিল। এ ঘটনা দেখে মোহাসিন আলী নামের এক ব্যক্তি এগিয়ে যান। ওই তরুণীর যেন কোনো সমস্যা না হয়, সে কারণে তাঁকে বাড়িতে নিয়ে আশ্রয় দেন। নানাভাবেই ওই তরুণীর পরিবারের খোঁজ করার চেষ্টা করা হচ্ছে।
এ বিষয়ে মোহাসিন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মেয়েটিকে দেখে মায়া হলো। আমার মেয়ের বয়সী, আনুমানিক বয়স আনুমানিক ২০ থেকে ২২ হবে। এ ছাড়া সে অন্তঃসত্ত্বা। কবে হারিয়ে গেছে তা-ও সে বলতে পারে না। রাস্তায় ছোট বাচ্চারা তাকে বিরক্ত করছিল। গর্ভের সন্তানের যাতে কোনো ক্ষতি না হয়, এ জন্য তাকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। এখন মেয়েটার পরিবারের খোঁজ পাওয়া গেলে, আমি চিন্তামুক্ত হতাম।’
তিনি আরও বলেন, ‘আমার পরিবারের ধারণা এক মাসের মধ্যেই সে সন্তান প্রসব করবে। আমরা এখন একরকম দুশ্চিন্তায় রয়েছি। স্থানীয় চেয়ারম্যানকে বিষয়টা জানানো হয়েছে। আগামীকাল (শনিবার) মেয়েটাকে হাসপাতালে নেব।’
মোহাসিন আলীর স্ত্রী জোছনা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরাও গরিব মানুষ! এর মাঝেও মেয়েটার যেন কোনো সমস্যা না হয় সে জন্য আশ্রয় দিয়েছি। তার কোনো ক্ষতি হোক, আমরা চাই না। দ্রুত মেয়েটার পরিবারের খোঁজ পাওয়া গেলে, খুব ভালো হতো।’
তিনি আরও বলেন, ‘সে মাঝে মাঝে কান্নাকাটি করছে। হয়তো তার স্বামী-সন্তান রয়েছে। অস্পষ্টভাবে বলছে যে নাম বলছে সেটা অনন্যা, বাড়ি জয়পুরহাটের তেলিগাতি বলে মনে হয়। কিন্তু বিষয়টা স্পষ্ট না। তার কথাও বোঝা যাচ্ছে না।’
এ বিষয়ে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘থানা এবং সমাজসেবা অফিসে কথা বলে মেয়েটাকে তার পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরশেদ আলী বলেন, ‘আমরা থানার সঙ্গে যোগাযোগ করে প্রতিবন্ধী ওই অন্তঃসত্ত্বা মেয়েটি যে বাড়িতে রয়েছে, সেখানে খোঁজখবর নিচ্ছি।’
এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। আমরা তাঁর সার্বিক খোঁজখবর নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়ার চেষ্টা করব।’
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া সিদ্দিকা সেতু বলেন, ‘আমি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছি।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
৬ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৬ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৬ ঘণ্টা আগে