
জ্বালানি তেল খালাসে নতুন যুগে প্রবেশ করল বাংলাদেশ। বহু প্রতীক্ষার পর গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে সরাসরি পাইপলাইনে তেল খালাস শুরু হয়েছে। আজ সোমবার সকালে কক্সবাজারের মহেশখালীতে এই কার্যক্রম শুরু হয় বলে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ব্যবস্থাপনা পরিচালক মো. লোকমান জানান।
আজকের পত্রিকাকে তিনি বলেন, সকাল সোয়া ১০টায় মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দরে নোঙর করা জাহাজ এমভি হোরাই থেকে পাইপলাইনে সরাসরি জ্বালানি তেল খালাস শুরু হয়েছে। এই জাহাজে ৮২ হাজার টন তেল আছে। প্রথম জাহাজটি খালাস হতে সময় লাগবে প্রায় ৪৮ ঘণ্টা।
সম্প্রতি সৌদি আরব থেকে ৮২ হাজার মেট্রিকটন ক্রুড অয়েল আসে। সমুদ্রে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় এসপিএম লাইনে তেল খালাস প্রকল্পের কমিশনিং শুরু করা যায়নি। গতকাল রোববার খালাসের অপেক্ষায় থাকা জাহাজটি মাতারবাড়ী এসপিএম প্রকল্পের হোস পাইপে নোঙর করে। সব চেক করে আজ সোমবার সকাল সোয়া ১০টায় পাইপলাইনে তেল খালাস শুরু হয়। এরপরের দফায় পরিশোধিত তেলের জাহাজ এলে দ্বিতীয় পাইপলাইনটিও কমিশনিং করা হবে।
ইআরএল সূত্র জানায়, বড় জাহাজ থেকে জ্বালানি তেল খালাসে ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং’ (এসপিএম) প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এসপিএম প্রকল্প পরীক্ষামূলকভাবে ২৫ জুন শুরু হওয়ার কথা ছিল।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাইপলাইনে গভীর সাগর থেকে ১ লাখ মেট্রিকটন তেলবাহী বড় জাহাজ থেকে তেল খালাসে সময় লাগবে মাত্র ২-৩ দিন। আগে স্বাভাবিক প্রক্রিয়ায় তেল খালাসে সময় লাগত ১০-১২ দিন। পাইপলাইনে তেল খালাসের ফলে দেশে জ্বালানি তেল মজুতের সক্ষমতা বাড়বে ১০-১৫ দিন। কমবে তেল চুরি, সিস্টেম লসসহ নানা পরিবহন নৈরাজ্য।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেড সূত্র জানায়, প্রথম পর্যায়ে গভীর সাগর থেকে প্রায় ১৬ কিলোমিটার পাইপলাইন সাগরে নোঙর করা জাহাজ থেকে মহেশখালীর স্টোরেজ ট্যাংকে তেল নেওয়া হবে। পাইপলাইন কমিশনিং করার পর সেখানে থাকা হেজ, সার্কিট ভাল্ব পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এরপর স্টোরেজ থেকে চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত পাইপলাইন কমিশনিং করা হবে। প্রথমে ক্রুড অয়েল, পরে ডিজেলে পাইপলাইন কমিশনিং করা হবে। সব প্রক্রিয়া শেষ করে আগামী আগস্টে প্রধানমন্ত্রী এসপিএম প্রকল্প উদ্বোধন করবেন।
সূত্র জানায়, বন্দরের অবকাঠামোর সীমাবদ্ধতা এবং কর্ণফুলী নদীর চ্যানেলের নাব্যতা কম হওয়ায় এখন তেলবাহী বড় জাহাজগুলো সরাসরি খালাস করা সম্ভব হয় না। বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে নোঙর করে ছোট লাইটার জাহাজের মাধ্যমে তেল খালাস করা হয়। এই প্রক্রিয়ায় ১ লাখ মেট্রিকটন অপরিশোধিত তেলবাহী জাহাজ খালাসে ১০-১২ দিন সময় লেগে যায়।
গতানুগতিক এই পদ্ধতি সময়সাপেক্ষ, ঝুঁকিপূর্ণ ও ব্যয়বহুল হওয়ায় বড় জাহাজ থেকে সরাসরি তেল খালাসের জন্য ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয় সরকার। ২০১৫ সালের নভেম্বরে নেওয়া এই প্রকল্পের মাধ্যমে পাইপলাইনে করে জ্বালানি তেল পরিবহনে কক্সবাজারের মহেশখালী থেকে নগরীর পতেঙ্গার মধ্যে সংযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়। মহেশখালীর পশ্চিমে বঙ্গোপসাগরে এসপিএম প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এসপিএম থেকে অফশোর পাইপলাইনের মাধ্যমে প্রথমে মাতারবাড়ী এলটিই পর্যন্ত এবং পরে সেখান থেকে অনশোর পাইপলাইনের মাধ্যমে মহেশখালী এলাকায় স্থাপিত স্টোরেজ ট্যাংকে তেল জমা হবে। পরে ১৮ ইঞ্চি ব্যাসের দুটি পৃথক পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল ও ডিজেল চট্টগ্রামের পতেঙ্গায় ইস্টার্ন রিফাইনারিতে অবস্থিত স্টোরেজ ট্যাংকে আনা হবে।
২০১৫ সালে পাইপলাইন বসানোর প্রকল্পটি (সিঙ্গেল পয়েন্ট মুরিং) হাতে নেওয়া হয়। মোট ৪ হাজার ৯৩৫ কোটি ৯৭ লাখ টাকায় ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ শেষ করার কথা থাকলেও ইতিমধ্যেই প্রকল্পের মেয়াদ তিনবার বৃদ্ধি করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে ব্যয়ও বেড়ে ৭ হাজার ১২৫ কোটি টাকায় ঠেকেছে। এর মধ্যে ৪ হাজার ৬৮৮ কোটি টাকা ঋণসহায়তা দিচ্ছে চীন সরকার। এ ছাড়া বিপিসি ১ হাজার ৮৩৫ কোটি টাকা এবং বাংলাদেশ সরকার ৬০১ কোটি টাকা দিচ্ছে এই প্রকল্প বাস্তবায়নে।
প্রকল্পের অধীনে এক সেট এসপিএম-পিএলইএম, একটি ভাসমান ভয়া, ২২০ কিলোমিটার পাইপলাইন, এর মধ্যে ১৪৬ কিলোমিটার সাগরের তলদেশ দিয়ে এবং ৭৪ কিলোমিটার পাইপলাইন উপকূল দিয়ে, ২ লাখ ৮৮ হাজার ঘনমিটারের ছয়টি স্টোরেজ ট্যাংক, তিনটি ব্লক ভাল্ব স্টেশন নির্মাণ করা হচ্ছে।
চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ারিং কোম্পানির কারিগরি তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে এসপিএম প্রকল্প। এতে পরামর্শক হিসেবে সহায়তা দিচ্ছে জার্মানভিত্তিক প্রতিষ্ঠান আইএলএফ। এসপিএম চালু হলে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বছরে সাশ্রয় হবে অন্তত ৮০০ কোটি টাকা। এখন ৪০ দিনের জ্বালানি তেল মজুতের সক্ষমতা থাকলেও এসপিএম চালুর পর তা আরও ১০-১৫ দিন বাড়বে।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে রোগ নির্ণয়ের গুরুত্বপূর্ণ তিনটি মেশিন দুই মাস ধরে বন্ধ রয়েছে। এর মধ্যে বায়োকেমিস্ট্রি মেশিনটি যান্ত্রিক সমস্যার কারণে এবং রাসায়নিক উপাদান রিএজেন্টসংকটে দুটি হেমাটোলজি অ্যানালাইজারে কাজ করা যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
পুরোনো ভবনে জায়গার সংকট দূর করতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে প্রায় চার বছর আগে চার তলাবিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণকাজ শুরু হয়। দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও মাঝপথে নির্মাণকাজ ফেলে রাখে ঠিকাদারিপ্রতিষ্ঠান।
৪ ঘণ্টা আগে
নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) শাখার উপসমাজসেবা সম্পাদক ছিলেন মিজানুর রহমান। মাদক সেবনের দায়ে হোস্টেল থেকে তাঁকে বহিষ্কার করা হয়, ছয় মাস স্থগিত রাখা হয় ইন্টার্নশিপ। এ ছাড়া গণ-অভ্যুত্থানে ছাত্রদের বিপক্ষে অবস্থান নেওয়ায় আরও এক বছর স্থগিত হয় ইন্টার্নশিপ।
৪ ঘণ্টা আগে
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে বিশাল আকৃতির একটি রাজা ইলিশ ধরা পড়েছে। ইলিশটির ওজন প্রায় তিন কেজি। ৯ হাজার টাকায় নিলামে মাছটি বিক্রি করা হয়। শনিবার (২০ জুন) সকালে উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ মৎস্যঘাটে আমানত উল্যাহ আলমগীরের আড়তে মাছটি বিক্রি করা হয়।
৭ ঘণ্টা আগে