‘রুগ্ণ ছেলের শিয়রে বসিয়া
একেলা জাগিছে মাতা,
সম্মুখে তার ঘোর কুজ্ঝটি মহাকাল
রাত পাতা।…’
কবি জসীমউদ্দীনের আমল থেকে হালের বিশ্বায়নের পল্লিতে আধুনিকতার ছোঁয়া লেগেছে বটে; কিন্তু তাতে একজন ‘একা মায়ের’ নিঃসঙ্গতার হাহাকার কি বিন্দুমাত্র কমেছে? সিঙ্গেল মাদার বা একা
মা তালাক নেওয়া অথবা বিধবা—দুজনই হতে পারেন; অর্থাৎ জীবনসঙ্গীবিহীন এই মা । ১৪ মে আন্তর্জাতিক মা দিবস। আমরা কি কখনো ভেবেছি, একজন একা মায়ের শরীর ও মনের কথা?
জীবনে পরিবর্তন, ডিসঅর্ডার ও কারণ
সিঙ্গেল মাদার বা একা মা যে একটি আত্মপরিচয় হতে পারে, তা এখন পর্যন্ত বাংলাদেশের মনোসামাজিক স্বাস্থ্যসচেতনতায় আসেনি। ঢাকা সিটি করপোরেশনের উপাত্ত অনুযায়ী, ৭০ শতাংশ বিবাহবিচ্ছেদে স্ত্রী আবেদন করছেন। ২০১৮ সালে ঢাকা শহরে ডিভোর্সের হার প্রতি ঘণ্টায় একটি। প্রশ্ন হলো, ডিভোর্সের শারীরিক ও মানসিক প্রভাব কী কী?
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় উঠে এসেছে, ৫৪ শতাংশ একা মা বিষণ্নতার ভেতর দিয়ে যান, ২৪ শতাংশ দুশ্চিন্তায়, ৯ শতাংশ সামাজিক ভীতিতে আর ৬ শতাংশ বেশি মাত্রায় ডিসঅর্ডারে ভোগেন।
আবার যে মা এই সমস্যায় ভুগছেন না, তাঁদের মধ্যেও দেখা গেছে ৬৮ শতাংশ কাজের চাপ, ৬৭ শতাংশ অর্থনৈতিক চাপ এবং ৩৫ শতাংশকে সামাজিক অসম্মানের বোঝা ঘাড়ে নিতে হচ্ছে। এ গবেষণায় কারণ হিসেবে উঠে এসেছে, ২১ দশমিক ২০ শতাংশ নারী সেপারেশন নিয়েছেন স্বামীর পরকীয়া, পুনর্বিবাহের কারণে; শারীরিক নির্যাতনের কারণে ৩৪ দশমিক ৬০ শতাংশ নারীর ডিভোর্স হয়েছে এবং ৪৪ দশমিক ২ শতাংশ নারীর জীবনে একাকিত্বের কারণ বৈধব্য। এই একা মায়েদের মাত্র ১৭ দশমিক ৩০ শতাংশ গৃহবধূ, বাকি
৪৪ দশমিক ৩ শতাংশ চাকরিজীবী; অর্থাৎ অর্থনৈতিক মুক্তি মাকে স্বাবলম্বী করেছে। ২০১৪ সালে বাংলাদেশে বিধবা, তালাকপ্রাপ্ত এবং স্বামী থেকে আলাদা থাকেন এ রকম নারীর
সংখ্যা ৯ দশমিক ১ শতাংশ হলেও ২০১৮ সালে এটা বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৮ শতাংশে। কিন্তু করোনা অতিমারি-পরবর্তী সময়ে এই সংখ্যা আকাশচুম্বী হয়েছে।
মেনোপজের পর শরীর ও মন
মেনোপজের পর মায়েদের শরীর ও মনে প্রভাব পড়ে। কারণ, সম্পূর্ণ বিষয়টি হলো হরমোনের সঙ্গে সম্পৃক্ত। একটি রিপ্রোডাকটিভ এইজের (প্রজনন বয়স) মেয়ের রূপ, গুণ, চাকচিক্য—সবকিছু হরমোনের সঙ্গে সম্পৃক্ত। এই হরমোন যখন শরীর থেকে হঠাৎ চলে যায় অথবা ধীরে ধীরে চলে যাওয়ার সময় হয়, তখন শরীরে ব্যাপক পরিবর্তন হয়। এগুলোর মধ্যে আছে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, কোনো কিছু ভালো না লাগা, হঠাৎ করে কান ও মাথা গরম হয়ে যাওয়া, হাত-পায়ের তালু জ্বলা, ঘাম হওয়া।
এ সময় নিজের শরীরের যত্ন নেওয়া বেশি প্রয়োজন। একা মাকে মনে রাখতে হবে, তিনি এবং সন্তান—দুটো বিচ্ছিন্ন সত্তা। সন্তানকে উজাড় করে সব দিতে গিয়ে তিনি কি নিজেকে বঞ্চিত করছেন? মনে রাখতে হবে, নিজের যত্ন নেওয়া মানে স্বার্থপরতা নয়।
পুষ্টির ঘাটতি
আমাদের দেশে মায়েদের পুষ্টির ঘাটতি ঐতিহাসিক ঘটনা। তাঁদের জন্য সুষম খাদ্যের কোনো বিকল্প নেই। উপরন্তু দেশে বর্তমানে যে ধরনের পরিবেশদূষণ ও তাপমাত্রা বাড়ছে, তাতে দৈহিক বাড়তি যত্নের প্রয়োজন। ডাবের পানি, খাওয়ার স্যালাইন ইত্যাদি সহজলভ্য বিষয়গুলো শিশুদের খাওয়ানোর পাশাপাশি নিজেদেরও খেতে হবে।
মানসিক চাপ ব্যবস্থাপনা
শিশুদের নিয়ে মাঝে মাঝে ঘুরতে যাওয়া খুবই জরুরি। এতে তারা ভিন্ন পরিবেশে কীভাবে চলতে হয়, সেটা শিখতে পারবে। বেড়াতে যাওয়া মানে টাকা নষ্ট নয়। ধীরে ধীরে শিশুরা যখন বড় হতে থাকবে, তখন মা এম্পটি নেস্ট সিনড্রোমে ভুগতে পারেন; অর্থাৎ তখন মায়ের নিঃসঙ্গতা বাড়তে পারে। কাজেই একা মাকে আগে থেকে বুঝতে হবে, নির্দিষ্ট সময়ের পরে তাঁর জীবনে শিশুরা আর থাকবে না। সেই জীবন কেমন হবে, তার পরিকল্পনা আগেই করে রাখা ভালো।
⊲ মানসিক চাপ ব্যবস্থাপনায় খাবার, শরীরচর্চা, কাউন্সেলিংয়ের কোনো বিকল্প নেই। একা মা জানেন, তাঁর পাশে কেউ নেই।
⊲ মায়ের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সন্তানের ভূমিকা আছে। সন্তানদের এটা শেখানো প্রয়োজন যে মায়ের যখন প্রয়োজন হবে, মমতার হাত যেন তারা বাড়ায়।
⊲ কারও ওপর নিজের ভালো থাকার দায়িত্ব না দিয়ে মায়েরা কীভাবে নিজে নিজেকে ভালো রাখতে পারেন, সে বিষয়ে ভাবতে হবে।
নিজেকে ভালোবাসতে ভুলবেন না
প্রথম কথায় সন্তানকে সম্পত্তি লিখে দেবেন না। যত দিন প্রয়োজন, ভোগ করার পর আপনি মারা গেলে সন্তান সেগুলো এমনিতেই পাবে। নিজের ইচ্ছেমতো ব্যবহারের জন্য কিছু টাকা ব্যাংকে রাখুন। এ ছাড়া আলাদা করে দুটো ভাগে টাকাপয়সা রাখবেন। একটি ভবিষ্যতে চিকিৎসার জন্য, অন্যটি বেড়ানোর জন্য।
একা মায়ের নিরাপত্তা, সেবা, মানসিক স্বাস্থ্য, একাকিত্ব দূরীকরণ—এই সব কটির মিলিত প্যাকেজ হচ্ছে নিজেকে সেবামূলক কাজে জড়িত করা। এটা অনেকটা নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। আজ আমি সমাজকে দিচ্ছি। ভবিষ্যতে যেদিন প্রয়োজন হবে, কেউ না কেউ সেটা আমাকে ফিরিয়ে দেবে।
লেখক: চিকিৎসক ও কাউন্সেলর, সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা

সম্প্রতি হৃদ্যন্ত্রের জটিলতা নিয়ে ময়মনসিংহের একটি মাধ্যমিক পর্যায়ের সরকারি হাসপাতালে ভর্তি হন চল্লিশোর্ধ্ব আজহার আলী (ছদ্মনাম)। চিকিৎসকের সুপারিশে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ভর্তি থাকার চার দিনের মধ্যে তিন দিনই আজহারকে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হয়েছে।
১৪ ঘণ্টা আগে
একটি ছোট ক্ষত বা আঁচড়। যাঁদের পোষা প্রাণী আছে, তাঁদের জন্য এটা কোনো অতিসাধারণ একটি বিষয়। কিন্তু এই নিত্য নৈমিত্তিক বিষয়টিও কত ভয়াবহ পরিণতি দিতে পারে তাঁর উদাহরণ যুক্তরাজ্যের ৫২ বছর বয়সী মনজিৎ সাংহা। পোষা কুকুরের লালা বা আঁচড় থেকে সেপসিসে আক্রান্ত হয়ে চার হাত-পা খুইয়েছেন এই নারী।
২ দিন আগে
চিকিৎসা সেবাকে সাধারণ মানুষের জন্য সহজলভ্য করার ওপর গুরুত্বারোপ করে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘ভবিষ্যতে মানুষকে আর চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে হবে না, বরং ডাক্তাররাই মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেবেন।
৫ দিন আগে
স্বাধীনতার পর পাঁচ দশকের বেশি সময় ধরে দেশের স্বাস্থ্যব্যবস্থায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মাতৃ ও শিশুমৃত্যুর হার কমেছে, বেড়েছে গড় আয়ু। তবে অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্যের উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার ব্যবস্থাপনায় রয়েছে সীমাবদ্ধতা।
৯ দিন আগে