
চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল মো. শওকত হোসেন ৪২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। শওকতকে চাকরি থেকে বরখাস্ত করার আদেশ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
বিবৃতিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কনস্টেবল মো. শওকত হোসেনকে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদ থেকে বরখাস্ত করার বিষয়ে বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য প্রকাশ পেয়েছে। প্রচারমাধ্যমে তাঁর অতীত কার্যক্রমের বিষয়ে আলোকপাত করা হলেও কী কারণে তাঁকে বরখাস্ত করা হয়েছে, সে বিষয়টি উপেক্ষা করা হয়েছে। শওকত ২০২১ সালের ৯ নভেম্বর থেকে ২০২২ সালের ২০ জানুয়ারি পর্যন্ত কর্মস্থলে (বন্দর বিভাগ, সিএমপি) ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত থাকেন। কোনো যৌক্তিক কারণ এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকা যেকোনো শৃঙ্খলা বাহিনীর জন্য গর্হিত অপরাধ, যা চূড়ান্ত অসদাচরণ হিসেবে গণ্য।
পুলিশের পাঠানো বিবৃতিতে আরও বলা হয়, শওকতকে গত বছরের ৮ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের আদেশে চট্টগ্রাম রেঞ্জে বদলি করা হয়। চট্টগ্রাম রেঞ্জ অফিস থেকে গত বছরের মার্চের ১৩ তারিখে কুমিল্লা জেলায় বদলি করা হলে তিনি কুমিল্লায় যোগদান করেননি এবং রহস্যজনকভাবে অনুপস্থিত থাকেন। তাঁর অনুপস্থিতি সম্পর্কে কোনো তথ্য কর্তৃপক্ষ বরাবর পাঠাননি। পরে এ বছরের মার্চের ১ তারিখে অর্থাৎ ৩৫৩ দিন পরে কুমিল্লা জেলায় যোগদান করেন।
সব মিলিয়ে শওকত ৪২৪ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কুমিল্লা জেলায় অনুপস্থিত থাকায় তাঁকে কৈফিয়ত তলব করা হয়েছে। তিনি কুমিল্লা জেলায় অনুপস্থিত হওয়ার প্রতিবেদনে অসুস্থতাজনিত কারণে হাজির না হওয়ার কথা বললেও কোনো চিকিৎসা সনদ উপস্থাপন করতে পারেননি। তবে তিনি চাকরিতে অনুপস্থিত থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সব সময়ই হাজির ছিলেন এবং তাঁকে কোনো সময়ই শারীরিকভাবে অসুস্থ মনে হয়নি।
বিবৃতিতে বলা হয়, যিনি এক বছরের বেশি সময় কর্মস্থলে অনুপস্থিত থাকেন, তিনি পুলিশের মতো একটি শৃঙ্খলা বাহিনীতে সংযুক্ত থাকতে পারেন না বলেই প্রতীয়মান হয়। এমন অপেশাদার, শৃঙ্খলাবহির্ভূত কার্যক্রমের পরও তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে তা প্রশাসনিকভাবে খারাপ নজির হিসেবেই গণ্য হতো।
এ ছাড়া তিনি নিজেই অভিযোগের ব্যাপারে আত্মসমর্থনমূলক বক্তব্যে নিজেকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত বলে অভিহিত করেন। পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা থাকায় এবং মানবিক কাজে সম্পৃক্ত থাকার কারণে পুলিশ কনস্টেবল পদে চাকরি করা তাঁর পক্ষে সম্ভব নয় বলে উল্লেখ করেন।
বিবৃতিতে বলা হয়, কনস্টেবল শওকতের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় ব্যবস্থার সঙ্গে তাঁর অতীত কর্মকাণ্ড সম্পৃক্ত করে বিভ্রান্তি না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রীর ওপর হামলা ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগে কৃষক দলের শাহ আলমকে দল থেকে বহিষ্কারের পর গ্রেপ্তার করেছে পুলিশ।
৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৯ মিনিট আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহোদর দুই ভাইয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে তাঁদের মধ্যে পুরোনো দ্বন্দ্ব রয়েছে।
৯ মিনিট আগে
বাসযোগ্য নগরী গড়তে জলাশয় উদ্ধারে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। আজ বুধবার সিলেট নগরীর ১০ নম্বর ওয়ার্ডের ঘাসিবিল পুনরুদ্ধার কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করে এ কথা বলেন সিসিক প্রশাসক।
১১ মিনিট আগে