
রংপুরের কাউনিয়ায় ধারালো অস্ত্রের আঘাতে সানজিদা আক্তার ইভাকে (১৬) হত্যার নেপথ্যে ছিল প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ। কিলিং মিশনে অংশ নেয় সানজিদার কথিত প্রেমিক। একাধিক প্রেমের কারণে পূর্বপরিকল্পিতভাবে হত্যার শিকার হয় সে। এমনটিই বলছে পুলিশ।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সানজিদা হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। ঘটনার পরপরই নাহিদুল ইসলাম সায়েম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
ঘটনার সঙ্গে জড়িত আরও এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁর নাম প্রকাশ করতে চাননি কাউনিয়া থানার ওসি মোন্তাছের বিল্লাহ। তাঁকেও প্রেমিক বলে দাবি করা হচ্ছে।
থানা পুলিশের সূত্র জানায়, হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য সানজিদার ব্যাগে পাওয়া একটি খাতা ও সোর্সের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে সানজিদার কথিত প্রেমিক মো. নাহিদুল ইসলাম ওরফে সায়েমকে। তিনি মাহীগঞ্জ থানার তালুক উপাশু গ্রামের মো. নূর হোসেন মিলিটারির ছেলে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, সায়েমের সঙ্গে তিন বছর আগে সানজিদার পরিচয় ও সম্পর্ক হয়। কিছুদিন আগে তাঁদের সম্পর্ক ভেঙে যায়। কিন্তু যোগাযোগ ছিল। এরই মাঝে ঘটনার দিন গত মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সায়েম সানজিদাকে নিয়ে রংপুরে শাপলা সিনেমা হলে সিনেমা দেখতে যান। সেখানে সানজিদার নতুন প্রেম নিয়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি হলে সেখান থেকে সানজিদা চলে যায়। পরে সায়েম তাঁর পূর্বপরিচিত দুইজনকে নিয়ে সানজিদার সঙ্গে মাহীগঞ্জ এলাকায় আবার মিলিত হয়। এরপর সায়েম ও তাঁর দুই সহযোগী সানজিদাকে নিয়ে পীরগাছা আলীবাবা থিম পার্কে ঘুরতে যায়। রাত হয়ে যাওয়ায় সানজিদা বাসায় ফেরার জন্য চাপ দেয়। রাত সাড়ে ৯টার দিকে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরি চরণ লস্কর গ্রামে কুটিরঘাট-মধুপুর সড়কে ফাঁকা জায়গায় থেমে একাধিক প্রেম নিয়ে সানজিদাকে প্রশ্ন করেন সায়েম। একপর্যায়ে তিনজন মিলে সানজিদাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। সানজিদাকে মৃতপ্রায় অবস্থায় ফেলে রেখে তারা সটকে পড়ে। রাতে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে এক তরুণীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সানজিদা মারা যায়।
এ ব্যাপারে জানতে চাইলে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম পলাশ আজকের পত্রিকাকে বলেন, ‘প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ইভাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। গ্রেপ্তার সায়েম হত্যার সঙ্গে সম্পৃক্ততা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে এরই মধ্যে আরও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। তদন্ত অব্যাহত আছে। ঘটনার সঙ্গে জড়িত আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
১০ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬