
সাভারের আশুলিয়ায় শিক্ষার্থীর স্টাম্পের আঘাতে আহত সেই শিক্ষক উৎপল কুমার সরকার (৩৫) মারা গেছেন। আজ সোমবার ভোর সোয়া ৫টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
শিক্ষক উৎপলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার হাজী ইউনুস আলী কলেজের অধ্যক্ষ সাইফুল হাসান।
অধ্যক্ষ সাইফুল বলেন, ‘এনাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। আমরা হাসপাতালের সার্বিক কাজ সমাপ্ত করছি।’
নিহত শিক্ষক উৎপল কুমার সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার এলংজানি দত্তপাড়া গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি ২০১৩ সালে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী কলেজে কলেজ শাখার রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন। প্রতিষ্ঠানের শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
অভিযুক্ত শিক্ষার্থী একই বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। গত শনিবার (২৫ জুন) দুপুর ২টার দিকে ওই স্কুল মাঠে শিক্ষককে স্টাম্প দিয়ে বেধড়ক মারধর করে সে। প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে ওই ছাত্রকে ইভ টিজিং নিয়ে শাস্তিমূলকভাবে সতর্ক করেছিলেন শিক্ষক উৎপল কুমার।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল হাসান বলেন, ‘আমাদের স্কুলে মেয়েদের ক্রিকেট খেলা চলছিল। দুপুরে মাঠের একপাশে দাঁড়িয়ে থাকা শিক্ষক উৎপলকে হঠাৎ করে এসে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে ওই ছাত্র। স্টাম্পের আঘাতে শিক্ষকের মাথায় জখম হয়। উৎপল স্যার স্কুলের শৃঙ্খলা ও পরিবেশ কমিটির আহ্বায়ক। তিনি ছাত্রদের বিভিন্ন সময় চুল কাটতে বলাসহ বিভিন্ন আচরণগত সমস্যা নিয়ে কাউন্সেলিং করেন। বিভিন্ন অপরাধের বিচারও করেন তিনি। হয়তো কোনো কারণে সেই শিক্ষকের ওপর ছাত্রটির কোনো ক্ষোভ রয়েছিল। আজ ভোর সোয়া ৫টার দিকে আইসিইউতেই মারা যান ওই শিক্ষক।’
এ ঘটনায় ভেঙে পড়েছে উৎপল কুমারের পরিবার। নিহতের ভাই অসীম কুমার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমরা ৮ ভাইবোন, উৎপল সবার ছোট। প্রায় দুই বছর আগে বিয়ে করেছে সে। আমার বাবা মারা গেছে অনেক আগেই। আমাদের মা আমাদের অনেক কষ্ট করে লালনপালন করেছেন। উৎপলই ছিল আমাদের সংসারের একমাত্র ভরসা। আমার মা এখনো বেঁচে আছেন। তাঁর সামনে ভাইয়ের মরদেহ নিয়ে কীভাবে যাব জানি না।’
এ ঘটনায় গতকাল রোববার সকালে আশুলিয়া থানায় ওই শিক্ষার্থী ও অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বলেন, ‘আমরা ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করতে অভিযানে আছি। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।’

জয়পুরহাট পৌর শহরে পারিবারিক কলহ ও কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে নিজের ছেলে নাইম ইসলাম ইয়ামিনকে (২০) শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা লুৎফর রহমান পলাতক রয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা বানু খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে...
১৭ মিনিট আগে
স্থানীয় আব্বাস উদ্দিন কুটির ছেলে টগরের নেতৃত্বে এ ঘটনা ঘটানো হয়েছে। টগর একসময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর টগর ও তাঁর সহযোগীরা একাধিকবার তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয়।
১৮ মিনিট আগে
পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে অফিস সহকারী জলিলুর রহমানের অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার সকালে ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেয়।
৩৯ মিনিট আগে
মানিকগঞ্জ সদর উপজেলার কালীগঙ্গা নদীতে সাগর আহমেদ নামে এক যুবকের মৃত্যুর চার দিন পর রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পিবিআই। সংস্থাটির ভাষ্য, মাদক-সংক্রান্ত বিরোধে কয়েকজনের তাড়া খেয়ে তিনি নদীতে ঝাঁপ দেন। এ ঘটনায় প্রধান আসামি আনোয়ার হোসেন আনুকে গ্রেপ্তার করা হয়েছে।
১ ঘণ্টা আগে