বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় খালাস পেয়েছেন একজন। আজ বুধবার সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, সিলেটের কানাইঘাট উপজেলার আবুল হোসেন (২৫), খালপাড় তালবাড়ির ফয়সাল আহমদ (২৭), সুনামগঞ্জের তাহিরপুরের বিরেন্দ্রনগরের (বাগলী) মামুনুর রশীদ (২৫) ও কানাইঘাটের ফালজুর গ্রামের আবুল খায়ের রশীদ আহমদ (২৫)।
মামলার আসামি সিলেট নগরের রিকাবীবাজার এলাকার শফিউর রহমান ফারাবিকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে এবং এই মামলার একমাত্র জবানবন্দি প্রদানকারী মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহীর কারাগারে মৃত্যু হওয়ায় তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী মোমিনুর রহমান টিটু এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এই মামলার চার আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আবুল খায়ের রশীদ আহমদ এবং শফিউর রহমান ফারাবী উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি পলাতক রয়েছেন। এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এ রকম সন্ত্রাস এবং খুন করে কেউ রেহাই পাবে না, তা আবারও প্রমাণ হয়েছে।’
আসামি পক্ষের আইনজীবী আব্দুল আহাদ বলেন, ‘আইনের ব্যত্যয় ঘটিয়ে এই রায় দেওয়া হয়েছে। কোনোভাবেই অভিযুক্তদের অপরাধ প্রমাণ করা যায়নি। তাঁদের সঙ্গে অনন্ত বিজয়ের বিন্দুমাত্র সম্পর্কও পাওয়া যায়নি। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাব।’
এর আগে গত ১৪ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঘোষণা করেন সিলেটের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লব।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে প্রতিদিনের মতো অফিসে যেতে সকালে সিলেট নগরীর সুবিদবাজারের নুরানি আবাসিক এলাকার বাসা থেকে বের হয়েছিলেন ব্যাংক কর্মকর্তা অনন্ত বিজয় দাশ। বাসা থেকে বের হয়ে মূল সড়কে আসার পরপরই আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা করে। তখন প্রাণভয়ে দৌড়াতে থাকেন অনন্ত। শেষে বাড়ির পাশে দস্তিদার দিঘির সামনে নিয়ে তাঁকে কোপায় দুর্বৃত্তরা। অনন্তের চিৎকার শুনে বাসা থেকে বেরিয়ে আসেন তাঁর বোন। অনন্তকে হাসপাতালে নিতে তিনি উপস্থিত ব্যক্তিদের সাহায্য চাইলেও ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে আহত অনন্তকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
অনন্তকে হত্যার পরদিনই তাঁর বড় ভাই রত্নেশ্বর দাশ সিলেট বিমানবন্দর থানায় অজ্ঞাতনামা চারজনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বিজ্ঞান বিষয়ে লেখালেখির কারণে অনন্তকে ‘উগ্র ধর্মান্ধ গোষ্ঠী’ পরিকল্পিতভাবে হত্যা করেছে। প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করলেও পরে তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরিত হয়।
সিআইডির পরিদর্শক আরমান আলী তদন্ত করে ২০১৭ সালের ৯ মে সম্পূরক অভিযোগপত্র আদালতে জমা দেন। এতে সন্দেহভাজন হিসেবে আটক ১০ জনকে অব্যাহতির সুপারিশ করে ৬ জনকে অভিযুক্ত করা হয়। আসামিদের মধ্যে রয়েছেন, শফিউর রহমান ফারাবী, মান্নান ইয়াহইয়া ওরফে মান্নান রাহী, আবুল খায়ের রশীদ আহমেদ, আবুল হোসেন ওরফে আবুল হুসাইন, হারুনুর রশীদ ও ফয়সল আহমদ। এই মামলার আসামিদের মধ্যে ফারাবী ও আবুল খায়ের বর্তমানে কারাগারে রয়েছে। অপর আসামি মান্নান রাহী কারাগারে মারা গেছেন। অপর তিন আসামি প্রথম থেকেই পলাতক রয়েছে।
এই মামলায় সাক্ষী ছিলেন ২৯ জন। তবে সাক্ষীদের আদালতে হাজির করতে না পারায় অন্তত ১৫ দফা পেছায় মামলার শুনানি। এ ছাড়া করোনার কারণেও দীর্ঘদিন বন্ধ ছিল মামলার কার্যক্রম। ২০১৭ সালের ২৩ মে অভিযোগ গঠনের মাধ্যমে বিচারকাজ শুরু হয়েছিল। ২০২০ সালে মামলাটি বিচারের জন্য সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে স্থানান্তরিত হয়। এতে গতি আসে মামলার কার্যক্রমে।

নাটোরের লালপুরে কয়েকটি হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি করে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ২০ হাজার টাকা করে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা একটি হুমকিপত্র রেখে গেছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে ২৪ ঘণ্টার মধ্যে বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ না করলে পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে...
১৬ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হাইল হাওর থেকে একটি অজগর সাপ উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। আজ রোববার সকালে ধান রোপণের জন্য জমি পরিষ্কার করার সময় স্থানীয় কৃষকেরা সাপটি দেখতে পান...
২৮ মিনিট আগে
বগুড়া শহর থেকে কয়েক কিলোমিটার দূরে করতোয়া নদীর নির্জন পাড়ের জঙ্গলে তাঁবু টাঙিয়ে গড়ে তোলা হয়েছিল একটি অস্থায়ী আস্তানা। জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) দাবি, ওই আস্তানা থেকে মাদক ব্যবসা, অস্ত্রের মহড়া, অপহরণ, মুক্তিপণ আদায় ও নির্যাতনের মতো অপরাধ পরিচালনা করত একটি চক্র।
৩৩ মিনিট আগে
রাজধানীর কলাবাগানে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শাশুড়ির মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ফারজানা আক্তার রাত্রি (২১) ও তাঁর মা ফিরোজা বেগম (৩৪)। আজ রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কলাবাগান থানাধীন কাঁঠালবাগানে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে