
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে ট্রলারের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ মো. হোসেনের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ৩৬ ঘণ্টা পর শনিবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৭ টায় মিটফোর্ড ঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে গত বৃহস্পতিবার রাতে সোয়ারীঘাট থেকে জিনজিরা গুদারা ঘাটে পারাপারের সময় মাঝ নদীতে একটি দ্রুতগামী ট্রলার যাত্রীবাহী নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ছয়জনের মধ্যে পাঁচ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাঁতার না জানা হোসেন পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর আজ সকালে তার মরদেহ ভেসে ওঠে। নিহত যুবক কেরানীগঞ্জের জিনজিরা রসুলপুর এলাকার সৌদিপ্রবাসী মোহাম্মদ ইদ্রিসের ছেলে।
বরিশুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানিক মৃধা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।