
চীনের ঝেজিয়াং প্রদেশে প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর একটি বহুতল ভবনের ১৮ তলা থেকে লাফ দিয়েও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন ২০ বছর বয়সী এক তরুণী। নিচে থাকা একটি গাছ তাঁর পতনের গতি কমিয়ে দেওয়ায় মৃত্যুর হাত থেকে রক্ষা পান তিনি। তবে মাথা, ফুসফুস, যকৃৎ, প্লিহাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পেয়েছেন ওই তরুণী। তাঁর চিকিৎসার ব্যয় মেটাতে এখন হিমশিম খাচ্ছে পরিবার।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি গত ১২ জুলাই ভোর ৪টার দিকে চীনের ঝেজিয়াং প্রদেশের জিয়াশিং শহরের। ওই তরুণীর পরিচয় গোপন রাখতে তাঁকে ‘শিয়াওই’ ছদ্মনামে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যদের ভাষ্য, ওই দিন ভাড়া করা অ্যাপার্টমেন্টে প্রেমিকের সঙ্গে কয়েক ঘণ্টা ধরে তর্কবিতর্ক চলছিল শিয়াওইয়ের। তিনি আগেই এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং গত ১০ জুলাই নিজ শহর ইউনান প্রদেশে ফিরে যাওয়ার জন্য ট্রেনের টিকিটও কেটেছিলেন। কিন্তু তাঁর প্রেমিক তাঁকে যেতে দিচ্ছিলেন না।
তরুণীর পরিবারের অভিযোগ, ১১ জুলাই রাতে আবারও ঝগড়া শুরু হলে প্রেমিক তাঁকে বাসা থেকে বের হতে বাধা দেন। এ সময় তিনি শিয়াওইয়ের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন নিয়ে নেন এবং অ্যাপার্টমেন্টের দরজা বাইরে থেকে আটকে দেন।
পরিবারের দাবি, সেখান থেকে বের হওয়ার আর কোনো উপায় না দেখে মরিয়া হয়ে ১৮ তলার বারান্দা থেকে লাফ দেন শিয়াওই।
অবিশ্বাস্য হলেও সত্য, নিচে থাকা একটি গাছ তাঁর পতনের গতি অনেকটাই কমিয়ে দেয়। পরে তিনি ঝোপঝাড়ের ওপর পড়ে গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান।
ঘটনার পর তাঁর প্রেমিকই তাঁকে দ্রুত কাছের একটি হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার প্রাথমিক খরচ হিসেবে ২০ হাজার ইউয়ান (প্রায় ৩ হাজার মার্কিন ডলার) পরিশোধ করেন।
চিকিৎসকেরা জানান, শিয়াওইয়ের মাথা, ফুসফুস, যকৃৎ ও প্লিহায় গুরুতর আঘাত লেগেছে। এ ছাড়া তাঁর শ্রোণি, পিউবিক হাড় ও দুই পা ভেঙে গেছে। ইতিমধ্যে তাঁর দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। গত জুলাইয়ের শেষ দিকে আরও একটি অস্ত্রোপচার করার পরিকল্পনা ছিল, কিন্তু অর্থসংকটে সেটি হয়নি।
চেতন ফেরার পর শিয়াওই পরিবারের সদস্যদের পুরো ঘটনার বর্ণনা দেন। তাঁর চাচা লি বলেন, ‘ওদের মধ্যে আগেও একাধিকবার ঝগড়া হয়েছিল। ওই দিন সারা রাত ঝগড়ার পর আমার ভাতিজির মাথা ঘুরছিল। তখন তার একমাত্র চিন্তা ছিল যেকোনোভাবে ফ্ল্যাট থেকে বের হয়ে প্রেমিকের কাছ থেকে দূরে চলে যাওয়া।’ তবে তিনি জানান, শিয়াওই এখন নিজের ওই তাৎক্ষণিক সিদ্ধান্তের জন্য অনুতপ্ত।
ঘটনার পর চিকিৎসার ব্যয়ের বোঝাও বড় সংকট হয়ে দাঁড়িয়েছে পরিবারটির জন্য। ২০২২ সালে শিয়াওইয়ের মায়ের ক্যানসার ধরা পড়ে। তাঁর চিকিৎসার জন্য পরিবারের সব সঞ্চয় শেষ হয়ে যায়, এমনকি ঋণও নিতে হয়।
এদিকে শিয়াওইয়ের চিকিৎসার ব্যয় ইতিমধ্যে ১ লাখ ইউয়ান (প্রায় ১৫ হাজার মার্কিন ডলার) ছাড়িয়েছে। এর মধ্যে এখনো প্রায় ৬০ হাজার ইউয়ান হাসপাতালের কাছে বকেয়া রয়েছে।
চিকিৎসার খরচ জোগাতে পরিবারটি অনলাইনে অর্থ সংগ্রহের উদ্যোগ নেয়। এ পর্যন্ত প্রায় ৯০ হাজার ইউয়ান অনুদান পাওয়া গেছে। তবে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও পুনর্বাসনের ব্যয় কীভাবে মেটানো হবে, তা নিয়ে পরিবারটি উদ্বিগ্ন।
এ ঘটনার পর শিয়াওইয়ের পরিবার তাঁর প্রেমিককে হাসপাতালে দেখা করতে দিতে অস্বীকৃতি জানায়। তাঁদের আশঙ্কা ছিল, তাঁর উপস্থিতি শিয়াওইয়ের মানসিক অবস্থার আরও অবনতি ঘটাবে।
পরিবারের অভিযোগ, নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই ব্যক্তি কয়েকবার হাসপাতালের কক্ষে প্রবেশের চেষ্টা করেন। পরে তাঁরা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁকে হাসপাতাল থেকে চলে যেতে বলে।
শিয়াওইয়ের চাচা লি বলেন, ‘আমার ভাতিজি সত্যিই ভাগ্যবতী। যে জায়গায় সে পড়েছে, তার কয়েক ফুট দূরেই ছিল শক্ত সিমেন্টের মেঝে। সেখানে পড়লে সে মরে যেত।’

কুকুর-বিড়াল বা পোষা প্রাণী নিয়ে প্রতিযোগিতার বিষয়টি নতুন নয়। তবে এই প্রতিযোগিতাটি কিছুটা ব্যতিক্রমীই! এই প্রতিযোগিতায় বাছাই করা হয় বিশ্বের সবচেয়ে কুৎসিত দেখতে কুকুরটিকে। আর এ প্রতিযোগিতার ৫০তম আসরটি আয়োজিত হয়েছিল এ বছর।
২ দিন আগে
অনলাইন বন্ধকি ঋণদাতা প্রতিষ্ঠান বেটার হোম অ্যান্ড ফাইন্যান্সের ভারতীয় বংশোদ্ভূত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশাল গর্গ ২০২১ সালের ডিসেম্বরে এক নির্মম জুম কলে প্রায় ৯০০ কর্মীকে ছাঁটাই করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।
৩ দিন আগে
জাহাজের ফগহর্ন বাজিয়ে এক ঘুমন্ত মেরুভালুককে জাগানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার নরওয়েজিয়ান ক্রোনার জরিমানা করা হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ লাখ ৫০ হাজার টাকা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি চলতি মাসের শুরুতে উত্তর মেরু থেকে প্রায় ৬২০ মাইল দূরে অবস্থিত নরওয়ের...
৩ দিন আগে
বেলজিয়ামের ১৮ বছর বয়সী শিক্ষার্থী কোবে। গ্রীষ্মকালীন ছুটিতে নির্মাণশ্রমিকের কাজ করতে গিয়ে আবিষ্কার করে ফেলেছেন বিশাল এক স্বর্ণভান্ডার। একটি নির্মাণ সাইটে খণ্ডকালীন কাজ করছিলেন তিনি। সেখানে একটি পয়োনিষ্কাশন ব্যবস্থার জন্য নর্দমা খুঁড়তে গিয়ে তিনি খুঁজে পান প্রায় ৯০ লাখ ইউরো...
৪ দিন আগে