Ajker Patrika

এআই দ্বারা মানুষ নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা ১০ শতাংশের বেশি—অ্যানথ্রপিক গবেষকের দাবি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ১১
এআই দ্বারা মানুষ নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা ১০ শতাংশের বেশি—অ্যানথ্রপিক গবেষকের দাবি
এআই কোম্পানিগুলোকে এই প্রতিযোগিতা বন্ধ করার দাবিতে সান ফ্রান্সিসকোতে বিক্ষোভকারীরা একটি ব্যানার বহন করছেন। ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।

হিউবিঙ্গার বলেন, বর্তমানে বিদ্যমান এআই মডেলগুলো কম ঝুঁকিপূর্ণ। তবে তিনি উদ্বিগ্ন, প্রযুক্তিটি খুব দ্রুত এমন পর্যায়ে পৌঁছাতে পারে, যেখানে এআই নিজেই নিজের সক্ষমতা উন্নত করতে পারবে এবং শেষ পর্যন্ত মানবজাতির অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠবে।

ভবিষ্যতে ঠিক কীভাবে এআই মানুষের বিলুপ্তি ঘটাতে পারে, সেই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি হিউবিঙ্গার। তবে তাঁর মন্তব্যটি এআই নিরাপত্তা নিয়ে সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান উদ্বেগেরই প্রতিফলন। বিতর্ক এখন শুধু এআই আদৌ মানবজাতির জন্য ঝুঁকি কি না—সেখান থেকে সেই ঝুঁকি কতটা বড়, তা নিয়ে কেন্দ্রীভূত হচ্ছে।

হিউবিঙ্গারের মন্তব্যের পর অ্যানথ্রপিকের সাবেক গবেষক ও আগে ওপেনএআইয়ে কর্মরত জ্যাকব কক্সনও এআই প্রতিষ্ঠানগুলোর ভূমিকা নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, অ্যানথ্রপিক ও ওপেনএআই—কোনো প্রতিষ্ঠানই দায়িত্বশীলভাবে কাজ করছে না। তাঁর দাবি, খুব শিগগির এমন ‘সুপারহিউম্যান’ এআই ব্যবস্থা তৈরি হতে পারে, যা যে কোনো কিছু হ্যাক করতে পারবে, রাতারাতি বিভিন্ন ক্ষেত্র বদলে দিতে পারবে এবং বাস্তব ক্ষমতা ও সম্পদ অর্জন করতে সক্ষম হবে।

এদিকে এসব মন্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন জাতিসংঘকে এআই বিষয়ে পরামর্শ দেওয়া কম্পিউটার বিজ্ঞানী ডেম ওয়েন্ডি হল। তাঁর মতে, এই ধরনের বক্তব্যের কিছু অংশ প্রচারণা বা বিপণন কৌশলও হতে পারে। তবে তিনি বলেন, যদি প্রতিষ্ঠানগুলোর মূল্যবোধ সত্যিই এমন হয়, তাহলে বিনিয়োগকারীদের সেখানে বিনিয়োগ না করার আহ্বান জানানো উচিত।

সাবেক ব্রিটিশ সরকারি কর্মকর্তা ড্যারেন জোন্স এআইয়ের নিরাপদ বিকাশ নিশ্চিত করতে একটি নতুন বহুজাতিক চুক্তির আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, সুপার ইন্টেলিজেন্স বা অতিমানবীয় বুদ্ধিমত্তার বিকাশ নিয়ে সরকারগুলোকে এখনই একসঙ্গে কাজ করতে হবে।

অন্যদিকে ‘ফাইন্যান্সিয়াল টাইমস’ জানিয়েছে, অ্যানথ্রপিক তাদের সর্বশেষ এআই মডেল যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউটের (এআইএসআই) কাছে মূল্যায়নের জন্য দেয়নি। প্রতিষ্ঠানটি এই বিষয়ে মন্তব্য করেনি।

অ্যানথ্রপিকের আগস্টের নিরাপত্তা প্রতিবেদনে বলা হয়েছিল, অত্যন্ত সক্ষম এআই স্বয়ংক্রিয়ভাবে গবেষণা ও উন্নয়ন পরিচালনা করে বিপর্যয়কর ক্ষতি ঘটাতে পারে—এমন ঝুঁকি বর্তমানে কম। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগের তুলনায় এই মূল্যায়নের বিষয়ে তারা কম আত্মবিশ্বাসী এবং ‘সম্ভাব্য ত্বরণের প্রাথমিক লক্ষণ’ দেখা যাচ্ছে।

সম্প্রতি ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা—তিন প্রতিষ্ঠানই তাদের এআই ব্যবস্থার মাধ্যমে সংঘটিত সাইবার হামলার কথা প্রকাশ করেছে। এআইয়ের অগ্রগতি নিয়ে উদ্বেগ জানিয়ে ওপেনএআইয়ের প্রধান বিজ্ঞানী ইয়াকুব পাচোকিও ‘চরম সতর্কতার’ আহ্বান জানিয়েছেন। এদিকে এআই উন্নয়নের গতিনিয়ন্ত্রণের দাবিতে ১ হাজার ৩০০ এআই কর্মীও আন্তর্জাতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত