
প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ‘২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার যে লক্ষ্য আমাদের রয়েছে, তা অর্জনে এআইয়ের (কৃত্রিম বুদ্ধিমত্তা) ভূমিকা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কৃত্রিম বুদ্ধিমত্তা ইতিমধ্যেই বিশ্বজুড়ে বিভিন্ন দেশের অর্থনীতি, শিল্প খাত ও সমাজব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। তাই এআইয়ের সম্ভাবনাকে গ্রহণ ও কার্যকরভাবে কাজে লাগানোর সক্ষমতা বাংলাদেশের অগ্রযাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
আজ বৃহস্পতিবার গ্রামীণফোনের ‘এআই অ্যান্ড আই ডে’ উপলক্ষে রাজধানীর বসুন্ধরায় জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রেহান আসিফ আসাদ এসব কথা বলেন। অনুষ্ঠানে গ্রামীণফোনের ‘ওয়ানএআই’ সেবার উদ্বোধন করেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশের ডিজিটাল অর্থনীতির বিপুল সম্ভাবনা রয়েছে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পরবর্তী ধাপ বাস্তবায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওয়ানএআই-এর মতো বিশেষ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এআইকে সহজলভ্য করে তুলতে গ্রামীণফোনের এমন অগ্রণী ভূমিকা দেখে আমি অত্যন্ত আশাবাদী। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি সাশ্রয়ী উপায়ে এআই টুল ব্যবহারের সুযোগ তৈরি করবে, যা তাদের পড়াশোনা, গবেষণা এবং দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে।’
অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে মাইজিপি অ্যাপে একটিমাত্র ইন্টারফেস এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহার করা যাবে একাধিক এআই মডেল ও টুল। বাংলাদেশে এআই ব্যবহার আরও গতিশীল করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ ব্যবহারকারীদের জন্য অত্যাধুনিক এআই টুলগুলোকে আরও সহজ, সুলভ ও সাশ্রয়ী করে তুলবে এই সেবা। ওয়ানএআই প্ল্যাটফর্মে ব্যবহার করা যাবে চ্যাটজিপিটি, ক্লড, গ্রক, ডিপসিক, জেমিনিসহ আরও অনেক এআই মডেল। একাধিক এআই প্ল্যাটফর্ম ও সাবস্ক্রিপশন আলাদাভাবে ব্যবহার করার প্রয়োজনীয়তা দূর করে ওয়ানএআই গ্রাহককে দেবে দৈনন্দিন বিভিন্ন প্রয়োজনে নির্বিঘ্নে এআই ব্যবহারের সুযোগ। যার মধ্যে রয়েছে শেখা ও গবেষণা, কনটেন্ট লেখা, কোডিং ও সফটওয়্যার ডেভেলপমেন্ট, সৃজনশীল কাজ, এআই দিয়ে ছবি তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ ও সারসংক্ষেপ তৈরিসহ অন্যান্য এআইনির্ভর কাজ।
মাইজিপি অ্যাপ থেকে মোবাইল ব্যালেন্সের মাধ্যমে এআই মডেলগুলোর পছন্দসই বিভিন্ন প্যাকেজ কিনতে পারবেন গ্রাহকেরা। শিক্ষার্থীদের জন্য প্যাকেজ শুরু হচ্ছে প্রতি মাসে মাত্র ৭১ টাকা থেকে। এর মাধ্যমে আনলিমিটেড এআই চ্যাটের পাশাপাশি গবেষণা, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন এবং কোডিং সহায়তার সুবিধা পাওয়া যাবে।
গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ‘মাইজিপি অ্যাপে ওয়ানএআই যুক্ত করার মাধ্যমে আমরা কোটি কোটি গ্রাহকের—বিশেষ করে শিক্ষার্থীদের হাতে এআইয়ের সম্ভাবনা সরাসরি পৌঁছে দিচ্ছি। যা তাদের শেখা, কাজ, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের পথকে আরও সহজ করে তুলবে। পাশাপাশি, গ্রামীণফোন একাডেমি ও ফিউচারমেকার্সের মতো উদ্যোগের মাধ্যমে আমরা শিক্ষার্থী ও তরুণদের এআই দক্ষতা তৈরি করতে এবং তাদের উদ্ভাবনী ভাবনাকে অর্থপূর্ণ সমাধানে রূপান্তর করতে সহায়তা করছি।’
অনুষ্ঠানে ওয়ানএআই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিরুল হক, গ্রামীণফোন ম্যানেজমেন্ট টিম (ব্যবস্থাপনা দল) ও কর্মীরা উপস্থিত ছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের দ্রুত অগ্রগতিতে আগামী এক দশকের মধ্যে মানবজাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঝুঁকি ১০ শতাংশের বেশি বলে মনে করেন অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় এআই নিরাপত্তা গবেষক ইভান হিউবিঙ্গার। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এই আশঙ্কার কথা জানিয়েছেন।
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে উদ্বেগ আর সতর্কতা বাড়ছেই। এবার অ্যানথ্রপিকের শীর্ষস্থানীয় গবেষক ইভান হুবিঙ্গার বললেন, এআই এত দ্রুত এগোচ্ছে যে, আগামী এক দশকের মধ্যে এটি সব মানুষকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারে এমন সম্ভাবনা ১০ শতাংশের বেশি। এআইয়ের লক্ষ্য ও মানুষের মূল্যবোধের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার...
৭ ঘণ্টা আগে
ক্যাসপারস্কির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে এশিয়া-প্যাসিফিকের আট দেশে আক্রান্ত প্রতি ব্যবহারকারীর শনাক্ত মোবাইল হুমকি ৪৯ শতাংশ বেড়েছে। বাংলাদেশে শনাক্ত মোবাইল হুমকি ১০৮ শতাংশ বেড়ে ১ হাজার ৮৫৯টিতে পৌঁছেছে।
১ দিন আগে
প্রায় এক দশকের অপেক্ষা। অবশেষে আজ বুধবার বাজারে আসতে যাচ্ছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ৭. ৮ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে, ৫. ৫ ইঞ্চি বাইরের স্ক্রিন এবং উন্নত হিঞ্জসহ ডিভাইসটির সম্ভাব্য দাম ২ হাজার ১৯৯ ডলার পর্যন্ত হতে পারে।
১ দিন আগে