Ajker Patrika

চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ০৬ অক্টোবর ২০২৬, ২৩: ০৩
চট্টগ্রামের দুই মার্কেটে ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডে ইন্টারনেট সেবা প্রদানে নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে মার্কেট (বিপণিবিতান) কর্তৃপক্ষের বিরুদ্ধে। এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

গতকাল সোমবার বিটিআরসির প্রধান কার্যালয়ে কমিশন, সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে আইএসপিএবির পক্ষ থেকে মেরিডিয়ান কোহিনূর সিটির ইন্টারনেট সেবা ব্যবস্থাপনার বিষয়টি তুলে ধরা হয়। সংগঠনটির অভিযোগ, মার্কেট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহারের জন্য ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এককালীন ১ লাখ টাকা এবং মাসিক ইন্টারনেট আয়ের ৩৫ শতাংশ হারে সেবা ফি নেওয়া হচ্ছে।

এ বিষয়ে বৈঠকে বিটিআরসি সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করে। বৈধ লাইসেন্সধারী আইএসপির মাধ্যমে গ্রাহকদের ইন্টারনেট সেবা গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত কোনো চার্জ না নেওয়া এবং অযৌক্তিক বাধা সৃষ্টি না করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে বালি আর্কেডের ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষ একটি আইএসপি থেকে ইন্টারনেট সংযোগ নিয়ে সেটিকে নিজেদের ইউটিলিটি সেবা হিসেবে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে সরবরাহ করছে বলে বৈঠকে অভিযোগ করা হয়। পাশাপাশি গ্রাহকদের কাছ থেকে সরাসরি ইন্টারনেট বিল আদায়ের বিষয়টিও বিটিআরসিকে জানায় আইএসপিএবি।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের দোকান, অফিস এবং অন্যান্য স্বতন্ত্র গ্রাহক নিজেদের পছন্দ অনুযায়ী বিটিআরসির বৈধ লাইসেন্সধারী যেকোনো আইএসপি থেকে কমিশন অনুমোদিত ট্যারিফ অনুযায়ী ইন্টারনেট সেবা নিতে পারবেন।

তবে মার্কেট দুটিতে ফাইবার কেবলের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতা করতে আইএসপিএবিকে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া ভবিষ্যতে কোনো ভবন, মার্কেট, বাণিজ্যিক কমপ্লেক্স, আবাসিক এলাকা বা আবাসন প্রকল্পে নির্দিষ্ট কোনো আইএসপির মাধ্যমে একচেটিয়া বা দ্বৈত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা তৈরি বা বজায় রাখতে কোনো আইএসপি সহযোগিতা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সতর্কবার্তা দিয়েছে বিটিআরসি। প্রচলিত আইন, লাইসেন্সের শর্ত ও বিটিআরসির নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট আইএসপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বৈঠকে জানানো হয়।

এ বিষয়ে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম বলেন, গ্রাহকের পছন্দ অনুযায়ী সেবাদাতা নির্বাচনের স্বাধীনতা, আইএসপিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা এবং বৈধ লাইসেন্সধারী সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তারা বিটিআরসি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করবেন।

আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞাঁ বলেন, ‘আমরা আশা করি, বিটিআরসির নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট মার্কেট ও স্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকের পছন্দের স্বাধীনতা এবং বৈধ আইএসপিগুলোর সমানভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত