
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দেওয়া সব তথ্যকে ‘অন্ধভাবে বিশ্বাস’ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান নির্বাহী (সিইও) সুন্দর পিচাই। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
সুন্দর পিচাই বলেন, এআই মডেলগুলো ‘ভুল করার প্রবণতা’ রাখে। শুধুমাত্র এআই প্রযুক্তির ওপর নির্ভর না করে অন্যান্য উপায়েও যাচাই করা উচিত।
তিনি বলেন, ‘এ কারণেই মানুষ গুগল সার্চ ব্যবহার করে, আর আমাদের আরও কিছু পণ্য আছে যেগুলো সঠিক তথ্য সরবরাহে বেশি নির্ভরযোগ্য।’
যদিও এআই টুলস সৃজনশীলভাবে কিছু লিখতে চাইলে সহায়ক, তবু পিচাই বলেন, এই টুলগুলো যেসব কাজে ভালো, সেভাবে ব্যবহার করতে হবে এবং এদের বলা সবকিছু অন্ধভাবে বিশ্বাস করা যাবে না।
তিনি বিবিসিকে বলেন, ‘আমরা যতটা সম্ভব সঠিক তথ্য দেওয়ার জন্য বিপুল পরিমাণ পরিশ্রম করি। তবে বর্তমান আধুনিক এআই প্রযুক্তিতেও কিছু ভুল হওয়ার প্রবণতা আছে।’
প্রযুক্তি দুনিয়া গুগলের নতুন ভোক্তাবিষয়ক এআই মডেল জেমিনি ৩.০–এর সর্বশেষ উন্মোচনের অপেক্ষায় ছিল। ইতোমধ্যেই এই মডেল চ্যাটজিপিটি থেকে হারানো বাজারের অংশ ফিরে পেতে শুরু করেছে।
এ বছরের মে মাস থেকে গুগল সার্চে নতুন একটি ‘এআই মোড’ যুক্ত করা শুরু করে, যেখানে ব্যবহারকারীরা যেন কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলছেন এমন অভিজ্ঞতা দিতে জেমিনি চ্যাটবটকে সংযুক্ত করা হয়েছে। সে সময় পিচাই জানান, সার্চে জেমিনির সংযুক্তি এআই প্ল্যাটফর্ম রূপান্তরের এক নতুন ধাপ নির্দেশ করে।
চ্যাটজিপিটির মতো এআই সেবার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে গুগলের এই উদ্যোগ।
এ বছরের শুরুর দিকে বিবিসির এক গবেষণায় দেখা যায়, এআই চ্যাটবটগুলো সংবাদ প্রতিবেদন ভুলভাবে সংক্ষেপ করেছে। বিবিসির কনটেন্ট নিয়ে প্রশ্ন করা হলে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি, মাইক্রোসফটের কোপাইলট, গুগলের জেমিনি এবং পারপ্লেক্সিটি এআই সবগুলোই ভুল তথ্য দিয়েছে বলে গবেষণায় উঠে এসেছে। গবেষণা অনুযায়ী এআই–এর দেওয়া উত্তরে ‘উল্লেখযোগ্য ভুলত্রুটি’ ছিল।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সুন্দর পিচাই বলেন, প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে এবং সম্ভাব্য ক্ষতিকর প্রভাব ঠেকাতে যে ধরনের নিরাপত্তাব্যবস্থা যুক্ত করা হচ্ছে তার মধ্যে টানাপোড়েন তৈরি হচ্ছে।
সুন্দর পিচাই বলেন, অ্যালফাবেটের ক্ষেত্রে এই টানাপোড়েন সামলানোর অর্থ হলো ‘একই সঙ্গে সাহসী এবং দায়িত্বশীল থাকা।’
তিনি বলেন, ‘আমরা এই সময়টিকে দ্রুত অতিক্রম করছি। আমার মনে হয় ভোক্তারাও এটি চাইছেন।’
পিচাই জানান, এআই–এ বিনিয়োগ বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে গুগল এআই নিরাপত্তায়ও বিনিয়োগ বাড়িয়েছে। তিনি বলেন, ‘উদাহরণ হিসেবে বলা যায়, আমরা এমন প্রযুক্তি ওপেন সোর্স করছি, যার মাধ্যমে বোঝা যাবে কোনো ছবি এআই–এর তৈরি কি না।’
প্রযুক্তি ধনকুবের ইলন মাস্ক ওপেনএআই–এর প্রতিষ্ঠাতাদের বলেছিলেন, গুগলের মালিকানাধীন ডিপমাইন্ড এআই–নির্ভর এক ধরনের ‘স্বৈরতন্ত্র’ তৈরি করতে পারে। এ প্রসঙ্গে জানতে চাইলে পিচাই বলেন, ‘এত শক্তিশালী প্রযুক্তির মালিকানা কোনো একক কোম্পানির হাতে থাকা উচিত নয়।’
বর্তমানে এআই নিয়ে বহু কোম্পানি কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, ‘যদি একটিমাত্র কোম্পানি এআই প্রযুক্তি তৈরি করত এবং সবাইকে সেটাই ব্যবহার করতে হতো, তাহলে আমিও উদ্বিগ্ন হতাম। কিন্তু আমরা এখনো সেই পরিস্থিতি থেকে অনেক দূরে।’

ক্যালিফোর্নিয়ার ২০ বছর বয়সী তরুণী কেলি এবং তাঁর মা এই মামলাটি দায়ের করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, মেটা, গুগল (ইউটিউব), স্ন্যাপচ্যাট ও টিকটক পরিকল্পিতভাবে শিশুদের এসব অ্যাপে আসক্ত করে ফেলে। কেলির দাবি, শৈশব থেকে এই অ্যাপগুলোর ব্যবহারের ফলে তিনি উদ্বেগ, বডি ডিসমরফিয়া (নিজের চেহারা নিয়ে হীনম্মন্যতা)...
২ ঘণ্টা আগে
রাশিয়ার গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত হ্যাকাররা জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলো ব্যবহার করে ব্যাপক সাইবার হামলা চালাচ্ছে। উচ্চপদস্থ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাকের উদ্দেশ্যে এই হামলা চালানো হচ্ছে বলে সতর্কবার্তা জারি করেছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (এফবিআই)।
৮ ঘণ্টা আগে
ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মের মালিক মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। এসব প্ল্যাটফর্মে শিশুদের নিরাপত্তার বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছে।
১২ ঘণ্টা আগে
সাবস্ক্রিপশনভিত্তিক বিতর্কিত স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওনলিফ্যানস’ (OnlyFans)-এর মালিক লিওনিদ রাদভিনস্কি মারা গেছেন। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে ৪৩ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ সোমবার সংস্থার পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
২ দিন আগে